ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মঙ্গলবার মহাজোট ও জোট প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় চারদলীয় জোট প্রার্থীর মাইক ভাঙচুর এবং তিনজনকে মারধর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেলে সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামে শিশুদের মিছিল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মহাজোট ও জোট প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখলাছ হোসেন জানান, সংঘর্ষ থামাতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। পরিস্থিতি এখন শান্ত।
তিনি জানান, সংঘর্ষে দুপক্ষের ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনকে সরাইল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি ওসি।
এই আসনে মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এবং চারদলের প্রার্থী মুফতি ফজলুল হক আমিনী।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে টুঙ্গীপাড়া উপজেলার শেখ মুজিবুর রহমান ডিগ্রি করে কলেজের পাশের রাস্তায় গোপালগঞ্জ-৩ আসনের চারদলীয় প্রার্থী সাবেক ছাত্রদল নেতা এস এম জিলানীর পক্ষে প্রচারণা চালানোর সময় মাইক ভাঙচুর করা হয়েছে।
এ সময় মাইকিংরত আজিল সরদার (১৯) ও নুর ইসলাম (২০) নামে তার দুই কর্মী এবং ভ্যান চালক হাফিজকে (২১) মারধর করা হয়।
টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছয়রুদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাইকিংরত যুবকদের চড় থাপ্পড় ও মাইক ভাঙচুর করা হয়েছে। তবে কারা করেছে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চারদলীয় প্রার্থী এস এম জিলানী জানান, নির্বাচনী প্রচারণা চালানোর সময় এক দল উশৃঙ্খল যুবক মাইকিংরত তার তিন কর্মীর ওপর হামলা চালায়। তারা মাইক ভাঙচুর করে।
তিনি বলেন, বিষয়টি জেলা রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিসার এবং টুঙ্গিপাড়া থানাকে জানানো হয়েছে।
এ আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১২ ঘ.
bdnews24