২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১৫: শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীর আসন

ঢাকা ১৫ মহাজোটের সুপরিচিত প্রার্থী, চারদলীয় জোটের নবাগত আর শক্তিশালী এক স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর আসন। এলাকাবাসী অন্তত দুজনকে ভালো করেই চেনেন। কিন্তু দল বা ব্যক্তিগত পরিচিতি নয় শুধু, প্রতিশ্র"তি পূরণের সম্ভাবনা আর ভালোমন্দ বিস্তারিত বিবেচনা করেই ভোট দেবেন এলাকার মানুষ এমন ইঙ্গিতই মেলে ভোটারদের সঙ্গে কথা বলে। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

আবদুর রহিম হারমাছি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বতন্ত্র প্রার্থীরা অনেক সময় লড়েন কেবল মুখ দেখানোর জন্যই। দলীয় রাজনীতির জোয়ারে ভালো-মন্দ নির্বিশেষে স্বতন্ত্ররা জয়ের মুখ দেখেন কমই। কিন্তু বড় দলের বিদ্রোহী প্রার্থী 'স্বতন্ত্র' নাম নিয়ে নামলে ব্যাপারটা খানিকটা অন্যরকম হয়। মেরুকরণ বদলে গিয়ে হিসাব-নিকাশ বদলে দেয় তা। ঢাকা-১৫ আসনে শেষ পর্যন্ত এরকম কিছু প্রমাণ হয়ে গেলেও হতে পারে। এ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের। ঢাকার ১৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কমিশনার তিনি। বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। তফাৎ শুধু একটাই: তার সভা-সমাবেশে কোনো নেতা-নেত্রীর সমাগম ঘটছে না। ভোটের চূড়ান্ত ফলাফলে শেষ পর্যন্ত এই প্রার্থী হয়তো জিততে পারবেন না। তবে ঢাকার ২০টি আসনে যে সব স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে এই প্রার্থী প্রথম দিকেই থাকবেন বলে ধারণা স্থানীয় ভোটারদের। সোমবার এই নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, তালতলা বাসস্ট্যান্ডের পর থেকে পুরো শ্যাওড়াপাড়া ও কাজীপাড়া এলাকা নৌকা ও ধানের শীষের পাশাপাশি আব্দুল কাদেরের মার্কা উড়োজাহাজ প্রতীকের পোস্টারে ছেয়ে গেছে। প্রতিদ্বন্দ্বিতায় যথারীতি প্রথমে রয়েছেন প্রধান দুই জোটের প্রার্থী চারদলীয় জোটের এম হামিদুল্লাহ খান আর মহাজোটের প্রার্থী কামাল মজুমদার। ভোটাররা মানেন লড়াইটা শেষ পর্যন্ত তাদেরই। এম হামিদুল্লাহ খান এবারই প্রথম ঢাকার কোনো আসন থেকে নির্বাচন করছেন। এর আগে তিনি একবার মুন্সিগঞ্জের একটি আসন থেকে নির্বাচন করেছিলেন। পরিচিতি আর পরিস্থিতি দুদিকেই তার চেয়ে কিছুটা এগিয়ে কামাল মজুমদার। কামাল মজুমদারকে এই আসনের ভোটাররা এক নামে চেনেন। ১৯৯৬ সালের নির্বাচনে কামাল মজুমদার জয়ী হয়েছিলেন। কিন্তু ২০০১ সালের নির্বাচনে তিনি হেরে যান। এ আসনের মোট আটজন প্রার্থীর মধ্যে অন্যরা হলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি তাজুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কায়েকউজ্জামান, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন ও তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। এ আসনে ফলাফল নির্ধারণে গার্মেন্টস শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করেন স্থানীয় ভোটাররা। এ আসনে গার্মেন্টস কর্মী ও পরিবহন শ্রমিক ভোটারের সংখ্যা লাখ খানেকের কাছাকাছি। মূল প্রতিদ্বন্দ্বীর দু'জনই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। হামিদুল্লাহ খান বলছেন, "আমি এ আসনের নতুন প্রার্থী হলেও মনোনয়ন পাওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই আমি ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি। তারা আমাকে আপন করে নিয়েছেন। আশা করছি ভোটের ফলাফলে তার ইতিবাচক প্রতিফলন ঘটবে।" অন্যদিকে কামাল আহমেদ মজুমদার বলেন, "সারা দেশে মহাজোটের যে জোয়ার এসেছে তার প্রতিফলন ঢাকা-১৫ আসনেও পড়বে।" "প্রায় এক লাখ ভোটের ব্যবধানে এবার আমি জয়ী হবো"-দাবি করেন তিনি। স্বতন্ত্র আব্দুল কাদের একইসঙ্গে ১৩ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কমিশনার। মীরপুরের শ্যাওড়াপাড়ার স্থায়ী বাসিন্দা। এলাকার মানুষের কাছে তার ভাবমূর্তি ভালোয়-মন্দয় মেশানো। পশ্চিম শ্যাওড়াপাড়ার স্থায়ী বাসিন্দা আব্দুল জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৪/১৫ বছর কমিশনার থেকে কাদের সাহেব এলাকার অনেক উন্নতি করেছেন। এ কারণে কম শিক্ষিত হলেও এই এলাকার লোকজন তাকে পছন্দ করে।" অন্যদিকে গত ৮/১০ বছর ধরে শ্যাওড়াপাড়া এলাকায় ভাড়া থাকেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা শ্যাওড়াপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা তাদের জন্য কাদের কমিশনার কিছু কাজ করেছেন। যারা এ এলাকায় ভাড়া থাকেন তাদের জন্য কোনো কিছুই করেননি।" বেশ কিছুদিন এলাকায় থাকা এ ভোটার কাদের কমিশনারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ থাকার কথাও তুললেন। আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত কাদের দলটির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার কারণেই মহাজোট প্রার্থী সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার প্রধান প্রতিদ্বন্দ্বী চার দলীয় জোটের প্রার্থী এম হামিদুল্লাহ খান বীর প্রতীকের চেয়ে অনেক দিক দিয়ে সুবিধাজনক অবস্থানে থাকলেও কিছুটা সমস্যায় পড়েছেন। বিশেষ করে শ্যাওড়াপাড়া ও কাজীপাড়া এলাকার বেশ কিছু ভোট আব্দুল কাদের পাবেন বলে ধারণা করছেন এলাকাবাসী। আর তিনি যে ভোট পাবেন তার সিংহভাগই আওয়ামীলীগের। তবে কামাল মজুমদারের ঘনিষ্ঠ একজন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "ভোটের শেষ মুহূর্তে কাদের কমিশনার বসে গিয়ে কামাল মজুমদারকে সমর্থন জানাতে পারেন। ইতিমধ্যে উভয় প্রার্থীর মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে।" শনিবার শ্যাওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে কমিশনার কার্যালয়ে গিয়ে দেখা যায়, সমর্থক পরিবেষ্টিত আব্দুল কাদের একটার পর একটা পান খেয়ে চলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "দীর্ঘদিন আমি এই এলাকার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। এলাকার জন্য অনেক কাজ করেছি। এ কারণে এখানকার মানুষ আমাকে খুব ভালোবাসে।" ঢাকা-১৫ আসনের মোট ভোটার দুই লাখ ৮৯ হাজার ২৭৯ জন। ঢাকার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড অর্থ্যাৎ শ্যাওড়াপাড়া (পূর্ব ও পশ্চিম), কাজীপাড়া, ইব্রাহিমপুর, কাফরুল, মনিপুর ও সেনপাড়া নিয়ে এই আসন। কাজীপাড়ার বাসিন্দা সরকারি কর্মকর্তা হোসেন সাখাওয়াত বলেন, "এখনও ঠিক করিনি, কাকে ভোট দেব। আরও কয়েক দিন সময় আছে, দেখে শুনে সিদ্ধান্ত নেবো।" সাখাওয়াতের মতে, তাদের এলাকার মূল সমস্যা হচ্ছে জমি দখল ও সন্ত্রাস-চাঁদাবাজি। গত দুই বছর সন্ত্রাস-চাঁদাবাজি কিছুটা কম ছিল উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আবার যাতে এগুলো না বাড়ে- সে বিষয়টিই এবার স্থানীয় ভোটাররা সক্রিয়ভাবে বিবেচনা করছে। এবার নতুন ভোটার হয়েছেন শ্যাওড়াপাড়া ইং মিং গার্মেন্টস-এর হেলপার নার্গিস সুলতানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি সরাসরি বলেন, যে প্রার্থী আমাদের গার্মেন্টস কর্মীদের থাকার সমস্যা সমাধানে এগিয়ে আসবেন তাকেই ভোট দেবেন বলে জানান তিনি। পশ্চিম শ্যাওড়াপাড়া রেড ক্যাস্ল অ্যাপার্টমেন্টের বাসিন্দা তহমিনা ইয়াছমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৎ ও যোগ্য প্রার্থী দেখেই তিনি তার ভোট দেবেন। আর যদি তেমন প্রার্থী না খুঁজে পান তাহলে 'না' ভোট দেবেন। একজন সচেতন নাগরিক হিসেবে 'যাকে-তাকে' ভোট দেবেন না বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৬১৫ঘ.