২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১৮: নবীন-প্রবীণের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস

ঢাকা-১৮ আসনে অনেক ভোটার মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুনের অভিজ্ঞতাকে যেমন গুরুত্ব দিচ্ছেন, অনেকে আবার চারদলীয় জোটের তরুণ প্রার্থী আজিজুল বারী হেলালের ওপর আস্থা রাখছেন। তবে এলাকাবাসী বলেছেন, তাদের অবর্ণনীয় বেহাল দশার রাস্তাঘাট মেরামতসহ অন্যান্য সমস্যার সমাধানে যাকে যোগ্য মনে হবে তাকেই তারা ভোট দেবেন। জানাচ্ছেন সায়েদ তালাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

সায়েদ তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা ২২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তরা মাস্কট প্লাজার তরুণ ব্যবসায়ী মুনির হোসেন ভোট দিতে যাবেন কিনা নিশ্চিত নন। " এদের কাউকেই আমি চিনি না। ভোট দিয়ে আর কি হবে" এই যুক্তি তুলে ধরেন তিনি। কিন্তু তিনি না চিনলেও এখানকার প্রধান দুই জোটের প্রার্থীকে প্রায় সবাই কমবেশি চেনেন। তাই 'নষ্ট' না করে নিজের ভোট দিতে যাবেন উত্তরার ১০ নং সেক্টরের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নুল আবেদিন। তিনি বলেন, "মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন বয়স্ক ও অভিজ্ঞ। তার অভিজ্ঞতার গুরুত্ব আছে, আবার চারদলীয় জোটের আজিজুল বারী হেলাল তরুণ প্রার্থী। দেশের জন্যে কাজ করার সঠিক বয়স। দুইজনের মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে আমি অভিজ্ঞতাকেই গুরুত্ব দেব।" ঢাকা-১৮ আসনে ভোটাররা কেউ সাহারা খাতুনকে, কেউ হেলালকে পছন্দের কথা বলেছেন। তবে চমক হিসাবে স্বতন্ত্র হিসেবে দাঁড়ানো বিএনপির বিদ্রোহী প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খানের এগিয়ে যাওয়ার কথাও বলেছেন কেউ কেউ। সাবেক ঢাকা-৫ আসনটি ভেঙে ঢাকা-১৮ আসন হয়েছে। এর মধ্যে আছে ঢাকা সিটি কর্পোরেশনের ১ ও ১৭ নং ওয়ার্ড, উত্তরা, তুরাগ, বিমানবন্দর ও খিলক্ষেত থানার হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনী ইউনিয়ন। মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ৪৭২জন। নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৩৯৭, পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার ৭৫জন। ভোট কেন্দ্র ১৭৪টি। সাহারা খাতুন ৯১ সালে এই আসনে নির্বাচন করে হেরে যান। ৯৬ ও ২০০১ সালে তিনি মনোনয়ন পাননি। অপরদিকে আজিজুল বারী হেলাল এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। সাহারা খাতুনের পৈত্রিক বাড়ি কুড়িল বিশ্বরোডে হওয়ায় স্থানীয়রা কিছুটা বেশি 'নিজেদের' ভাবছেন। আবার হেলালও উত্তরা এলাকায় বসবাস করেন। দল থেকে নমিনেশন না দেওয়ায় এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপি নেতা মেজর জেনারেল (অব) জেড এ খান। তার মার্কা হাঁস। কুড়িল বিশ্বরোডের ব্যবসায়ী সোলায়মান মৃধা বলেন, জেড এ খান উত্তরা ও বিমানবন্দর এলাকায় কিছু ভোট পেলেও তা তাকে জেতাতে পারবে না। তবে তিনি হেলালের বেশ কিছু ভোট কেটে নেবেন। তবে উত্তরখানের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, "আমাদের এলাকায় জেড এ খানকে কেউ চেনে না। সাহারা খাতুনকে চেনে। তিনি আগেও নির্বাচন করেছিলেন। হেলাল মিয়া এবারই প্রথম নির্বাচন করলেও তিনি ছাত্রনেতা ছিলেন বলে শুনেছি। তবে আমরা তাকেই ভোট দেব, যে আমাদের রাস্তা ভালো করে দেবে।" উত্তরখান ও দক্ষিণখানের ভোটারদের প্রধান দাবি রাস্তা মেরামত ও স্যুয়ারেজ লাইন স্থাপন। এ দুটি সমস্যায় এরা সবচেয়ে বেশি ভুগছেন। একই সমস্যার কথা জানিয়েছেন বাউনিয়া, হরিরামপুর ও ডুমনি এলাকার বাসিন্দারা। তাদের আরো দাবি, এলাকার জমি দখল বন্ধ ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করা। পশ্চিম বাউনিয়ার ফারুকুর রহমান বলেন, আমাদের এলাকার রাস্তাঘাট ঢাকার মধ্যে সবচেয়ে খারাপ। অবশ্যই এই রাস্তা ভালো করতে হবে। যে এটি করতে পারবে, আমাদের এলাকাতে তাকেই চাই। প্রার্থীরাও রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্র"তিই বেশি দিচ্ছেন। সাহারা খাতুন বলেছেন, রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স ও স্কুল প্রতিষ্ঠা করা হবে। এছাড়া এ এলাকার পানি বিদ্যু ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করাসহ স্যুয়ারেজ পাইপগুলো ঠিক করা হবে। মেয়েদের জন্যে আলাদা স্কুল ও ভুমিদস্যুদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার প্রতিশ্র"তিও তিনি দিচ্ছেন। তিনি বলেন, "নিজের ও দেশের উন্নয়নের জন্যেই এলাকাবাসী নৌকা প্রতীকে ভোট দেবেন।" আজিজুল বারী হেলাল বলেছেন, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি এলাকায় ড্রেনেজ সিস্টেম চালু করা হবে। জলাবদ্ধতা দুর করার ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাগুলো উন্নয়নের পাশাপাশি আরো প্রশস্ত করা হবে। মানসম্মত বেশকিছু স্কুল স্থাপন করা হবে। মেয়েদের জন্যে আলাদা স্কুল স্থাপন করা হবে। আধুনিক স্বাস্থ্য সেবা দিতে একটি হাসপাতাল স্থাপন করা হবে। তিনি বলেন, "আমি জনগণের উন্নয়নের জন্যেই নির্বাচন করতে এসেছি। আশা করছি, তারা আমাকে নির্বাচিত করে সে সুযোগ দেবেন।" আসনটিতে অন্য প্রার্থীরা হচ্ছেন, গণফোরামের আমীন আহম্মেদ আনসারী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের এ এইচ মোস্তফা কামাল, বাংলাদেশ কল্যাণ পার্টির শেখ শহিদুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. লিয়াকত হোসেন, গণফ্রন্টের আমানউল্লাহ সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ফরিদউদ্দিন দেওয়ান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ শহীদুল্লাহ কাজী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এমএইচবি/১৪০৯ ঘ.