নেত্রকোনা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় সোমবার রাতে এক ভিডিও টেলি-কনফারেন্সে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় গেলে তার দল একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি বলেন, "আমরা আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। এই টেলি-কনফারেন্স তারই একটি ক্ষুদ্র নমুনা।"
জনগণকে বিজয় মাসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী ২৯ ডিসেম্বর এই আসনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে আরেকটি জয় ছিনিয়ে আনার আহ্বান জানান হাসিনা।
ভিডিও কনফারেন্সে তিনি বলেন, "বিএনপি ও জামায়াত জোটের অত্যাচার ভুলবার নয়। তারা ২০০১ সালে ক্ষমতায় এসেই লুটপাটের রাজত্ব কায়েম করে ঘুষ, দুর্নীতিতে দেশটাকে শেষ করে ফেলেছে।
"জোট সরকারের সময় সমাজের প্রতিটি ক্ষেত্রে এরা দুর্নীতি করেছে। এখন আবার চোরের মায়ের বড় গলা।"
বক্তব্য শেষে হাসিনা এলাকার উন্নয়নের ব্যাপারে উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
ভিডিও কনফারেন্সের আগে সন্ধ্যায় পূর্বধলা উপজেলার আগিয়া হাইস্কুল মাঠে নেত্রকোনা-৫ আসনের মহাজোটের প্রার্থী ওয়ারেসাত হোসেন বেলালের পক্ষে একটি জনসভা হয়।
মির্জা আব্দুল আজিজ রুবেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন- নেত্রকোনা-৫ আসনের মহাজোট প্রার্থী ওয়ারেসাত হোসেন বেলাল, এরশাদ হোসেন মালু, মোতাহার হোসেন বকুল, ইউনুস আলী মণ্ডল, রুক্কু তালুকদার, জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আজাদ, মাসুদ আলম টিপু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০১২০ ঘ.
bdnews24