রংপুর, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর-৩ (সদর) আসনে অন্যন্য প্রার্থীর প্রচার-প্রচারণা চললেও চারদলীয় জোট প্রার্থী আব্দুল কাইয়ুম মণ্ডলের নির্বাচনী কর্মকাণ্ড চোখে পড়ছে না। মনোনয়নপত্র দাখিলের পর নির্বাচনী এলাকায় তার পক্ষে কোনো মিছিল হয়নি। কোথাও তার পোস্টারও লাগানো হয়নি।
এ ব্যাপারে রোববার সন্ধ্যায় কাইয়ুম মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পোস্টার ছাপতে দিয়েছি। আগে লাগালে নষ্ট হয়ে যাবে।"
প্রচারণা চলছে দাবি করে তিনি বলেন, "রোববার শহরের রামমোহন মার্কেটে গণসংযোগ করেছি। মেডিকেল কলেজে মিছিল হয়েছে।"
এ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
নির্বাচনী প্রচারণার ব্যাপারে বিএনপি কর্মী দুলাল, মমতাজ ও আব্দুল মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ আসনে এরশাদ জয়ী হবে। বেকার প্রচারণা চালিয়ে লাভ কী!
তারা দাবি করেন, তাদের প্রার্থী কাইয়ুম মণ্ডল নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন না, প্রচারণা চালতে সামান্য টাকা খরচ করা দরকার- তাও তিনি করছেন না।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া রংপুরে আসার পরও শহরে একটিও পথসভা হয়নি জানিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।
রংপুর জেলা জামায়াত আমির মাহবুবার রহমান বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি থেকে কিংবা প্রার্থী নিজে আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। এই আসনটি তারা এরশাদকে ওয়াকওভার দিয়েছে কিনা বুঝতে পারছি না।"
তবে সহায়তা চাইলে তারা কাজ করতে রাজি আছেন বলে জানান।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের এবিএম গোলাম মোস্তফা, জাসদের (রব) সেকেন্দার রহমান দুদু, কৃষক শ্রমিক জনতা লীগের সায়েদ আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবির শাহাদত হোসেন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের আব্দুল কুদ্দুস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এমএইচবি/১৬১২ ঘ.
bdnews24