২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর ও পটুয়াখালীতে শেখ হাসিনার ভিডিও কনফারেন্স

চারদলীয় প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা 'যুদ্ধাপরাধী এম কামারুজ্জামান' কোনোভাবেই যাতে নির্বাচিত হতে না পারে সে দিকে লক্ষ্য রাখার জন্য শেরপুরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে শেরপুরে দলের নেতাকর্মীদের সঙ্গে এক ভিডিও টেলি কনফারেন্সে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 07:06 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা 'যুদ্ধাপরাধী এম কামারুজ্জামান' কোনোভাবেই যাতে নির্বাচিত হতে না পারে সে দিকে লক্ষ্য রাখার জন্য শেরপুরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে শেরপুরে দলের নেতাকর্মীদের সঙ্গে এক ভিডিও টেলি কনফারেন্সে তিনি এ আহ্বান জানান। পটুয়াখালীতেও একইভাবে দলের আওয়ামী লীগ কর্র্মী সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন হাসিনা। শেরপুরের ভিডিও টেলি কনফারেন্স হয় রাতে নিউ মার্কেট চত্বরে। আর পটুয়াখালীতে হয় সন্ধ্যায় শহীদ আলাউদ্দিন শিশু পার্কে। দুটি স্থানে জমায়েত হওয়া কর্মী সমর্থকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন এই সাবেক প্রধানমন্ত্রী। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- শেরপুর: শহরের নিউ মার্কেট চত্বরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা বলেন, "যুদ্ধাপরাধী ও বুদ্ধিজীবীদের হত্যাকারী কামারুজ্জামান শেরপুর-১ (সদর) আসনে চারদলীয় জোটের মনোনয়ন পেয়ে ভোটে দাঁড়িয়েছে। শেরপুরবাসীকে লক্ষ্য রাখতে হবে, যাতে এ যুদ্ধাপরাধী জিততে না পারে।" এ আসনের মহাজোট প্রার্থী আতিউর রহমান আতিককে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করারও আহ্বান জানান তিনি। এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে হাসিনা বলেন, "মহাজোট সরকার গঠন করলে ব্রাহ্মপুত্র নদী ড্রেজিং করে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। বন্যার অভিশাপ থেকে শেরপুরবাসীকে মুক্ত করা হবে।" কনফারেন্সে শেখ হাসিনাকে প্রশ্ন করেন মহাজোট প্রার্থী মো. আতিউর রহমান আতিক, আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল, জাসদ নেতা মনিরুল ইসলাম লিটন এবং জাতীয় পার্টি নেতা আনসার আলী। পটুয়াখালী: সন্ধ্যায় শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশে হাসিনা ভিডিও টেলি কনফারেন্সে বলেন, "এদেশের গরীব-দুখী মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। এদশের মানুষের কল্যাণ করতে চাই, এদশের মানুষের মঙ্গল করতে চাই। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই।" মহাজোট ক্ষমতায় গেলে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কমানো, শিক্ষার হার বাড়ানো এবং অবহেলিত পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের প্রতিশ্র"তি দেন হাসিনা। তিনি বলেন, "দক্ষিণাঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিক উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন তা-ই করা হবে।" নৌকা মার্কায় ভোট দিয়ে পটুয়াখালী-১ আসনে মো. শাহজাহান মিয়াকে নির্বাচিত করারও আহবান জানান তিনি। হাসিনার বক্তৃতার আগে এক জনসভায় পটুয়াখালী-১ আসনের মহাজোট প্রাথী মো. শাহজাহান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/