২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর নির্বাচন ঢাকা-৫: নৌকা-লাঙ্গলের ফাঁকে মাথা ছাড়াচ্ছে ধানের শীষ

শ্যামপুর, শনিরআখড়া, ডেমরা, যাত্রাবাড়ী এলাকাজুড়ে পাশাপাশি দড়িতে ঝুলছে নৌকা আর লাঙ্গলের পোস্টার। লাঙ্গলের পোস্টারে লেখা রয়েছে 'মহাজোট মনোনীত প্রার্থী....'। নৌকার পোস্টারে লেখা, 'শেখ হাসিনার মনোনীত প্রার্থী....'। ঢাকা- ৫ আসনে মহাজোটের দুই শরিকের লড়াইয়ে সুযোগে ধানের শীষ এগিয়ে যাচ্ছে- অনেক ভোটারের এমন বিশ্বাস তুলে ধরেছেন গোলাম মোর্তুজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শ্যামপুর, শনিরআখড়া, ডেমরা, যাত্রাবাড়ী এলাকাজুড়ে পাশাপাশি দড়িতে ঝুলছে নৌকা আর লাঙ্গলের পোস্টার। লাঙ্গলের পোস্টারে লেখা রয়েছে 'মহাজোট মনোনীত প্রার্থী....'। নৌকার পোস্টারে লেখা, 'শেখ হাসিনার মনোনীত প্রার্থী....'। এটি ঢাকা- ৫ আসন। এখানে জাতীয় পার্টির ঢাকা মহানগর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল প্রতীকে আর আওয়ামী লীগের কারাবন্দি নেতা হাবিবুর রহমান মোল্লার অনুসারীরা নৌকা প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরফলে অতীতে জনরোষে পরা বিএনপি সাংসদ সালাউদ্দীন আহমেদের ধানের শীষ এর জয়লাভের সম্ভাবনা বাড়ছেই বলে মনে করছেন এলাকাবাসীর অনেকে। দুর্নীতির অভিযোগে কারাবন্দি হাবিবুর রহমান মোল্লাকে প্রথমে নৌকা প্রতীক দেয়নি নির্বাচন কমিশন। তবে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ করে কমিশন। হাইকোর্টের আদেশে তিনি নৌকা প্রতীক পান ১৯ ডিসেম্বর। তখন থেকেই তার ছেলে মশিউর রহমান মোল্লা সজল অনুসারীদের নিয়ে নৌকার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশপাশি চলছে লাঙ্গলেরও প্রচারণা। যতো দিন গড়চ্ছে বিভ্রান্ত ও বিভক্ত হয়ে পড়ছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা। জাতীয় পার্টির বাবলা বললেন, "ইলেকশন এখানে এইভাবে তো হতে পারে না। বিভক্তি হানাহানির পর্যায়ে চলে গেছে। মহাজোট আমাকে মনোনয়ন দিয়েছে। এখন কীভাবে নৌকা প্রতীকে আরেকজন মনোনয়ন পেতে পারেন।" হাবিবুর রহমান মোল্লার ছেলে সজল বললেন, "আমরা মহাজোট নেত্রী শেখ হাসিনার চিঠি নিয়ে হাইকোর্ট থেকে নৌকা প্রতীক নিয়ে এসেছি। তাই নৌকারই ইলেকশন করবে মহাজোট নেতা-কর্মীরা।" বাবলা ও সজল দু'জনই জানিয়েছেন, মহাজোট বা দল থেকে তাদের কোনও নির্দেশনা দেওয়া হয়নি। এলাকাবাসী শাহাদত হোসেন রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এইবার একটা 'সালাউদ্দীন ঠেকাও' জোয়ার ছিল। কিন্তু মহাজোটের বিভক্তির কারণে শেষ পর্যন্ত কি হয় বলা মুশকিল।" তিনি জানান, মহাজোটের টিকেট নিয়ে প্রথমে আবু হোসেন বাবলা প্রচারণা শুরু করেন। আওয়ামী লীগ কর্মীসহ অনেক মানুষ তার পক্ষে কাজ করা শুরু করে। কিন্তু ১৯ ডিসেম্বর আবার নৌকা প্রতীক নিয়ে হাজির হন হাবিবুর রহমান মোল্লার ছেলে সজল। তাই নেতা-কর্মীরা এখন বিভ্রান্ত।" রুবেল বলেন, "আমরা ধানের শীষের বিরুদ্ধে নই, সালাউদ্দীনের বিরুদ্ধে। এলাকার বিএনপির অনেক কমিশনার ও অন্য নেতাও তার বিপক্ষে। প্রথমদিকে প্রচারণা ভালই চলছিল মহাজোটের পক্ষে। কিন্তু এরপরেই গ্যাঞ্জাম লেগে যায়। এখন মহাজোটের কোনও এক শরিক ছাড় না দিলে ক্যালকুলেশনের রেজাল্ট আসবে ভিন্ন।" শনির আখড়ায় এক চায়ের দোকানে নির্বাচনী আলোচনায় মশগুল এক দল লোকের মাঝে নেতাদের প্রতিশ্রতি নিয়ে প্রশ্ন করতেই বৃদ্ধ ময়না মিয়া বলে উঠলেন "এগলি শুইন্যাও কাম নাই-বুইঝ্যাও কাম নাই। আমাগো এমপি সাবে (সাবেক সাংসদ সালাউদ্দীন) তো অনেক কথাই কইছিল। হ্যাসে আইসা পাবলিকের দৌড়ানি খাইলো।" তার কথায় প্রতিবাদ করে মোশাররফ নামে একজন বললেন, "এমপি সাবে কাম করছে ভাল। তয় মানুষটার মেজাজ একটু বেশি। হেইদিন (মে, ২০০৬ এর বিক্ষোভের সময়) পাবলিকরে একটু বুঝায়া কইতে পারলেই সে আর দৌড়ানি খাইতো না। মেজাজ দেখাইতে গিয়াই তো পাবলিকের দৌড়ানি খাইল।" মোটর সারাই গ্যারেজের কর্মী জুয়েল বললেন, "তয় এইবার যদি লাঙ্গল আর নৌকার মিল না হয় তাইলে আবারও সালাউদ্দীন সাবই আইবো।" মহাজোট নিয়ে ভোটারদের আশঙ্কা প্রসঙ্গে জাতীয় পার্টির প্রার্থী আবু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আল্লার রহমতে ভালই চলছিল। কিন্তু এখন এখানে নৌকা প্রতীক একজনকে দেওয়া হলো কী হিসাবে বুঝতে পারছি না।" মহাজোট যদি আপনাকে ছাড় দিতে বলে সেক্ষেত্রে কী করবেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা অসম্ভব। আমি বিশ্বাস করি দুনিয়া উল্টে গেলেও এখানে নৌকাকে সবুজ সংকেত দিতে পারে না মহাজোট। জোটনেত্রী বিচক্ষণ। আমার বিশ্বাস মহাজোটের স্বার্থে তিনি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এখানে নৌকাকে বসে যেতে বলবেন।" "তাছাড়া নৌকার প্রার্থী হাবিবুর রহমান মোল্লা এখন দুর্নীতির অভিযোগে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা চলছে। আল্লাহ না করুক, তিনি যদি দোষীসাব্যস্ত হন তখন কী হবে।" অন্যদিকে হাবিবুর রহমান মোল্লার ছেলে সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ আসনে প্রথমে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে দল (আওয়ামী লীগ) থেকে আমার বাবাকে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়নি। প্রত্যাহার না করার কারণে আমার বাবার মনোনয়ন বৈধ হিসেবে থেকে যায়। তবে তাকে স্বতন্ত্র স্ট্যাটাস দিয়েছিল নির্বাচন কমিশন। যখন আমাদের প্রতীক (নৌকা) দিল না তখন আমি নিজে যাই মহাজোট নেত্রীর কাছে। নৌকা প্রতীক দেওয়া হয়নি শুনে নেত্রী বিস্ময় প্রকাশ করেন। পরে আমরা নেত্রীর চিঠি নিয়ে হাইকোর্টে যাই।" হাসিনার চিঠি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে নৌকা প্রতীক লাভ করা প্রসঙ্গে আবু হোসেন বাবলা বলেন, "শেখ হাসিনার কথিত ওই চিঠিটির স্বাক্ষর জাল হতে পারে।" এ আসনে মহাজোটের প্রার্থিতার বিষয়টি দ্রুত সমাধান উচিত মন্তব্য করে সজল বলেন, "এখন এখানে ওপেন ফিল্ড। তিনি (বাবলা) লাঙল নিয়ে আর আমরা নৌকা নিয়ে প্রচারণা চালাচ্ছি। তবে যদি আগের নির্বাচনের হিসাব করা হয় তবে অবশ্যই সিদ্ধান্ত নৌকার পক্ষেই আসবে। আমার বাবা দুর্নীতির অভিযোগে জেলে থাকলেও এলাকাবাসী তা বিশ্বাস করে না।" ২০০১ সা