ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯৯ সংসদীয় আসনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ব্যালট পেপার ও নির্বাচনী মালামাল পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার প্রথম দিনে ৮৪টি, বৃহস্পতিবার ১৭৪টি এবং শুক্রবার ৪১টি সংসদীয় আসনে এসব সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে।
ইসি সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, "একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে প্রেস থেকে ব্যালট পেপার বুঝিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া এই বারের নির্বাচনে প্রথমবারের মতো ব্যবহারিতব্য অমোচনীয় কালির কলম, সিলগালা, প্যাড, মার্কিন ও ব্রাশ সিলসহ প্রয়োজনীয় নির্বাচনী মালামাল কমিশন সচিবালয় থেকে দেওয়া হচ্ছে।"
২৬ ডিসেম্বরের মধ্যে সব রিটার্নিং কর্মকর্তার কাছে এসব সামগ্রী পৌঁছে যাবে বলে জানান তিনি।
ইসির প্রশাসনিক কর্মকর্তা এএম শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার দুপুরে বলেন, "আজ প্রথম দিন (বুধবার) ২২টি জেলার ৮৪টি সংসদীয় আসনের নির্বাচনী মালামাল সরবরাহ করা হবে। দুপুর পর্যন্ত ৫৪টি আসনের মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে।"
তিনি জানান, ব্যালট পেপার মুদ্রণের কাজ চলতে থাকায় কিছু আসনের প্রয়োজনীয় সামগ্রী ২৬ ডিসেম্বর বুঝিয়ে দেওয়া হবে।
২৯ ডিসেম্বর নোয়াখালী-১ আসন ছাড়া বাকি ২৯৯ সংসদীয় আসনে নির্বাচন হচ্ছে। এতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার পাঁচশ' ৫৫ জন।
নোয়াখালী-১ আসনে গণতন্ত্রী পার্টির প্রার্থী নূরুল ইসলাম মারা যাওয়ায় আগামী ২৯ ডিসেম্বর এ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে এ আসনে নতুন তফশিল ঘোষণা করা হয়। নতুন তফশিল অনুযায়ী নেয়াখালী-১ আসনে মনোনয়ন দাখিল করেছেন ১৩ জন। এ আসনে নির্বাচন হবে ১২ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/জিএনএ/১৩৪৮ ঘ.
bdnews24