জান্নাতুল ফেরদাউস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি ও অতীতের ভূমিকা এবার ঢাকা-৭ আসনের ভোটারদের অন্যতম প্রধান বিবেচ্য। আসনটির বিভিন্ন এলাকা ঘুরে ভোটার, প্রার্থীদের পক্ষে জনসংযোগ করছেন এমন কর্মী এবং নতুন ভোটারদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গিয়েছে।
ঢাকা-৭ আসনের (লালবাগ-কোতোয়ালী) অধীনে রয়েছে
৫৯ থেকে ৭২ নম্বর পর্যন্ত মোট ১৩ টি ওয়ার্ড। এ আসনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন চারদলীয় জোটের পক্ষে বিএনপি'র নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু এবং মহাজোটের পক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
মোস্তফা জালাল মহিউদ্দিন পুরনো পরিচিত নেতা। এলাকায় তার ভাবমূর্তি শিক্ষিত ও তুলনামূলক 'ভালো মানুষ' হিসেবে। অন্যদিকে সাবেক ছাত্রনেতা পিন্টুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয়ের পাশাপাশি তার ব্যক্তি ইমেজও প্রশ্নবিদ্ধ। হলফনামাতে নিজের স্বীকারোক্তিমতেই তার বিরুদ্ধে বিচারাধীন মামলা দশটি।
" যে নিজে সন্ত্রাসী সে কিভাবে সন্ত্রাস নির্মূল করবে? পিন্টু নিজে এখনও জেলে আছে। তার সময় এলাকার কোনো উন্নতি হয়নি", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে বলেন,এ আসনের ভোটার গৃহকর্ত্রী উলফত বানু।
হরনাথ সাহা রোডের ব্যবসায়ী সালাম বললেন, "আমরা সৎ, শিক্ষিত এবং যোগ্য নেতা চাই। কারণ আমরা শান্তিতে ব্যবসা করতে চাই।"
লালবাগের বাসিন্দা ষাটোর্ধ্ব মো. শামসুল হক জানান তিনি সবসময়ই মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে সমর্থন করে আসছেন। তার মতে এ আসনে আওয়ামী লীগের হাজী সেলিমই যোগ্য ছিলেন। কারণ তিনি জনমানুষের কাছে যেতেন। আর জালাল শিক্ষিত এবং ভদ্র মানুষ। সেদিক থেকে স্থানীয় অনেকে তাকেই সমর্থন করছে। এছাড়া পিন্টুর বিরুদ্ধে অনেক চাঁদাবাজি ও সন্ত্রাসের মামলা রয়েছে। শামসুল হক দাবি করলেন, অনেক বিএনপি'র সমর্থকও এবার পিন্টুকে সমর্থন করছে না।
এ আসনের একটি ওয়ার্ড বাদে সবগুলোতেই বর্তমানে বিএনপি'র ওয়ার্ড কমিশনার। তবে, বেশ কয়েকটি ওয়ার্ডেই ঘুরে দেখা গেলো দলীয় আনুগত্য নয়, সাধারণ জনগণের মধ্যে যোগ্য এবং 'সৎ এবং শিক্ষিত' প্রার্থী বাছাইয়ের আগ্রহ প্রবল।
এ আসনের অধীনে আগে আটটি ওয়ার্ড ছিল। পুনর্বিন্যাসের ফলে এ আসন এখন ১৩ টি ওয়ার্ড নিয়ে গঠিত। নতুন ভোটারদের নিয়ে সমস্যা হবে কিনা জানতে চাইলে নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টুর এপিএস রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে ওয়ার্ডগুলো এ আসনে নতুন যুক্ত হয়েছে সেগুলোতেও বর্তমানে বিএনপি'র ওয়ার্ড কমিশনার রয়েছে। তাই ভোটের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না। কারণ বিএনপি'র সমর্থকদের ক্ষেত্রে তেমন পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা আমরা করছিনা।"
এপিএস রফিক বলেন, কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও 'নিরপরাধ' পিন্টু কারাগারে বন্দী থাকায় জনগণের সহানুভূতি তার পক্ষে কাজ করছে। তাই তারা তার নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী।
মহাজোটের পক্ষ থেকে মনোনীত আওয়ামী লীগ প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কাছে বিএনপি সমর্থকদের এলাকায় জয়লাভের ব্যাপারে কতটুকু আশাবাদী প্রশ্ন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'আমি এ আসনের ওয়ার্ডগুলোতে জনসংযোগ করতে গিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছি। জনগণের পূর্ণ সমর্থন আমার প্রতি রয়েছে'।
স
bdnews24