সায়েদ তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্টনমেন্টসহ আশপাশের এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে এবার মহাজোট আর চারদলীয় জোটের দুই প্রার্থীই সাবেক সেনা কর্মকর্তা; এইচএম এরশাদ ও আসম হান্নান শাহ। দুই জোটের বাইরে নতুন দল কল্যাণ পার্টির হয়ে যিনি লড়ছেন, তিনিও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
নবম সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রার্থী মোট ৮ জন। তবে মূল লড়াই হবে মহাজোট প্রার্থী, জাতীয় পার্টি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এইচএম এরশাদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ'র। এই দুই প্রার্থী থেকে পরিচিতিতে পিছিয়ে থাকলেও জোর প্রচার চালাচ্ছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
তারা তিনজনই এই প্রথম ঢাকায় নির্বাচন করছেন। এর আগে এরশাদ '৯১ ও '৯৬ সালে রংপুর থেকে এবং হান্নান শাহ '৯১ সালে গাজীপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সৈয়দ ইবরাহিমের এটাই প্রথম নির্বাচন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী এরশাদ লড়ছেন লাঙ্গল প্রতীক নিয়ে। ধানের শীষ প্রতীক নিয়ে হান্নান শাহ লড়ছেন চারদলীয় জোটের ব্যানারে। আর দলীয় প্রতীক হাতঘড়ি নিয়ে প্রার্থী হয়েছেন ইবরাহিম।
কাফরুল, পল্লবী, গুলশান, ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও তেজগাঁও থানার একাংশ নিয়ে গঠিত এ আসনে গুলশান-ডিওএইচএসের মতো অভিজাত এলাকা যেমন রয়েছে; তেমনি রয়েছে মানিকদী, ভাসানটেক, দেওয়ানপাড়া, কালাচাঁদপুরের মতো নিম্নবিত্ত অধ্যুষিত বেশ কয়েকটি বস্তি এলাকা। তাই এ আসনের প্রার্থীদের সম্পর্কে ভোটারদের মুল্যায়নও বেশ বৈচিত্র্যময়।
আসনটির মোট ভোটার ২ লাখ ৬২ হাজার ১৫৫ জন। তবে প্রার্থীদের হলফনামায় প্রধান ৩ প্রতিদ্বন্দ্বীর ঠিকানাই দেওয়া আছে নির্বাচনী এলাকার বাইরে।
আসনটিতে অন্য প্রার্থীরা হলেন- গামছা প্রতীকে কৃষক-শ্রমিক জনতা লীগের সালেহ আহমেদ, চাবি প্রতীকে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের ইমতিয়াজ মাহমুদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মো. শামসুল হক, তারা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) এমএ রশিদ, বটগাছ প্রতীকে খেলাফত আন্দোলনের মো. শহীদুল্লাহ কাজী।
এই আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মূল লড়াই হবে এরশাদ ও হান্নান শাহের মধ্যেই। নিম্নবিত্ত অধ্যুষিত এলাকার ভোটাররা বলেছেন, যিনি এলাকার উন্নয়ন করবেন, তাকেই তারা ভোট দেবেন। তবে অভিজাত এলাকার অনেক ভোটার কোনও প্রার্থী নিয়েই আগ্রহ দেখাননি। 'না' ভোট দেওয়ার কথাও বলেছেন কেউ কেউ।
বারিধারার গৃহবধূ নাহিদ আক্তার (৪০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবাই তো মন্দ লোক। কাকে ভোট দেব? দেখি নির্বাচনের আগে সিদ্ধান্ত নেব।"
বারিধারায় ছোট্ট এক চায়ের দোকানি বাদল মিয়া (৫৫) নির্বাচনের পর প্রার্থীদের কাছে পাবেন বলে আশা করেন না। তার বক্তব্য "এরার কাউরেই পরে আর পামু না। যে আমার ব্যবসা ভালো করার কথা দিব, তারেই ভোট দিমু।"
মানিকদীর বাসিন্দা মৌলভী মতিউর রহমান বলেন, "আমাগো এলাকার দিকে কেউই তাকায় না। না সরকার, না বিরোধীরা। এইবার আমরা শক্ত হয়ে গেছি। যে আমাদের এলাকার উন্নয়ন করব, তারেই ভোট দিব। বিশেষ করে রাস্তা ও সাঁকো বানাইয়া দিতে হইব।"
মানিকদী ও ভাসানটেকবাসীর প্রধান দাবি, রাস্তার উন্নয়ন ও কয়েকটি জলার উপর স্থায়ী সাঁকো নির্মাণ। এছাড়া এলাকার গ্যাস ও পানি সমস্যার সমাধানও চান তারা। যারা এসব প্রতিশ্র"তি দেবেন, তাকেই তারা নির্বাচিত করবেন বলে জানালেন।
মানিকদী ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য আরিফুর রহমান বলেন, "এবার শক্ত কথা না দিলে কাউকেই ভোট দেব না।"
গুলশান বা মানিকদী-ভাসানটেকের বাসিন্দারা জানালেন, ছোট দলগুলোর প্রার্থীদের দেখা পেলেও বড় দলগুলোর প্রার্থীদের তেমন দেখা তারা পাচ্ছেন না।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সারাদেশে নির্বাচনী সফর নিয়ে ব্যস্ত। কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ ইব্রাহিম আরো দুটো আসনে প্রার্থী হয়েছেন। তিনি সেগুলো নিয়ে ব্যস্ত। অন্যদিকে বিএনপি প্রার্থী হান্নান শাহ এই একটি আসনে প্রার্থী হলেও এখনও তার তেমন প্রচার দেখা যায়নি।
ভাসানটেকের গৃহবধু হামিদা বানু অভিযোগের সুরেই বললেন, "যারা নির্বাচনের আগেই আমগোর এলাকায় আসার সময় পান না, তাগোরে নির্বাচনের পরে আমরা কই পামু?"
গুলশান-বারিধারার ভোটারদের কারও তেমন কোন দাবি-দাওয়া নেই। প্রার্থীদের বিষয়ে তাদের তেমন আগ্রহ দেখা যায়নি।
ইমি নামের এক নতুন ভোটার বলেন, "এরা কারা। এদের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন না। এদের বিষয়ে আমি মোটেই আগ্রহী নই।"
গুলশানের আরেক নতুন ভোটার রিফাত বলেন, "প্রার্থীদের শুধু টেলিভিশনেই দেখেছি। এর মধ্যে এরশাদকেই বেশি চিনি। তাকেই ভোট দেব।"
রোমানা নামের ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বলেন, "আমরা বান্ধবীরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, এবার 'না' ভোট দিব। এটা প্রার্থীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।"
সৈয়দ ইবরাহিম নির্বাচনে টাকা ছড়ানোর আশঙ্কার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাকা দিয়ে ভোটের ফলাফল পাল্টে দেওয়া হতে পারে। ঈদের আগে ও পরে যেভাবে টাকা ছড়ানো হয়েছে ও হচ্ছে, তা মোকাবেলা করা আমার মতো লোকের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। টাকা দিয়ে আমার কর্মীদের ভাগিয়ে নেওয়া হচ্ছে।"
তিনি বলেন, "এই এলাকায় অনেক গরিব ভোটার রয়েছেন। তাদের কিনে নেওয়া সহজ। নাম না বলে বলতে চাই, কিছু প্রার্থী এই চেষ্টাই করছেন।"
সৈয়দ ইবরাহিম নিজের অবস্থান সম্পর্কে বলেন, "আগে এই এলাকার ভোটারদের বিকল্প ছিল না। এখন তাদের বিকল্প রয়েছে। তার নাম সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।"
প্রতিদ্বন্দ্বীদের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, "এরশাদ সাহেবের অতীত নেতিবাচকভাবে বর্ণাঢ্য। এ রকম একজনের জীবন জানার পরে তাকে কেউ ভোট দেবে না বলেই আশা করছি। হান্নান শাহের নামে এরকম অভিযোগ না থাকলেও তার পার্টি তো কলঙ্কিত।"
এদিকে নিজের বিজয়ের বিষয়ে আশাবাদী হান্নান শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি নির্বাচনে জিতব ইনশাআল্লাহ। ভোটাররা আমাকেই ভোট দেবেন।"
প্রার্থীদের এলাকায় দেখা যাচ্ছে না- ভোটারদের এই অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "যারা এই কথা বলছে, তারা আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের পক্ষে তারা এইসব কথা ছড়াচ্ছে।"
প্রতিদ্বন্দ্বীর মূল্যায়ন সম্পর্কে হান্নান শাহর মূল্যায়ন খুবই সংক্ষিপ্ত- "তারা সবাই ভালো লোক।"
এরশাদ নির্বাচনী প্রচারে বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে কয়েকদিন আগে কড়াইলে এক নির্বাচনী জনসভায় তিনি বস্তিবাসীদের পুনর্বাসনের আশ্বাস দেন। তাদের ঘর করে দেবেন বলেও কথা দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এজে/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24