ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটের মাঠে প্রভাব ফেলার জন্যই দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে 'অপপ্রচার' চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, "চার দলের নেতারা জয়ের নামে আবোল-তাবোল বলছেন। জয়ের চরিত্র হননের চেষ্টা করছেন। এভাবে লিফলেট বিলি করে আমরাও অনেকের চরিত্র হনন করতে পারতাম।"
আওয়ামী লীগের মিডিয়া সেন্টারে সোমবার বিকেলে নিয়মিত সংবাদ সম্মেলনে এইচ টি ইমাম এ অভিযোগ করেন। জয়ের বিরুদ্ধে এ ধরনের 'অপপ্রচারে' বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও সিমেন্স কোম্পানির কাছ থেকে ঘুষ গ্রহণের বিষয়ে প্রকাশিত সংবাদের দৃষ্টি আকর্ষণ করে এইচ টি ইমাম বলেন, "খালেদা জিয়াকে আমরা মানি। আমরা তাকে সম্মান করি। তার ছেলে এরকম করলে তো লজ্জায় মুখ দেখানোর জায়গা থাকে না। আর সত্যের মুখোমুখি হয়ে চারদলীয় জোট নেতারা আবাল-তাবোল বলছেন।"
জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, "সাঈদী সাহেব তো প্রতিদিন কিছু না কিছু করেই যাচ্ছেন। এখন জামায়তের নারী কর্মীরা এলাকায় টাকা বিলি করছে। এছাড়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও দেলোয়ার হোসেন সাঈদী প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করে ইতোমধ্যেই নিজ নিজ নির্বাচনী এলাকায় পুলিশের দুই সদস্যকে পরিবর্তন করিয়েছেন।"
রাজশাহী-১ আসনে মহাজোট প্রার্থী ওমর আলীর গাড়ীতে তানোর উপজেলায় হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, "আমরা জানি কারা এসব হামলা করছে।"
এছাড়া শেরপুর-২ আসনের নকলার চন্দনপুরে স্থানীয় চেয়ারম্যান ভিজিএফ কার্ড বিতরণের সময় জাতীয় পরিচয়পত্র নিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ করেন এইচ টি ইমাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/এসকে/২০৪১ঘ.
bdnews24