নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেউ যেন নির্বাচনে কারচুপি করতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জে এক নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, "আপনার ভোট আপনি দেবেন। আপানার ভোট আপনাকে রক্ষা করতে হবে। কেউ যেন কারচুপি করতে না পারে।"
নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে হাসিনার জনসভায় চারদিক থেকে লোকজন মিছিল নিয়ে উপস্থিত হন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নারায়ণগঞ্জ বন্দরনগরী হিসাবে প্রাণচাঞ্চল্য ফিরে পাবে বলে জনগণকে আশ্বস্ত করেন সাবেক প্রধানমন্ত্রী।
হাসিনা বলেন, "শীতলক্ষ্যা নদীর ওপর ব্রিজ করা হবে। নারায়ণগঞ্জকে শিল্পনগরী হিসাবে গড়ে তোলা হবে। ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক মেরামত করা হবে এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত কমিউটার ট্রেন চালু করা হবে।"
বিগত চারদলীয় জোর্টে বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে আওয়ামী লীগ প্রধান বলেন, "তারা আদমজী পাটকল বন্ধ করে ২৫ হাজার মানুষকে বেকার করেছে। এক কোটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিদেশ থেকে বিনিয়োগ এনেছি আর ওরা দেশকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে হাসিনা বলেন, "চারদলীয় জোট নেত্রী কথায় কথায় ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্ত করেন। কারা ধর্ম-কর্ম মানে তা জনগণইে জানে। ধর্ম-কর্ম কারা বিশ্বাস করে তা বিচারের দায়িত্ব আপনাদের ওপরই ছেড়ে দিলাম।
"সন্ত্রাস, চাদাঁবাজি ও দুর্নীতি চারদলীয় জোট নীতি হিসেবে গ্রহণ করেছিল। তারা দেশের সর্বনাশ করেছে। বিদেশি কোম্পানির কাছ থেকে ঘুষ নিয়ে দেশের মানইজ্জত নষ্ট করেছে। বিদেশে টাকা পাচার করেছে। বিগত চারদলীয় জোটের সময় নারায়ণগঞ্জবাসী সন্ত্রাস ও দুর্নীতিতে অতিষ্ট ছিল।"
শেখ হাসিনা নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী সারাহ বেগম কবরী এবং নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী নাসিম ওসমানকে পরিচয় করিয়ে দেন। নাসিম ওসমান প্রসঙ্গে তিনি বলেন, "ও নৌকার সন্তান হয়েও নৌকা প্রতীক নেয়নি। নিয়েছে লাঙ্গল প্রতীক। আমরা লাঙ্গলকে নৌকায় তুলে নিলাম।"
নারায়ণগঞ্জ শহরে জনসভার পর রূপগঞ্জে একটি জনসভায় ভাষণ দেন শেখ হাসিনা।
তিনি বলেন, "এখানে (রূপগঞ্জ) উপ-শহর হচ্ছে। তবে এতে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের পুনর্বাসন করতে হবে।"
সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রচারাভিযানে তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি ও দুই মেয়ে আজমিনা সিদ্দিক টিউলিপ এবং আজমিরা সিদ্দিক রূপন্তী যোগ দেন।
এরআগে, রাজধানীর কাকরাইল ও সায়েদাবাদে আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী নৌকা প্রতীক নিয়ে শেক হাসিনাকে স্বাগত জানান। সায়েদাবাদ থেকে জুরাইন পর্যন্ত রাস্তায় ঢাকা-৫ আসনে নৌকাপ্রতীক নিয়ে নির্বাচনে দঁড়ানো কারাবন্দি হাবিবুর রহমান মেল্লার কর্মী-সমর্থরা ওই আসনে জাতীয় পার্টির প্রার্থীকে মহাজোটের মনোনয়ন দেওয়ার প্রতিবাদে রাস্তা আটকে রাখে। তারা শেখ হাসিনার গাড়ি বহরও কিছুক্ষণের জন্য আটকে দেয়।
গাড়িবহর পোস্তগোলায় পৌঁছালে ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী সানজিদা খানম শত শত নেতা-কর্মীকে নিয়ে হাসিনাকে স্বাগত জানান। এসময়, শেখ হাসিনাও গাড়ি থেকে তাদের উদ্দেশে হাত নাড়েন। এরপর, পাগলা ও ফতুল্লাসহ ওসমানী স্টেডিয়াম পর্যন্ত পুরো রাস্তায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা - কর্মীরা দাঁড়িয়ে শেক হাসিনাকে স্বাগত জানান।
জনসভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার উপজেলা) আসনে আওয়ামী লীগ থেকে মহাজোট প্রার্থী মো. নজরুল ইসলাম।
এরপর, কাঁচপুর ব্রিজ সংলগ্ন বালুরমাঠে এবং রূপগঞ্জের মুক্তাপাড়া কলেজ মাঠে দু'টি জনসভায় শেখ হাসিনা বক্তব্য রাখেন।
নারায়ণগঞ্জ-১ আসনে (রূপগঞ্জ উপজেলা) আওয়ামী লীগ থেকে মহাজোট প্রার্থী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার উপজেলা) আসনে আওয়ামী লীগ থেকে মহাজোট প্রার্থী মোঃ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ থানা) আসনে আওয়ামী লীগ থেকে মহাজোট প্রার্থী আব্দুল্লাহ - আল - কায়সার, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা, কুতুবপুর, এনায়েত নগর, কাশিপুর ও বক্তাবলী ইউনিয়ন) আসনে আওয়ামী লীগ থেকে মহাজোট প্রার্থী সারাহ বেগম কবরী এবং নারায়ণগঞ্জ-৫ (নারায়ণগঞ্জ পৌরসভা, গোগনগর ও আলীরটেক ইউনিয়ন এবং বন্দর উপজেলা) আসনে জাতীয় পার্টি থেকে মহাজোট প্রার্থী নাসিম ওসমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২০০৯ ঘ.
bdnews24