২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: ২১ প্রার্থীর ব্যাপারে তদন্ত প্রতিবেদন

আসন্ন সংসদ নির্বাচনের ২১ জন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের তদন্ত শেষে নির্বাচন কমিশনে প্রতিবেদন দিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। এছাড়া একটি বেসরকারি সংস্থার কর্মকর্তার বিরুদ্ধেও কমিটি প্রতিবেদন দিয়েছে। এসব প্রতিবেদন সোমবার কমিশনে জমা পড়ে। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 07:10 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনের ২১ জন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন দিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। এছাড়া একটি বেসরকারি সংস্থার কর্মকর্তার বিরুদ্ধেও কমিটি প্রতিবেদন দিয়েছে। এসব প্রতিবেদন সোমবার কমিশনে জমা পড়ে। কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (আইন) নুরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, "আচরণবিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির সুরপারিশের ভিত্তিতে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।" যে প্রার্থীদের বিরুদ্ধে তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে তারা হলেন- লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারার আব্দুল মান্নান, রাজশাহী-৪ আসনে বিএনপির আব্দুল গফুর, যশোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট নূর হোসেন, রাজশাহী-৬ আসনে আওয়ামীলীগের মো. শাহরিয়ার আলম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মো. হারুনুর রশিদ, রাজশাহী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সরদার আমজাদ হোসেন ও আওয়ামীলীগের ইঞ্জিনিয়ার এনামুল হক, নেত্রকোনা-২ আসনে আওয়ামী লীেেগর মো. আশরাফ আলী খান ও বিএনপির আশরাফ উদ্দিন খান, লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগের আব্দুর রব চৌধুরী, খুলনা-২ আসনে আওয়ামীলীগের মুহাম্মদ মিজানুর রহমান, যশোর-১ আসনে জামায়তের মো. আজিজুর রহমান, পাবনা-৫ আসনে মহাজোট প্রার্থী গোলাম ফারুক প্রিন্স, যশোর-২ আসনে আওয়ামীগের মোস্তফা ফারুক মোহাম্মদ, লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির এবিএম আশরাফ উদ্দিন মিজান, চাঁদপুর-২ আসনে বিএনপির মো. নুরুল হুদা, হবিগঞ্জ-৩ আসনে ন্যাশনাল আওয়ামী পার্টির অ্যাডভোকেট মো. সাইদুর রহমান, হবিগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির মো. আবীর আলী চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে বিএনপির এসএম ফয়সল, হবিগঞ্জ-৩ আসনে বিএনপির আবু লেইস মো. মুবিন চৌধুরী ও আওয়ামী লীগের মো. আবু জাহির এবং দিনাজপুর-৩ আসনে বেসরকারী প্রতিষ্ঠান আস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন'র নির্বাহী পরিচালক নাহিদ পারভিন। সর্বশেষ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ- তিনি ত্রাণের চাল-ডাল বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে- লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী আব্দুল মান্নান হেলিকপ্টারে করে তার নির্বাচনী এলাকায় গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া তার সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে টাকা, শাড়ি, শীতবস্ত্র বিতরণ করেন বলে অভিযোগ পাওয়া যায়। রাজশাহী-৪ আসনে মো. আব্দুল গফুর মোটর সাইকেল ও নছিমন মিছিল করে নির্বাচনী প্রচার চালিয়েছেন। যশোর-১ আসনের অ্যাডভোকেট নূর হোসেনের পক্ষে শার্শা সরকারী হাসপাতাল, পিআইও অফিস ও শার্শা পূর্ব পাড়া জামে মসজিদ মোড়ের দোকানে দেয়াল লিখন হয়েছে। রাজশাহী-৬ আসনে মো. শাহরিয়ার আলমের পক্ষে একাধিক নির্বাচনী ক্যাম্প করা হয়েছে। চাপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. হারুনুর রশিদ রাস্তা দখল করে নির্বাচনী প্রচার চালিয়েছেন। একাধিকবার সতর্ক করার পরও রাজশাহী-৪ আসনে সরদার আমজাদ হোসেনের পক্ষে দেয়ালে পোস্টার সাঁটানো হয়েছে। অন্যদিকে ইঞ্জিনিয়ার এনামুল হক যান্ত্রিক যান ব্যবহার করে মিছিল করেছেন। নেত্রকোনা-২ আসনে মো. আশরাফ আলী খান নির্ধারিত সময়ের আগেই মাইকে নির্বাচনী প্রচার চালিয়েছেন। নেত্রকোনা সদরের পল্লী বিদ্যুত সমিতির কার্যালয়ের দেওয়ালে আশরাফ উদ্দিন খানের নির্বাচনী পোস্টার পেয়েছে কমিটি। লক্ষ্মীপুর-৪ আসনে আব্দুর রব চৌধুরীর বিরুদ্ধেও দেয়াল লিখনের প্রমাণ পেয়েছে কমিটি। খুলনা-২ আসনে মুহাম্মদ মিজানুর রহমান বিশাল আকৃতির নির্বাচনী ব্যানার ঝুলিয়েছেন। পাবনা-৫ আসনে মহাজোট প্রার্থী গোলাম ফারুক প্রিন্সের পক্ষে তার নির্বাচনী এলাকার বিভিন্ন দেয়ালে শেখ মুজিবের প্রতিকৃতি ও নৌকা প্রতীক আঁকা হয়েছে। তদন্ত কমিটি এর সত্যতা খুঁজে পেয়েছে। যশোর-২ আসনে মোস্তফা ফারুক মোহাম্মদ মোটর সাইকেল, মাইক্রোবাস, নছিমন ব্যবহার করে নির্বাচনী প্রচার চালিয়েছেন এবং মিছিলকারীদের মধ্যে খাবার সরবরাহ করেছেন- এমন প্রমাণ পাওয়া গেছে। হবিগঞ্জ-৩ আসনে অ্যাডভোকেট মো. সাইদুর রহমানের বিরুদ্ধে হবিগঞ্জ সদরে একাধিক দোকানের বেড়ায় নির্বাচনী পোস্টার সাঁটানোর প্রমাণ পেয়েছে কমিটি। হবিগঞ্জ-২ আসনে মো. আবির আলী চৌধুরী দুটি মোটরগাড়িতে পোস্টার ব্যবহার করে প্রচার চালিয়েছেন। হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সলের পক্ষে জগদিশপুর মোড়, নোয়াপাড়াসহ বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার সাঁটানো হয়েছে। হবিগঞ্জ-৩ আসনে আবু লেইছ মো. মুবিন চৌধুরী ও মো. আবু জাহিরের বিরুদ্ধেও একই অভিযোড় পেয়ে তাদের সতর্ক করে দিয়েছে কমিটি। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, নির্বাচনী আচরণ ভঙ্গের কারণে একজন প্রার্থীকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়ার সুযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০১০০ ঘ.