২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে চারদলের নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে রোববার সন্ধ্যায় চারদলীয় জোটের নির্বাচনী মিছিলে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলার জন্য জামায়াতে ইসলামী মহাজোটকে দায়ী করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

কক্সবাজার, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে রোববার সন্ধ্যায় চারদলীয় জোটের নির্বাচনী মিছিলে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলার জন্য জামায়াতে ইসলামী মহাজোটকে দায়ী করেছে। এ ব্যাপারে ওই আসনের মহাজোট প্রার্থী ড. আনসারুল করিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নির্বাচনী কাজে ব্যস্ত আছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট শাহেদ লতিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে বক্তব্য দেওয়ার অধিকার রাখেন না তিনি। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোস্টার ছেড়াকে কেন্দ্র করে হামলার হয়েছে। তবে কারা হামলা করেছে সেটা তিনি জানাতে পারেননি। তিনি বলেন, ঘটনার পরপরই তিনি মহেশখালীর ধলঘাটা নাছির মোহাম্মদ ডেইল এলাকার ঘটনাস্থলে যান। তবে এ ব্যাপারে কেউ এখনও লিখিত অভিযোগ করেনি বলে তিনি জানান। অবশ্য হামলার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ ৫০ জনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমির। সোমবার বিকেল ৫টায় শহরের জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজারে চারদলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান অভিযোগ করেন, রোববার রাত সাড়ে ৭টার দিকে চারদলের প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদের সমর্থনে একটি মিছিল মহেশখালীর ধলঘাটা নাছির মোহাম্মদ ডেইল এলাকা অতিক্রম কালে মহাজোট প্রার্থীর সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় উত্তেজনা ছড়ালে কিছুক্ষণের মধ্যেই মহাজোট 'ক্যাডার'র সংঘবদ্ধ হয়ে লাঠি সোটা ও দা নিয়ে মিছিলের উপর হামলা চালায়। তিনি দাবি করেন, হামলায় ধলঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলমসহ ১৭ জন আহত হয়েছেন। শফিউল আলম, জুয়েল ও এখলাস নামের তিনজনের অবস্থা গুরুতর। এদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জেলা জামায়াতের আমির দাবি করেন, মহাজোট প্রার্থী 'পরাজয়ের আশঙ্কায়' জোট প্রার্থীর সমর্থকদের উপর হামলার পথ বেছে নিয়েছে। ধলঘাটার এই পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান। সংবাদ সম্মেলনে চারদলীয় জোট আচরণবিধি বহির্ভূত যাবতীয় কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ, চিহ্নিত সশস্ত্র সস্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ, ধলঘাটায় দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিলে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা এবং মহেশখালী ভৌগলিক অবস্থা বিবেচনায় মাতারবাড়ি, ধলঘাটা, কালারমারছড়া, বড় মহেশখালী, ছোট মহেশখালীতে ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪০ ঘ.