রংপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ নির্বাচনের আসন ভাগাভাগির ব্যাপারে করা চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি বলেন, "রংপুর-৪ ও রংপুর-৫ আসনসহ সারাদেশে ১২টি আসনে এখনো আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এটা অনৈতিক কাজ, যা মেনে নেয়া যায় না। আমার ওয়াদা মত রংপুর-৬ আসনটি শেখ হাসিনাকে ছেড়ে দিয়েছি।"
মঙ্গলবার দুপুরে মিঠাপুকুর উপজেলার বালারহাট হাইস্কুল মাঠে রংপুর-৫ আসনের জাপা প্রার্থী ফখরুজ্জামান জাহাঙ্গীরের সমর্থনে এক নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে তিনি এ অভিযোগ করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, "মহাজোটের স্বার্থে আমি জাতীয় পার্টির ২৫৬জন প্রার্থীকে এক ঘণ্টার নোটিশে মনোনয়নপত্র প্রত্যাহার করিয়েছি। আমাদের ৬০টি আসন দেওয়ার কথা ছিল। পরে আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় আমাদের ৪৬টি আসন দেওয়া হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেওয়া ৪৬টি আসনের মধ্যে ১২টি আসনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থীকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছে।"
একই আসনে নৌকা ও লাঙ্গল মার্কার প্রার্থী থাকলে ওই আসনগুলোতে চারদলীয় জোটের প্রার্থীরা জয়ী হবে বলে আশঙ্কা প্রকাশ করে এরশাদ বলেন, "আবারও চারদলীয় জোট ক্ষমতায় আসতে পারলে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না।"
যে ১২টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে তাদের প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "শেখ হাসিনাকে আমি ছোট বোন বলে ডাকি এখন বোনের কাজ হচ্ছে আমার জন্য ছাড় দেওয়া।
রংপুরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এরশাদ বলেন, "রংপুরের মানুষ আমাকে নতুন জীবন দিয়েছে। তারা আমাকে করাগারে আটক থাকা অবস্থায় দুবার ৫টি আসনে বিপুল ভোটে জয়ী করে ফাঁসির হাত থেকে রক্ষা করেছে।"
রংপুর-৫ আসনে মহাজোটের বৈধ প্রার্থী হিসেবে ফখরুজ্জামান জাহাঙ্গীরকে পরিচয় করিয়ে দিয়ে তাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান এরশাদ।
একই আসনে আওয়ামী লীগ প্রার্থী আশিকুর রহমানের উদ্যেশ্যে তিনি বলেন, "মান সম্মান হারাতে না চাইলে প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষণা দিয়ে আপনি বিছানা-পত্র নিয়ে ঢাকা চলে যান। আপনাকে কে নির্বাচন করতে বলেছে। মহাজোট ক্ষমতায় আসলে আপনাদের মুল্যায়ন করা হবে।"
মহাজোট ক্ষমতায় গেলে রংপুরকে বিভাগ করার প্রতিশ্র"তি দেন তিনি। এছাড়া পায়রাবন্দে একটি মহিলা ক্যাডেট কলেজ স্থাপন, পাইপ লাইনের মাধ্যমে রংপুরে গ্যাস আনা এবং রংপুরে শিল্প কারখানা স্থাপন করে স্থানীয় বেকার সমস্যার সমাধানেরও প্রতিশ্র"তি দেন তিনি।
এর আগে উপজেলার পায়রাবন্দ, মাঠের হাট, ঠাকুর বাড়ী, ভাংনিসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভায় ভাষন দেন এরশাদ। পরে এরশাদ পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিভিন্ন স্থানে রংপুর-৪ আসনের জাপা প্রার্থী করিমউদ্দিন ভরসার সমর্থনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২২৪১ ঘ.
bdnews24