চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রচারণার মাত্র চারদিন বাকি। চট্টগ্রাম মহানগরীর চারটি আসনে দুই প্রধান পক্ষ মহাজোট ও চারদলীয় জোটের প্রার্থীরা নিজ নিজ এলাকায় সকাল থেকে রাত অবধি জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আচরণ বিধি মেনেই তারা তা করছেন বলে জানা গেছে।
প্রার্থীরা নিজে আর দলীয় নেতাকর্মীরা তো বটেই, তাদের স্ত্রী, কন্যা, পুত্র সবাই মিলে সমাবেশ, মিছিল এবং ঘরে ঘরে প্রচারণার মধ্য দিয়ে ভোট প্রার্থনা করছেন। এছাড়া জোটভুক্ত দলগুলোর কেন্দ্রীয় নেতারাও নিজ নিজ দলের প্রার্থীদের পক্ষে ভোট চাইতে মহানগরীর বিভিন্ন এলাকায় নির্বাচনী সমাবেশে অংশ নিচ্ছেন।
মঙ্গলবার বিকালে নগরীর বাকলিয়ায় চট্টগ্রাম-৮ (কোতোয়ালী) আসনে মহাজোটের প্রার্থী ব্যবসায়ী নুরুল ইসলাম বিএসসি'র সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম। তিনি 'দিনবদলের সনদ' বাস্তবায়ন এবং সুখী সুন্দর দেশ গঠনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান।
এ আসনে চারদলীয় জোট মনোনীত বিএনপি প্রার্থী শামসুল আলমও নগরীর বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
অন্যদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রথমবারের মতো চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে মহাজোট প্রার্থী জাসদের কেন্দ্রীয়নেতা মঈনুদ্দিন খান বাদলের পক্ষে প্রচারণায় অংশ নিলেন। তিনি নগরীর কালুরঘাট এলাকায় ইস্পাহানী স্কুল মাঠে বাদলের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিল্পপতি আবদুচ ছালামও সমাবেশে অংশ নেন।
এর আগে মেয়র মহিউদ্দিনের 'পছন্দের প্রার্থী' আবদুচ ছালামকে মহাজোট থেকে মনোনয়ন না দিলে তিনি বাদলের পক্ষে গণসংযোগে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন। এ আসনে বিএনপি প্রার্থী শিল্পপতি এরশাদ উল্লাহ চান্দগাঁও ও বোয়ালখালীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান অসুস্থ থাকায় তার পুত্র সাঈদ আল নোমান মঙ্গলবার দিনভর গণসংযোগ করেন। তিনি উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে বাবার পক্ষে ভোট চান। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. আফসারুল আমীন গণসংযোগ করেন লালখান বাজার ওয়াডে। বিভিন্ন পথসভায় অংশ নিয়ে তিনি নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান।
এছাড়া চট্টগ্রাম-১০ (পতেঙ্গা) আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বারিক বিল্ডিং ও পতেঙ্গা এলাকায় এবং মহাজোট প্রার্থী আওয়ামী লীগের এম এ লতিফ পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের রেলওয়ে বাস্তুহারা কলোনি, স্টেশন কলোনি, উত্তর ও দক্ষিণ নালাপাড়া এবং কামাল গেইট এলাকায় দিনভর গণসংযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসকে/০০৪৭ঘ.
bdnews24