২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক ও আইএমএফের নীতিমালা পর্যালোচনার আহ্বান হাসিনার

অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় উন্নয়নশীল দেশকে সহায়তা করতে বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করার জন্য বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় উন্নয়নশীল দেশকে সহায়তা করতে বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করার জন্য বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে হোটেল শেরাটনে আমেরিকান চেম্বার ইন বাংলাদেশের (আমচ্যাম) এক সভায় তিনি এ আহ্বান জানান। লিখিত বক্তব্যে শেখ হাসিনা বলেন, "বিদ্যমান অর্থনৈতিক প্যারাডাইমের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক ও আইএমএফ'র নীতিমালা পর্যালোচনার সময় এসেছে। উন্নয়নশীল দেশ বিশেষ করে স্বল্প আয়ের দেশগুলো যেসব সঙ্কটের মুখে রয়েছে তা মোকাবিলা করতে তাদের (বিশ্বব্যাংক ও আইএমএফ) নীতিমালা পুনঃমূল্যায়ন করা প্রয়োজন।" দারিদ্র্যকে 'সবচেয়ে বড় শত্র"' আখ্যায়িত করে আওয়ামী লীগ সভানেত্রী জানান, তার দলের একটি লক্ষ্য হল ২০১৩ সালের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা ছয় দশমিক ৫ কোটি থেকে কমিয়ে চার দশমিক ৫ কোটিতে নামিয়ে আনা। তিনি বলেন, "প্রবৃদ্ধি বাড়ানো ও দারিদ্র্য কমানোর যে পরিকল্পনা আমাদের রয়েছে তা বাস্তবায়নের জন্য বৈশ্বিক অর্থনীতির দ্রুত ও নাটকীয় উন্নয়ন প্রয়োজন।" দুর্নীতি বিরোধী অভিযানের ক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে শেখ হাসিনা বলেন, "দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীন করা উচিত। আর তাদের (দুদক) উচিত দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো, রাজনীতির বিরুদ্ধে নয়।" ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, "২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন বিএনপি সরকার এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপন্ন করেনি।" বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়ার জন্য আমেরিকান চেম্বারের সদস্যদের অনুরোধও জানান তিনি। ক্ষমতায় গেলে আঞ্চলিক সন্ত্রাস ও জঙ্গিবাদ কমাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কাজ করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "ভুটান, ভারত, মিয়ানমার ও নেপালসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় আমরা দক্ষিণ এশিয়া টাস্ক ফোর্স গঠন করতে চাই।" আমেরিকান চেম্বারের এক সদস্যের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ক্ষমতায় গেলে তথ্য প্রযুক্তি পেশাজীবীদের জন্য পদ সৃষ্টি করা হবে। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স, কূটনীতিবিদ এবং ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এসকে/২১৫০ ঘ.