২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'ডিজিটাল বাংলাদেশ' গড়ার মহড়া শেখ হাসিনার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 'ফেসবুক' এর ব্যাপক ব্যবহারের কথা এখন ইতিহাস। প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সার্বক্ষণিক সঙ্গী ব্ল্যাকবেরি সে-ও আজ বিশ্ববাসীর জানা। আর দুনিয়ার আরেক প্রান্তে, অতি ভঙ্গুর, হাটি হাটি পা পা এক গণতন্ত্রের যাত্রায় একই রকম 'বদলে যাওয়ার' স্লোগান দিয়ে মাঠে নামা একটি রাজনৈতিক দল প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে নিজেদের মতো করে। জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 06:43 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 'ফেসবুক' এর ব্যাপক ব্যবহারের কথা এখন ইতিহাস। প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সার্বক্ষণিক সঙ্গী ব্ল্যাকবেরি সে-ও আজ বিশ্ববাসীর জানা। আর দুনিয়ার আরেক প্রান্তে, অতি ভঙ্গুর, হাটি হাটি পা পা এক গণতন্ত্রের যাত্রায় একই রকম 'বদলে যাওয়ার' স্লোগান দিয়ে মাঠে নামা একটি রাজনৈতিক দল প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে নিজেদের মতো করে। আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স প্রযুক্তি ব্যবহার করছেন কিছুদিন হলো। সারা দেশ ঘোরার মতো শ্রম এবং সময়সাপেক্ষ প্রক্রিয়ার এ বিকল্প কৌশলে প্রায়ই তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। আর এটি তার ভাষায়, 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার প্রথম পদক্ষেপ। এ পর্যন্ত প্রায় ২০ টি জেলার নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন শেখ হাসিনা। মঙ্গলবার রাতে সুধা সদনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ চারটি জাতীয় দৈনিক এবং আরেকটি বার্তা সংস্থার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এরকমই এক ভিডিও কনফারেন্সের সময। রাজধানীর ধানমন্ডিতে সুধা সদনের চারতলায় আয়োজিত এই কনফারেন্সের অন্য প্রান্তে ছিলেন পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশু পার্কে অপেক্ষারত সমর্থকরা। মঞ্চে বসেছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পটুয়াখালীর প্রার্থীরা। শিশু পার্কে আগতরা বিশাল স্ক্রিনে দলীয় প্রধানের জন্য নির্ধারিত চেয়ারটা দেখতে পাচ্ছিলেন। শেখ হাসিনা একসময় এই প্রান্তে বিশেষ ক্যামেরার সামনে বসলেন। স্ক্রিন দেখে মনে হলো তিনি যেন জনসভার মঞ্চেই উঠেছেন। পটুয়াখালীতে উপস্থিত জনতা নেত্রীকে 'দেখে' শুরু করলো স্লোগান দেওয়া। এ প্রান্তে শেখ হাসিনা বললেন, "এটা ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা ছোট্ট নমুনা।" শেখ হাসিনার বক্তব্যের পর পটুয়াখালী- ৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোঃ শাহজাহান খান বক্তব্য দেন। শাহজাহান খান বেশ বড় একটি কাগজে তাদের দাবি-দাওয়া লিখে এনেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে পটুয়াখালীর উন্নয়নে কি কি করতে হবে তাও তিনি লিখে এনেছিলেন। সুধা সদনে বসা শেখ হাসিনা রিমোট কন্ট্রোল দিয়ে ওপাশে স্থাপন করা ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখছিলেন। তিনি শাহজাহান খানের দিকে ক্যামেরা ঘুরিয়ে মজা করে বললেন, " এত বড় কাগজে লিখে নিয়ে এসেছেন কেন ? আপনি তো অ্যাডভোকেট মানুষ আপনাকে কি কাগজে লিখে নিয়ে আসতে হয় ?" শাহজাহান খানের বক্তব্যের পর নানাধরণের প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা। কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা, চারদলীয় জোট সরকারের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া 'মিথ্যা মামলা' আর নারীদের উন্নয়নে পদক্ষেপের মতো বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। সভানেত্রী তাদের পটুয়াখালীকে 'মৎস্য নগরী' ও কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার ব্যবস্থাসহ নানা আশ্বাস দেন। আধঘন্টার কিছু বেশি সময়ব্যাপী এ ভিডিও কনফারেন্স শেষ করে সাবেক এই প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি জানান - এটাই তার প্রথম পদক্ষেপ ডিজিটাল বাংলাদেশ গড়ার। শেখ হাসিনা বললেন, "আমি তো কম্পিউটারে আমার ছেলে-মেয়ের সঙ্গে কথা বলি। আমাকে তো যেতে দিলো না। ওয়েবক্যামেই পুতুলের বাচ্চাকে প্রথম দেখি। আমার মনে হলো, যদি ওদের সঙ্গে এভাবে কথা বলতে পাারি তা হলে নেতা-কর্মীদের সঙ্গেও তো পারি।" তিনি বলেন, "সারারাত ধরে তো নির্বাচনী প্রচার চালানো যায়। কিন্তু তাতে করে সবারই কষ্ট হয়।" শেখ হাসিনা তার স্বপ্নের কথা বললেন। "যদি আল্লাহর রহমতে ক্ষমতায় যেতে পারি তাহলে অফিসে বসেই সারা দেশের খবর নিতে পারবো। প্রতিটি মন্ত্রণালয়ে আর সারা দেশে জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যাবে অফিসে বসেই। বলতে পারেন ই-গভর্নেন্স হবে।" এরপর শেখ হাসিনা শেরপুরের দুটি এলাকায় প্রচারণা চালাতে দুটি ভিডিও কনফারেন্স করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২৩০৪ঘ.