লক্ষ্মীপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্মীপুর-২ (সদর ও রায়পুর উপজেলার আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং চারদলীয় জোটের প্রার্থী হিসেবে আবুল খায়ের ভূঁইয়াকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "দলের সকল নেতা-কর্মীকে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনী কর্মকাণ্ডে সর্বাত্মকভাবে ভূমিকা রাখার জন্য দলের হাই কমান্ড নির্দেশ দিয়েছে।"
ওই আসনে কবির আহমেদ বা অন্য কেউ বিএনপি বা চারদলীয় জোটের প্রার্থী নয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, রাত সাড়ে ৮টায় রায়পুর উপজেলার মার্চেন্ট একাডেমি মাঠে জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী হিসেবে আবুল খায়ের ভূঁইয়াকে পরিচয় করিয়ে দেন।
কবির আহমেদ ভূঁইয়া বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24