রুহুল আমিন রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে তার দলের যে সম্পর্ক স্থাপিত হয়েছে তা চিরদিন অটুট থাকবে। আটটি আসনে মহাজোটের দুই প্রার্থী নিয়ে যে সঙ্কট সৃষ্টি হয়েছে তাও শিগগিরই কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
রোববার চট্টগ্রাম-৪ (হাটহাজারী) আসনে মহাজোটের শরীক দল জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের পক্ষে এক জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "সোনার বাংলা গড়ার মহান উদ্দেশ্য নিয়ে মহাজোট গঠিত হয়েছে। আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক স্থাপিত হয়েছে তা চিরদিন অটুট থাকবে।"
বিগত কয়েক বছরে সীমাহীন দুর্নীতি ও লুণ্ঠনের কারণে দেশের মানুষের মনের সন্দেহ ও অবিশ্বাস মহাজোটের মহাস্রোতে ভেসে গেছে উল্লেখ করে এরশাদ বলেন, "মানুষের মনে বিশ্বাস জন্মেছে- সব বাধা ভেঙ্গেচুরে মহাজোট ক্ষমতায় গিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে।"
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, "বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। আমিও স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলার। দুই ধারার দুই প্রত্যাশা মিলিয়ে এবার আমরা সোনার বাংলা বাস্তবায়ন করব।"
দেশকে এগিয়ে নিতে তিনি এ আসনে নৌকার কর্মী সমর্থকদের কাছে লাঙলে ভোট দেওয়ার আহ্বান জানান।
এরশাদ বলেন, "দেশের বৃহত্তর স্বার্থে এ আসনসহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগ নেতারা অনেক ত্যাগ স্বীকার করেছে। জাতীয় পার্টি চিরকাল তা স্মরণ রাখবে।"
এরশাদের বক্তৃতার আগে সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এ জনসভায় বক্তৃতা করেন। জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের পক্ষে আরো তিনটি পথসভায় বক্তব্য দেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান এজন্য মেয়রকে তার দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
হাটহাজারীর সভায় মহিউদ্দিন চৌধুরী দেশকে বাঁচাতে মহাজোটের প্রার্থীদের জয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান। এ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি অনুরোধ জানান তিনি।
মেয়র বলেন, "জননেত্রী শেখ হাসিনা মহাজোট গঠনের সময় লাঙলে ভোট দেওয়ার ওয়াদা করেছেন। লাঙলে ভোট দিয়ে আমাদের সে ওয়াদা রাখতে হবে।"
আনিসুল ইসলাম মাহমুদ প্রতিশ্র"তি দেন, মহাজোট জয়ী হলে তিনি এলাকায় বেকার সমস্যা দূর করতে চারটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা ও কৃষির জন্য সেচ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেবেন। দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে যাওয়া হাটহাজারীর রাস্তাঘাট নির্মাণ ও প্রশস্ত করাসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আবার শুরু করার জন্য জনগণের ভোট চান তিনি।
হাটহাজারী আওয়ামী লীগের নেতা অধ্যাপক মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে এ জনসভায় অন্যানের মধ্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন বাবুল, জাতীয় পার্টির সাবেক সাংসদ নজরুল ইসলাম ও সিরাজুল ইসলাম চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় নেতা মো. সলিমুল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা বক্তব্য রাখেন।
এর আগে, দুপুরে এক সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, "আট আসনে মহাজোটের দ্বৈত প্রার্থী সঙ্কট আজকালের মধ্যে কেটে যাবে।"
তিনি বলেন, "আওয়ামী লীগের জন্য জাতীয় পাটি ১৯৯৬ সাল থেকে অনেক ত্যাগ স্বীকার করেছে। এবার মেয়র নির্বাচনেও তাদের সমর্থন দেওয়া হয়েছে। জাতীয় পার্টি সিংহভাগ আসন আওয়ামী লীগের জন্য ছেড়ে দিয়েছে। অথচ আমার স্ত্রীর বিরুদ্ধেও প্রার্থী দেওয়া হয়েছে। আলোচনার ভিত্তিতে শিগগিরই এর সমাধান করা হবে।"
জোট বাঁধার জন্য বিএনপি'র পরিবর্তে আওয়ামী লীগকে কেন বেছে নিলেন- এমন প্রশ্নের জবাবে কিছুক্ষণ চুপ থাকার পর এরশাদ বলেন, "নির্বাচনী কৌশলের কারণে এটি করা হয়েছে। তাছাড়া আমি মনে করি, বিএনপি'র সঙ্গে যাওয়াটা হতো নৈতিকতা বিরোধী।"
'জয়ী হয়ে আপনাকে রাষ্ট্রপতি করা না হলে মহাজোট ভেঙে যাবে?'- এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, "দেশের স্বার্থে পরিস্থিতি অনুযায়ী আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে। ভাই ও বোনের মধ্যেকার এ সম্পর্ক ভেঙে যাওয়ার নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/০১১৫ ঘ.
bdnews24