ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 'সভাস্থলের কাছ থেকে' গ্রেনেড উদ্ধার হওয়ার ঘটনার প্রতিবাদে এবং এর তদন্তের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার রাতে মিছিল করেছে ছাত্রদল।
বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রাম থেকে তিনটি গ্রেনেড উদ্ধার করে র্যাব। এর আগে দুপুর আড়াইটার দিকে গ্রেনেড উদ্ধারস্থলের এক কিলোমিটারের মধ্যেই চান্দিনা পালকি সিনেমা হলের সামনে নির্বাচনী সভা করেন খালেদা জিয়া।
এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে ছাত্রদল কর্মীরা।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, "আমরা শূনতে পেয়েছি, কুমিল্লায় বিএনপি চেয়ারপারসনের জনসভা মঞ্চের পাশে বোমা বিস্ফোরণ হয়েছে। সেখানে বোমাও পাওয়া গেছে। এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র।"
বিএনপি নেত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানায় ছাত্রদল।
সাইফুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে মামুনুর রশীদ মামুন, রুহুল আমিন মনি, আকরাম হোসেন, সাদিউল কবীর নিরব সমাবেশে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএমএ/জেকে/০১৪৫ ঘ.
bdnews24