কুমিল্লা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে আবারও অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, "নির্বাচনে আর কয়েকদিন বাকি। এখনো নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন বানচালের। এই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। এবার নির্বাচন বানচাল হলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা চাই।"
মঙ্গলবার বিকেলে কুমিল্লার টাউন হল ময়দানে এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
খালেদা জিয়া সকাল সাড়ে ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টে শহীদ মইনুল হোসেন সড়কের বাসভবন থেকে ফেনীর উদ্দেশে রওনা হন।
পথে বিভিন্ন জনসভায় মুন্সীগঞ্জ-৩ আসনের দলীয় প্রার্থী এম শামসুল ইসলাম; কুমিল্লা-৭ আসনের খোরশেদ আলম (কুমিল্লা-৭), কুমিল্লা-৩ আসনের মাজেদা আহসান মুন্সী এবং কুমিল্লা-৪ আসনের কাজী শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদের হাতে ধানের শীষ তুলে দিয়ে ভোটারদের কাছে তাদের পক্ষে ভোট চান।
টাউন হলের বিশাল জনসভায় খালেদা জিয়া দলীয় প্রার্থী হাজি আমিনুর রশিদ ইয়াসিনের পক্ষে ভোট চেয়ে বলেন, "২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচনে আমি এই আসনে প্রার্থী হয়েছিলাম। আমি এবার দাঁড়াতে পারিনি-এজন্য দুঃখিত। ইয়াসিনকে সকলের ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন-এটাই আমার প্রত্যাশা।"
বিগত পাঁচ বছরের শাসনামলে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে তিনি বলেন, "কেউ কেউ বলে আমরা নাকি কোনো উন্নয়ন করিনি। অথচ যেদিকে তাকাবেন সেদিকেই বিএনপি সরকারের উন্নয়নের ছোঁয়া। তাদের চোখে বড় বড় রাস্তাঘাট, ব্রিজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ কোনো কিছু চোখে পড়ে না।"
আসন্ন নির্বাচনকে গুরুত্বপূর্ণ অভিহিত করে তিনি ভোটারদেরকে উন্নয়ন-সমৃদ্ধি ও স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষার প্রতীক ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তার সরকারের আমলে নেওয়া পদক্ষেপ ব্যাখ্যা করে বিএনপি চেয়ারপারসন বলেন, "যারা ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ইসলাম তাদেরকে সমর্থন করে না। আমরা যখন ক্ষমতায় ছিলাম এ রকম বিশৃঙ্খলা ও সন্ত্রাস কঠোর হস্তে দমন করেছি। কাউকে ছাড় দেইনি।"
আওয়ামী লীগের শাসনামলের নানা 'ব্যর্থতার' চিত্র খালেদা জিয়া তার বক্তব্যে তুলে ধরেন।
তিনি বলেন, "তাদের সময়ে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। সংবাদপত্র ও বিচারবিভাগের স্বাধীনতা ছিল না। একদলীয় ব্যবস্থা বাকশাল হয়েছিল রাজতন্ত্রের রূপান্তর। শহীদ প্রেসিডেন্ট জিয়া সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংবাদপত্রে স্বাধীনতা নিশ্চিত করেন। সেজন্যই দেশে এখন এতো সাংবাদিক ও সংবাদপত্র রয়েছে।"
এই জনসভায় কুমিল্ল-৯ আসনের প্রার্থী আনোয়ারুল আজিম ও কুমিল্লা-৫ আসনের প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়ার হাতে ধানের শীষ তুলে দেন খালেদা।
টাউন হলের এই জনসভায় বিএনপির প্রয়াত নেতা সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল আকবর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে খালেদা জিয়া বলেন, "তিনি বেঁচে থাকলে আমাকে অথবা হাজি ইয়াসিনকে এই আসনে প্রার্থী হতে হতো না। ইয়াসিনকে বিজয়ী করে কুমিল্লার শান্তি ও উন্নয়ন নিশ্চিত করুন।"
গত দুই বছরের সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, "দেশের অর্থনীতি স্থবির হয়ে গেছে, রপ্তানি কমে গেছে। এ দেশকে অন্য দেশের বাজারে পরিণত করেছে তারা।"
দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা তার সরকারের একটি উদ্যোগ দাবি করে তিনি বলেন, "আজ দুর্নীতির নামে যাকে তাকে হয়রানি করা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। প্রকৃত দুর্নীতিবাজরা ধরা পড়ছে না। দুর্নীতি দমনের সঙ্গে যারা আছেন তাদের আশেপাশেই তাদেরকে (দুর্নীতিবাজদের) দেখা যায়।"
টাউন হলের এ জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির সহ-সভাপতি রাবেয়া চৌধুরী।
জনসভায় তথ্য-প্রযুক্তির উন্নয়ন প্রসঙ্গে বলেন, "আমাদের শাসনামলে সাবমেরিন ক্যাবল উদ্বোধন করা হয়েছে। তথ্য-প্রযুক্তির উন্নয়নে আমরা আলাদা মন্ত্রণালয়ও করেছি। কিন্তু তারা (আওয়ামী লীগ) সবার জন্য তথ্য-প্রযুক্তির জন্য ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে বলছে। তারা সবসময় পেছনে পড়ে থাকে। আমরা ক্ষমতায় এলে এতো অপেক্ষা করতে হবে না।"
এ জনসভায় হাজার হাজার দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনেকের হাতে ছিল নির্বাচনী প্রতীক ধানের শীষ। আশপাশের ভবনের ছাদেও প্রচুর লোক দেখা গেছে।
পরে সার্কিট হাউজে কিছুক্ষণ যাত্রা বিরতির পর খালেদা জিয়া বরুড়া কলেজ মাঠে দলীয় প্রার্থী জাকারিয়া তাহের সুমন, চাঁদপুরের হাজিগঞ্জে হাজিগঞ্জ মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে চারদলীয় জোট প্রার্থী হারুনুর রশিদ ও চাঁদপুর-৫ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক, কচুয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয় মাঠে আ ন ম এহছানুল হক মিলন, লক্ষ্মীপুরের রামগঞ্জে রামগঞ্জ কলেজ মাঠে নাজিম উদ্দিন আহমেদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন।
এসব জনসভায় খালেদা জিয়া আওয়ামী লীগ ও এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, "যারা লগি-বৈঠার রাজনীতি করে নির্বাচন বানচাল করেছে তারাই এক সময় স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে ৮৬'র নির্বাচনে অংশ নিয়ে জাতীয় বেঈমান হয়েছিল। তাদের মিষ্টি কথায় ভুল করবেন না, তারা ক্ষমতায় গিয়ে আপনাদের ভুলে যাবে।"
নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকার কথা উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, "অতীতে তারা অনেক পক্ষপাতমূলক আচরণ করেছে, আবার দুঃখ প্রকাশও করেছে। তাই এবার সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন যেন কারো পক্ষ অবলম্বন না করে সে দাবি আমাদের।"
তিনি সরকারের প্রশাসনকেও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার আহ্বান জানান।
এদিকে, কুমিল্লা, চান্দিনা ও বরুড়া জনসভায় খালেদা জিয়ার নিরাপত্তায় বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মীকে নিয়োজিত থাকতে দেখা গেছে।
এরপর লক্ষ্মীপুরের রায়পুর, প্রতাপগঞ্জ; নোয়াখালীর চৌমুহনী, সোনাপুর, কবির হাট, বসুর হাট ও ফেনীর দাগনভুঁইয়ায় নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে খালেদার।
সোমবার বিএনপি চেয়ারপারসন সিলেটে থেকে ফেরার পথে গাজীপুরের কাপাসিয়ায় শেষ জনসভা করে রাত সাড়ে তিনটায় ঢাকা ফেরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এএল/এমএইচবি/২১০০ ঘ.
bdnews24