ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে কোনও পর্যবেক্ষণ সংগঠনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানো কিংবা রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের কালো তালিকাভুক্ত করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বিদেশি একটি নির্বাচন পর্যবেক্ষণ সংগঠনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের পর সাংবাদিকদের একথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
সিইসি বলেন, "কোনও সংগঠনের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ এলে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের ব্ল্যাক লিস্টেড (কালো তালিকাভুক্ত) করা হবে।"
পর্যবেক্ষণ বিধিমালা অনুযায়ী, কালো তালিকাভুক্ত হলে সংশ্লিষ্ট সংগঠনের নিবন্ধন বাতিল হবে। ফলে তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে না।
শামসুল হুদা বলেন, "বিগত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কিছুটা আলাদা। নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়ে পর্যবেক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশীয় পর্যবেক্ষকদের অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও বিদেশি পর্যবেক্ষকদের বিরুদ্ধে কারও অভিযোগ শোনা যায় না। এ জন্য আসন্ন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের মতামত খুবই গুরুত্বপূর্ণ।"
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে প্রায় আড়াই হাজার বিদেশি পর্যবেক্ষক থাকছেন বলে সিইসি জানান। আর দেশের ১৩৭টি সংগঠনকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে ইসি।
দেশের ২০টি সংগঠনের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপি রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ আনলেও ইসি শুনানি শেষে তাদের নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দিয়েছে।
নির্বাচনের পর প্রতিবেদন দ্রুত প্রকাশ করার জন্য পর্যবেক্ষণ সংগঠনগুলোতে তাগিদ দিয়েছেন সিইসি।
এবার তালিকাভুক্ত ভোটারের ৩১ শতাংশ নতুন জানিয়ে শামসুল হুদা বলেন, "নতুন ভোটাররাই বড় পরিবর্তন নিয়ে আসবেন।
"এবারের তালিকায় প্রায় ৩১ শতাংশ প্রথমবারের মতো ভোটার হয়েছেন। তারা নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে বড় ভূমিকা রাখবেন। তারা গৎবাঁধা ভোট না দিয়ে বুঝে-শুনে সিদ্ধান্ত নেবেন বলে আমি মনি করি।"
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এএনএফআরইএল-এনফ্রেল) আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারপারসন ডামাসো মাগবুয়াল, নেপালের সাবেক প্রধান নির্বাচন কমিশনার সূর্যপ্রসাদ শ্রেষ্ঠা এবং এনফ্রেল এর নির্বাহী পরিচালক সোমশ্রী হান-অনন্তসুক উপস্থিত ছিলেন।
নির্বাচন পর্যবেক্ষণে এনফ্রেল সল্পমেয়াদে ৫০ জন এবং দীর্ঘমেয়াদে ২০ জন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24