ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ জনপদে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, "আপনারা (ব্যবসায়ী) একটু গ্রামের দিকে তাকান। গ্রামের মানুষের কর্মসংস্থানের সুযোগ কিভাবে সৃষ্টি করা যায়, ভবিষ্যতে আপনারা সেদিকে নজর দেবেন বলে আশা করি।"
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগের উদ্যোগে 'দিন বদলের সনদ- ভিশন ২০২১: বেসরকারি খাতের ভূমিকা' শীর্ষক এক অনুষ্ঠানে হাসিনা একথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রী আমদানি নির্ভরতা কমানো এবং দেশি পণ্যের বাজার সৃষ্টির আহ্বান জানান। অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের সমর্থনও চান তিনি।
শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত দ্বিতল সড়ক, একটি নতুন বিমানবন্দর স্থাপনসহ ব্যবসায়ীদের দাবি অনুযায়ী যোগাযোগ খাতের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেওয়া হবে। রাজধানীর যানজট নিরসনেও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন তিনি।
নবম জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা হরতাল বন্ধসহ অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রীর প্রতিশ্র"তি চান।
শেখ হাসিনা ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "আমাদের সবচেয়ে বড় সমস্যা দারিদ্র্য। আপনারা (ব্যবসায়ী) যতই ব্যবসা-বাণিজ্য করেন না কেন; দারিদ্র্য না কমলে, দেশের মানুষের ক্রয় ক্ষমতা না বাড়লে, তারা জিনিসপত্র কিনতে পারবে না। তাই শুধু বিদেশে রপ্তানি করলেই চলবে না, দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে।"
গ্রামীণ অর্থনীতি সচল করার ওপর জোর দিয়ে তিনি বলেন, "আপনারা (ব্যবসায়ী) একটু গ্রামের দিকে তাকান।
"গ্রামের মানুষ-কৃষক আমাদের প্রাণ। মানুষের যদি গোলা ভরা ধান থাকে, তাহলে অন্য খাতে ব্যয় করতে পারবে। আমরা ভিক্ষুক কিংবা সাহায্য নির্ভর দেশ হয়ে থাকতে চাই না। আপনারা গ্রামের দিকে নজর দিন। গ্রামের উন্নয়ন ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব নয়।"
"দেশের মানুষকে আগে দারিদ্র্য থেকে মুক্তি দিতে হবে। এ কারণেই আমরা অর্থনৈতিক মুক্তির জন্য 'দিন বদলের সনদ' দিয়েছি।"
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে জিডিপি প্রবৃদ্ধি বেড়েছিল এবং মূল্যস্ফীতি কমেছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, "'৯৬ সালে আমরা যখন দায়িত্ব নিই, তখন মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ছিল ৪ শতাংশ। মূল্যস্ফীতি ছিল ৬ শতাংশের ওপরে। আমরা প্রবৃদ্ধি ৬ শতাংশে উন্নীত করেছিলাম। আর মূল্যস্ফীতি ১ দশমিক ৯ শতাংশে নামিয়ে এনেছিলাম।
"জিডিপি বেশি হলে আর মূল্যস্ফীতি কম থাকলে দারিদ্র্য বিমোচনে ইতিবাচক প্রভাব পড়ে।"
দেশের অর্থনীতিতে রেমিটেন্সের অবদানের গুরুত্ব তুলে ধরে হাসিনা আশ্বাস দেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।
হাসিনার বক্তব্যের আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সভাপতি আনিসুল হক বলেন, "আওয়ামী লীগ যে দিন বদলের ইশতেহার দিয়েছে তা বাস্তবায়ন করার শক্তি তাদের রয়েছে। আশা করছি, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে গ্যাস ও বিদ্যুতের বিষয়টি অগ্রাধিকার দেবে এবং বাপেক্সকে কার্যকর করবে।"
তিনি বলেন, "গ্যাস অনুসন্ধানের জন্য দরকার হলে আমরা (ব্যবসায়ীরা) টাকা দেব। অবকাঠামো উন্নয়নেও আমরা সহায়তা করব।"
আনিসুল হক বলেন, "টাকার চেয়ে বড় সমস্যা হল দুর্নীতি ও সিদ্ধান্ত নেওয়ার সমস্যা। রাজনৈতিক সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে পারলে জিডিপি প্রবৃদ্ধি ৮-৯ শতাংশে নিয়ে যাওয়া কোনও সমস্যা নয়।"
হরতালের বিরোধিতা করে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, "আপা দেখেন, এখানে উপস্থিত কেউই হরতাল চায় না।"
এ পর্যায়ে ব্যবসায়ীদের উদ্দেশে এফবিসিসিআই সভাপতি বলেন, "আপনারা কে কে হরতাল চান না, হাত তুলুন।"
এ সময় সবাই হাত তুলে সমস্বরে বলে, "আমরা হরতাল চাই না।"
এফবিসিসিআই'র সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, "গত দুই বছরে অনেক অর্থনৈতিক সমস্যা হয়েছে। আগামী সরকারকে এসব সমস্যার সমাধান করতে হবে।"
উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ বলেন, "দিন বদল তখনই হবে, যখন রাজনৈতিক দলগুলো ব্যবসায়ীদের মূল্যায়ন করবে।"
আওয়ামী লীগ সভানেত্রী সবার শেষে বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, "আমি একটি লিখিত বক্তব্য নিয়ে এসেছিলাম। কিন্তু আপনাদের কথা শোনার পর আর এ বক্তব্য পড়তে চাই না।"
অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের সমর্থন চেয়ে শেখ হাসিনা বলেন, "অর্থনৈতিক উন্নয়নে আপনাদের সমর্থন দরকার।"
তিনি একইসঙ্গে বলেন, "নিজেরা ভালো-মন্দ খাবেন, ভালো গাড়িতে চড়বেন, আর গরিব মানুষ কষ্টে থাকবে- এটা হতে পারে না।
"আপনারা অনেক কথা বলেছেন। আমাদেরও (রাজনৈতিক দল) তো কিছু অভিযোগ আছে। আপনারা যা করছেন, এটাই তো সব নয়। কিছু ইন্ডাস্ট্রি করেন। কিছু লোকের চাকরি দেন।"
আওয়ামী লীগের সময় বেসরকারি খাতের উন্নয়নের বর্ণনা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বলেন, "জনগণের ভোটে ক্ষমতায় গেলে আমাদের কিছু প্রস্তাব থাকবে আপনাদের কাছে। সে জন্য আপনারা প্রস্তুত থাকবেন।"
আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে যোগাযোগ খাতে উন্নয়নের আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, "আনিস (আনিসুল হক) বলেছেন, টাকার কোনও সমস্যাই হবে না। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত দ্বিতল সড়ক হবে। বেসরকারি খাত দায়িত্ব নিলে আমরা তা ছেড়ে দিব। বিমানবন্দরটা বেসরকারি খাতেই থাকবে।
"সরকারি অর্থ আমরা সামাজিক খাতে ব্যবহার করতে চাই। আমরা ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের ওপর জোর দেব।"
আওয়ামী লীগ সভানেত্রী বিভিন্ন ধরনের শিল্প স্থাপনের ওপর জোর দিয়ে বলেন, "শুধু গার্মেন্টসের ওপর নির্ভর করে থাকলে চলবে না। আর কোন কোন জিনিসের চাহিদা রয়েছে তা খুঁজে বের করতে হবে।"
কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির ওপর জোর দিয়ে তিনি বলেন, "এগুলো কাজে লাগালে বাংলাদেশ আর দরিদ্র থাকবে না।"
আওয়ামী লীগ ক্ষমতায় গেলে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ রাখার প্রতিশ্র"তি দিয়ে হাসিনা বলেন, "সব কিছু রাজধানী কেন্দ্রিক নয়, বরং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে।"
হাসিনা বক্তব্যের এক পর্যায়ে ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বলেন, "গত দুই বছর নিশ্চয়ই আপনারা ভালো ছিলেন।"
ব্যবসায়ীদের পক্ষ থেকে উত্তর আসে, "না।"
হাসিনা বলেন, "কেন? এ দুই বছর তো হরতাল হয়নি।
"আপনারা (ব্যবসায়ীরা) গত দুই বছর ভালো থাকতে পারেননি। একটা ভীতিকর অবস্থার মধ্যে ছিলেন। শুধু রাজনীতিবিদরাই চাঁদাবাজি করে না। চাঁদাবাজি কত প্রকার ও কী কী; তা গত দুই বছরে দেখা গেছে।"
ব্যবসায়ীদের উদ্দেশে হাসিনা বলেন, "কাজ পাওয়ার জন্য চাঁদা ও ঘুষ দেওয়া আগে বন্ধ করেন। আপনারাই ঘুষ ও চাঁদা দেবেন, আর পরে এগুলো বলবেন- তা তো হবে না।"
হরতালের বিষয়ে তিনি বলেন, "এ দুই বছর হরতাল হয়নি। হরতালের অভ্যেসই নষ্ট হয়ে গেছে। আশা করি, আগামীতেও আর হরতাল হবে না।"
আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি ৩০৮ দিন হরতাল করেছিল জানিয়ে হাসিনা বলেন, "তাতে কিন্তু উন্নয়ন ব্যাহত হয়নি। রপ্তানি ও বিদেশি বিনিয়োগও বেড়েছিল।"
সন্ত্রাসের বিষয়ে তিনি বলেন, "সামরিক স্বৈরশাসকরাই সন্ত্রাস নিয়ে আসে। আপনারা তো দেখেছেন, এক কথা বলেই আমি জেলে গেছি।"
অনুষ্ঠানে এফবিসিসিআই'র সাবেক সভাপতি এবং আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এআরএইচ/এফএফ/এমআই/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24