২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ থেকে ২৯ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত হবে

২৯ ডিসেম্বরের ভোট গ্রহণকে সামনে রেখে ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৯ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত প্রতিটি নির্বাচনী এলাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব অথবা অন্য কোনো যান চলাচল এবং আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯ ডিসেম্বরের ভোট গ্রহণকে সামনে রেখে ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৯ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত প্রতিটি নির্বাচনী এলাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব অথবা অন্য কোনো যান চলাচল এবং আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মহাসড়ক বা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলাচলকারী যানবাহনের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না। সোমবার মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, নির্বাচন উপলক্ষে সারাদেশে মোট চার লাখ ৬৬ হাজার আনসার সদস্য ও ছয় হাজার র‌্যাব সদস্য মোতায়েন করা হবে। এছাড়া নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্য ও বিডিআর মোতায়েন করা হবে। সেনাবাহিনীর মতো বিডিআর সদস্যরাও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। প্রতিটি স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট না বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে জানতে চাইলে সচিব বলেন, "নির্বাচন কমিশন থেকে 'জুডিসিয়াল' ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। তবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাপন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তারাই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।" সচিব আব্দুল করিম জানান, মহানগরী এলাকায় সাধারণ ভোট কেন্দ্রের জন্য তিনজন অস্ত্রধারী পুলিশ, একজন অঙ্গীভূত সশস্ত্র আনসার, লাঠিসহ একজন অঙ্গীভূত আনসার, লাঠিসহ ছয়জন পুরুষ ও চারজন মহিলা আনসার, লাঠিসহ একজন গ্রাম পুলিশ, চৌকিদার বা দফাদার মোতায়েন করা হবে। সব মিলিয়ে প্রতি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবে মোট ১৬ জন। তবে 'গুরুত্বপূর্ণ' (আগে যাকে 'ঝুঁকিপূণর্' বলা হতো) কেন্দ্রগুলোতে অস্ত্রধারী পুলিশ থাকবে পাঁচজন করে। এতে ওইসব কেন্দ্রে নিরাপত্তা দায়িত্ব পালনকারীর মোট সংখ্যা হবে ১৮ জন। সচিব আরো জানান, দেশের পার্বত্যাঞ্চল, দ্বীপাঞ্চল ও হাওড় এলাকার সাধারণ ভোটকেন্দ্রে ১৫ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। যেসব এলাকায় নির্বাচনী সরঞ্জামাদি আনা-নেওয়ায় হেলিকপ্টার প্রয়োজন, সেখানে বিশেষ হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে। উপকূলীয় জেলাগুলোয় কোস্টগার্ড ও সীমান্তবর্তী ১৭ জেলায় বিডিআর স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ব্রিফিংয়ে জানানো হয়, পুলিশ ও আনসার সদস্যরা ভোট কেন্দ্রের ভেতরে আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী সরঞ্জাম আনা-নেওয়ার দায়িত্ব পালন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনসাধারণ ও ভোটারদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করবে। বিডিআর ও সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাইরের নিরাপত্তায় কাজ করবে। নির্বাচন উপলক্ষে ২০ ডিসেম্বর থেকে সারাদেশে সশস্ত্র বাহিনীর ৫০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আগামী ২৪ ডিসেম্বর থেকে ছয় হাজার র‌্যাব সদস্য ও বিপুলসংখ্যক আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য মোতায়েন করা হবে বলে জানান সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/২০০০ঘ.