ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনেই উত্থাপনের জন্য তালিকাভুক্ত করতে বর্তমান সরকারের আমলে জারি করা ১০২টি অধ্যাদেশের মধ্যে ১০১টি সংসদ বিষয়ক সচিবালয়ে পাঠানো হয়েছে। একটি অধ্যাদেশের ছাপার কাজ শেষ না হওয়ায় তা পরে পাঠানো হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব কাজী হাবিবুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাদেশগুলোকে সংসদ অধিবেশনে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আগেই আমি নির্দেশ দিয়েছি কর্মকর্তাদের।
সংবিধান অনুযায়ী, সংসদ অধিবেশন ছাড়া কোনো অধ্যাদেশ জারি করা হলে পরবর্তী প্রথম অধিবেশনেই তা উত্থাপন করতে হয়। সুতরাং আগামী নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশগুলো অনুমোদন করা হলে তা আইনে পরিণত হবে, আর তা না হলে সেগুলো এমনিতেই বাতিল হয়ে যাবে।
সোমবার ১০১টি অধ্যাদেশ সংসদ সচিবালয়ে আনা হয়।
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বাকি একটি অধ্যাদেশের ছাপার কাজ চলছে।
২০০৭ সালের ১২ জানুয়ারি ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত মোট ১০২টি অধ্যাদেশ জারি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এডি/টিএইচ/এমএইচবি/১৮২০ ঘ.
bdnews24