মহসীনুল করিম, প্রতিবেদক
আতিয়ার রহমান বাড্ডা, প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নীলফামারী, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকী। অপরদিকে চারজোটের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের ভগ্নিপতি ও সাবেক প্রার্থী শাহরিণ ইসলাম তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলাম। প্রার্থীদের ব্যাপারে দুই জোটের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে রয়েছে ক্ষোভ বিক্ষোভ। মহাজোটের প্রার্থী 'অবাঙালি' আর রাজনীতিতে নবীন। আর চারদলের প্রার্থীকে 'অচেনা' বলছেন জোটের নেতা-কর্মীরাই। শেষ পর্যন্ত লড়াইটা তাদের দুজনের মধ্যেই হলেও জয়ের ব্যাপারে আশাবাদী যুক্তফ্রন্ট প্রার্থী আব্দুর রউফ। জানাচ্ছেন মহসীনুল করিম ও আতিয়ার রহমান বাড্ডা।
গত নির্বাচনে নীলফামারী-১ আসনে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের ড. হামিদা বানু শোভা (৬৬ হাজার ৮৭১)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির (জাপা) নূর কুতুব আলম চৌধুরী (এনকে আলম চৌধুরী)। তৃতীয় হয়েছিলেন শাহরিণ ইসলাম তুহিন (৪৯ হাজার ভোট)। '৯৬ এর নির্বাচনী জিতেছিলেন জাপার এনকে আলম চৌধুরী এবং '৯১ এ আওয়ামী লীগের (বর্তমানে গণফোরাম নেতা) আব্দুর রউফ।
নতুন ভোটার তালিকা অনুযায়ী নীলফামারী-১ আসনে ম্টো ভোটার দুই লাখ ৮৮ হাজার ৪৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪০ হাজার ৬৮৫ জন। মহিলা ভোটার এক লাখ ৪৭ হাজার ৭৮৯ জন।
এ আসনে অপর প্রার্থীরা হলেন- যুক্তফ্রন্টের প্রার্থী গণফোরামের আবদুর রউফ, ন্যাপ (ভাসানী) নেতা সাবেক মন্ত্রী শফিকুল গণি স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের সৈয়দ ইলিয়াস আহমেদ, জাসদের মো. রওশন আলী, বাসদের আশাদুজ্জামান লাকু, ন্যাপের মো. জাকারিয়া এবং খেলাফত মজলিসের আবদুল জলিল।
এন কে আলম চৌধুরী দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও দুটিই বাতিল করা হয়।
মহাজোট প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী 'অবাঙালি'। তিনি ঢাকায় ব্যবসা করেন। তার জন্ম নীলফামারী জেলা সদরে। তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন 'অবাঙালি' অধ্যুষিত সৈয়দপুর-কিশোরগঞ্জ এলাকায়। ডোমার ও ডিমলা উপজেলায় তার কোন স্থায়ী নিবাসও নেই।
২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পট পরিবর্তনের পর জাফর সিদ্দিকীর রাজনৈতিক জীবন শুরু হয় নবগঠিত প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) থেকে। এরপর তিনি বিএনপি ও আওয়ামী লীগ দুই রাজনৈতিক দল থেকেই মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন। কিন্তু দুই দলে জায়গা না পেয়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।
ডোমার-ডিমলা এলাকার জাতীয় পার্টির নেতা-কর্মীদের আপত্তির মুখেও জাফর সিদ্দিকীকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়। স্থানীয় আওয়ামী লীগ মহাজোটের এ সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি। বরং তাদের অনেকেই জাফর সিদ্দিকীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তাকে স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে মানববন্ধনও হয়েছে।
ডিমলার জাতীয় পার্টির নেতা মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনোনয়ন না পাওয়া জাপার সাবেক সাংসদ এন কে আলম চৌধুরী ঈদ উল-আযহার দিন তার বাসায় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে জাফর সিদ্দিকীর পক্ষে অবস্থান না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্তও হয়েছে।"
শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতাদের চাপে নিরব থাকলেও তারা জাফর সিদ্দিকীর সঙ্গে কাজ করবেন না বলে তিনি জানান।
ডোমার উপজেলা আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান বলেন, "দলের সাবেক সাংসদ হামিদা বানু শোভাকে মনোনয়ন না দিয়ে জাতীয় পার্টির চাপে শেষ পর্যন্ত মহাজোট থেকে স্বাধীনতা বিরোধী জাফর সিদ্দিকীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের কেউই এটাকে মেনে নিতে পারেননি। ফলে আওয়ামী লীগের পক্ষ থেকে জাফর সিদ্দিকী তেমন কোন সহযোগিতা পাবেন না।"
তার মতে, সাবেক আওয়ামী লীগ সাংসদ বর্তমানে যুক্তফ্রন্টের প্রার্থী গণফোরামের আবদুর রউফ স্থানীয় আওয়ামী লীগের সমর্থন পেতে পারেন।
তবে ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবদুল ওহাবের মতে, দল যাকে মনোনয়ন দিয়েছেন তার সঙ্গেই তারা থাকবেন।
এ ক্ষেত্রে আওয়ামী লীগের প্রায় ৬৭ হাজার ভোটের সঙ্গে জাতীয় পার্টির ৬৫ হাজার ভোট যোগ হলে তা মহাজোটের বিজয় নিশ্চিত করবে। আর বিএনপির নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৫০ থেকে ৬০ হাজার ভোট পেতে পারে বলে তিনি মনে করেন।
জাফর সিদ্দিকী মনে করেন, ক্ষোভ-বিক্ষোভ যাই থাক না কেন শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা তার সঙ্গেই থাকবেন। বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার পরও মহাজোটের কারণে বাদ পড়া সাবেক সাংসদ ড. হামিদা বানু শোভা মনে করেন, নেত্রী দলের জন্য যেটা ভাল মনে করেছেন সেটা করেছেন, এ ব্যাপারে তার প্রতিক্রিয়ার কিছু নেই।
মহাজোট প্রার্থীর সঙ্গে থাকবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "দলের নেতাকর্মীরা মহাজোট প্রার্থী সঙ্গে থাকবেন। নেত্রীর নির্দেশ পেলে আমিও তার সঙ্গে থাকতে পারি।"
এ আসনে '৯১ থেকে এ পর্যন্ত বিএনপি বা চারদলীয় জোটের প্রার্থী বিজয়ী হয়নি। দুটি নির্বাচনে বিএনপির প্রার্থী শাহরিণ ইসলাম তুহিন তৃতীয় হয়েছেন। ৯৬ নির্বাচনে জামায়ত প্রার্থী চতুর্থ হয়েছিলেন।
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত তুহিন বর্তমানে পলাতক। ওই আসনে এবার চারদলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বাবা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামকে।
ডোমারের চিলাহাটীর বিএনপির সক্রিয় কর্মী শামসুজ্জোহা জোহার মতে, চারদলীয় জোট থেকে বিএনপির যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে স্থানীয় লোকজন কেউ চেনেন না। তিনি স্থানীয় হলেও দীর্ঘদিন এলাকার সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না। এছাড়াও তার ছেলে তুহিন বিএনপির নেতা হিসেবে গত কয়েক বছর যা করেছেন তাতে স্থানীয় লোকজন কেউই তাকে ভোট দেবেন না বলে মনে করেন তিনি।
তার ধারণা, বিএনপি'র অনেকেই 'না' ভোট দিতে পারেন।
তবে নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন মহাজোট প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী।"
তার ছেলে তুহিনের অতীত দিনের কর্মকাণ্ডে স্থানীয় জনগণের ক্ষোভ এ নির্বাচনে কোন বিরূপ প্রভাব ফেলবে না বলেও তিনি মনে করেন।
দুই জোটের হিসাব-নিকাশের মধ্যেও অনেকেই যুক্তফ্রন্টের প্রার্থী আব্দুর রউফকে বেছে নিতে পারেন।
যুক্তফ্রন্টের প্রার্থী আবদুর রউফ মনে করেন, এ নির্বাচনে তার বিজয় নিশ্চিত।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেতা-নেত্রীদের মার্কা ও মনোনয়ন বাণিজ্যে বিরক্ত হয়ে অনেকেই 'না' ভোট দেওয়ার চিন্তাভাবনা করছেন।"
তার প্রতিদ্বন্দ্বী কে হবেন সে ব্যাপারে কোন মন্তব্য করতে করতে চাননি আব্দুর রউফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৩ ঘ.
bdnews24