২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারে সিলেটের পথে খালেদা জিয়া

নির্বাচনী প্রচারে সোমবার সিলেটের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। জানাচ্ছেন সুমন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 06:03 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট, ব্রাহ্মনবাড়িয়া ও নরসিংদীর বিভিন্ন নির্বাচনী জনসভায় অংশ নিতে সোমবার সকাল ১০টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে এক জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সিলেট-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সমর্থনে সিলেট আলিয়া মাদ্রাসায় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ জনসভায় সিলেট-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী এম ইলিয়াস আলী, সিলেট-৩ আসনের প্রার্থী শফি আহমেদ চৌধুরী, সিলেট-৪ আসনের প্রার্থী দিলদার হোসেন চৌধুরী এবং সিলেট ৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ফরিদউদ্দীন চৌধুরী ও সিলেট-৬ আসনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। এ জনসভা শেষে ঢাকা ফেরার পথে মৌলভীবাজার সরকারি হাইস্কুল মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার কুট্রাপাড়া মাঠে এবং নরসিংদীর বেলাবো থানার বাড়িচা ময়দানে ও নরসিংদীর স্টেডিয়ামে জনসভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার। এরপর মঙ্গলবার সকালে দুইদিনের সফরে চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে তার। এ সফরের প্রথমদিন কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর এবং দ্বিতীয় দিনে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে যাত্রাবাড়ী, কাঁচপুর ব্রিজ, সোনারগাঁ মোড়, রূ"পগঞ্জ এবং নরসিংদীর বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে ধানের শীষ হাতে করতালি দিয়ে খালেদা জিয়ার গাড়ি বহরকে স্বাগত জানায়। এসময় খালেদা হাত নেড়ে তাদের অভিনন্দন জানান। গত ১২ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে বিএনপি প্রধান আনুষ্ঠানিকভাবে এবারের নির্বাচনী প্রচার শুরু করেন। দক্ষিণ ও উত্তরাঞ্চল সফরের পর খালেদা জিয়া গাজীপুর, টাঙ্গাইল ও ময়মিনসংহের বিভিন্ন স্থানে জনসভা শেষ করে শনিবার মধ্যরাতে ঢাকা ফেরেন। এরপর মুন্সীগঞ্জ, বরিশাল, ফরিদপুর ও মাদারীপুরে জনসভা শেষ করে রোববার রাত দুইটায় ঢাকায় ফেরেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ ১১৫৬ ঘ.