ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ও প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমসহ ১২ জনের আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
আপিল বিভাগ ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান মোল্লাকে দেওয়া নৌকা প্রতীকের বরাদ্দ বাতিলের জন্য আবু হোসেন বাবলার আপিলও খারিজ করে দিয়েছেন।
এছাড়া ধানের শীষ প্রতীক চেয়ে আব্দুল গফুর ভুঁইয়া ও ড. মোহাম্মদ শাহাজাহানের আপিলও ফিরিয়ে দিয়েছে আদালত।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম সংশ্লিষ্ট প্রার্থীদের পৃথক আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেন।
নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা যাদের আপিল চেম্বার বিচারপতি খারিজ করে দিয়েছেন তারা হলেন কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভুঁইঞা, চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান, ভোলা-৩ আসনের হাফিজ ইব্রাহিম, চট্টগ্রাম-১১ আসনের এম ইয়াকুব আলী, খাগড়াছড়ির ওয়াদুদ ভুঁইয়া, এইচএম ফিরোজ আলম, জমির হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল জোম্মা, এম ইয়াকুব আলী ও ইউসুফ আলী চিশতি।
এদের মধ্যে ওয়াদুদ ভুইয়া ও হাফিজ ইব্রাহীম দণ্ডপ্রাপ্ত। তবে ইতোপূর্বে আপিল বিভাগের চেম্বার বিচারপতি জয়নুল আবেদীন দন্ডপ্রাপ্ত মহিউদ্দিন খান আলমগীর ও লুৎফুজ্জামান বাবরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন।
ইতোপূর্বে উচ্চ আদালতের আদেশে ১৮ জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার ফলে সেসব আসনে নতুন করে ব্যালট পেপার ছাপতে হচ্ছে। সেসব আসনের ২৪ লাখ ব্যালট পেপার ইতোমধ্যে পুড়িয়ে ফেলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০৪৫ঘ.
bdnews24