২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ১৩: দুই 'বরিশাইলার' লড়াই

মোহাম্মদপুর ও আদাবর নিয়ে গঠিত নির্বাচনী এলাকা ঢাকা-১৩ তে লড়াই হবে দুই 'বরিশাইলার'। নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই জোটের প্রার্থীরই স্থায়ী নিবাস বরিশাল। প্রার্থী সাতজন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন লিটন হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 07:39 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মোহাম্মদপুর ও আদাবর নিয়ে গঠিত নির্বাচনী এলাকা ঢাকা-১৩ তে লড়াই হবে দুই 'বরিশাইলার'। নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই জোটের প্রার্থীরই স্থায়ী নিবাস বরিশাল। প্রার্থী সাতজন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছে। ৪১ থেকে ৪৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনের ভোটার ২ লাখ ৮৩ হাজার ১৪২ জন। ভোটারদের অনেকের আদি নিবাস বরিশাল ও নোয়াখালী। কাজেই আঞ্চলিকতার হিসাবেও ঠিক ভোট হবে না। বরিশালবাসীর ভোটারদের রায়ও কম-বেশি দুই ভাগে বিভক্ত হতে বাধ্য। আসনটিতে মহাজোটের প্রার্থী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর কবির নানক। অন্যদিকে চারদলীয় জোট প্রার্থী সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক। দুজনই পরিচিত যুবনেতা। কথাবার্তা বলে আভাস মেলে নানক জোর দিচ্ছেন এই সময়ে তার দলের ভাবমূর্তি বা অবস্থান আর আলালের ভরসা তার সাংসদ হিসেবে অভিজ্ঞতায়। আসনের বাকি প্রার্থীরা হলেন, কমিউনিস্ট পার্টির খান আহসান হাবিব (কাস্তে),ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মো.নাসিম খান (হাতপাখা), খেলাফত আন্দোলনের মাহবুব অর রশিদ চৌধুরী (বট গাছ) , বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. মনজুর হোসেন নিজামি (মই) এবং কল্যাণ পার্টির সৈয়দ মুহম্মদ ইবরাহিম (হাতঘড়ি)। প্রচারণা শুরুর প্রথম থেকেই এ এলাকার অলিতে-গলিতে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। নিষেধাজ্ঞার কারণে প্রতিবারের মতো এবার দেওয়ালে পোস্টার সাঁটা বা লেখার বিষয়ে প্রার্থীরা সতর্ক থাকলেও প্রতিটি রাস্তায় মাথার ওপর ঝুলছে দড়িতে লাগানো সাদা-কালো পোস্টার। সেই সঙ্গে চলছে সব জায়গার মতোই মিছিল আর মাইক দিয়ে প্রচারণা। চারদলীয় জোট প্রার্থী সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারির বিতর্কিত এবং ২০০১ সালের নির্বাচনে বরিশাল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আর নানক এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাহাঙ্গীর কবির নানক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধু আলাল নয়, প্রার্থীদের প্রত্যেককেই আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছি। আলাল আমার ছোট ভাই।" বরিশালে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করে এক সময় বরিশাল বিএম কলেজের ভিপি নির্বাচিত হন নানক। আলাল রাজনীতিতে আসেন সে তুলনায় বেশ পরে। বরিশাল যুবদল এবং পরে বিএনপির সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি শুরু করেন তিনি। এক প্রশ্নের জবাবে নানক বলেন, "এলাকায় বসবাসরত বরিশাল এলাকার ভোটারদের দিকেই বেশি নয়, সব ভোটারের ব্যাপারে সমান আগ্রহ দেখাচ্ছি আমরা।" আসনের ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ উর্দুভাষী অবাঙালি নতুন ভোটারদের ব্যাপারে নানকের দাবি, তাদের যে সমস্যা আছে তা একমাত্র আওয়ামী লীগই সমাধান করতে পারবে। "আর একথা বিবেচনা করেই তারা নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেবেন", আশাবাদ নানকের। অনেক দাবি-দাওয়া, আলোচনা আর বিতর্কের পর আদালতের রায়ে আটকে পড়া পাকিস্তানীদের মধ্যে বাংলাদেশে জন্মগ্রহণকারী তাদের ভোটাধিকার দেওয়া হয়েছে এবার। অন্যদিকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সবাইকে সমানভাবে দেখছি। নানক আমার সিনিয়র। জন্ম একই এলাকায়। তার সঙ্গে আমার সম্পর্কের কখনো অবনতি হয়নি। তবে তার সংসদ নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই। যেটা আমার আছে।" নির্বাচিত হলে উর্দুভাষীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার ব্যাপারে তিনিও সচেষ্ট হবেন বলে প্রতিশ্র"তি দিয়েছেন আলাল। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে বাস করার দাবি করে আলাল বলেন, "এজন্যই এখান থেকে প্রার্থী হয়েছি।" স্থানীয় একজন কমিশনারের দেওয়া তথ্যমতে, এ আসনে প্রায় সাত হাজার অবাঙালী ভোটার রয়েছে। স্থায়ী নিবাস বরিশাল এমন ভোটারের সংখ্যা ২০ থেকে ২৫ হাজার। আর নোয়াখালীর ১০ থেকে ১৫ হাজার। সরজমিনে এ আসনের বিভিন্ন এলাকায় ঘুরে ও ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বেশিরভাগ ভোটার নৌকা অথবা ধানের শীষ প্রতীকে ভোট দিতে মানসিকভাবে প্রস্তুত। তবে পরিবর্তিত রাজনৈতিক আবহের ছাপ পড়েছে অনেক ভোটারের মনেই। আদাবরের শেখেরটেক এলাকার বাসিন্দা বেসরকারি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "অতীতে আওয়ামী লীগ ও বিএনপি'র সরকার দেখেছি। তাদের নানা অপকর্মও দেখেছি। কেউ কারোর চেয়ে কম নয়। কিন্তু মন্দের ভাল হিসেবে এবং জাতীয় রাজনীতির ভারসাম্য রক্ষা করতে এবার নৌকায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" আদাবর এলাকার বাইতুল আমান হাউজিং সোসাইটির বাসিন্দা অবসরপ্রাপ্ত এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার লক্ষ্য তৃতীয় কিছু। তার বক্তব্য মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউই এখানে স্থায়ী নন। স্থায়ী হলে তাদের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। আবার ধানের শীষের বিশ্বস্ত সমর্থক মোহাম্মদপুর শেরশাহসূরী রোডের এক নারী চিকিৎসক বললেন, চারদলীয় জোটের 'অসমাপ্ত কাজ' শেষ করতেই তিনি ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয় উদ্বুদ্ধ করছেন স্বামীকেও । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ইএইচবি-এডি/এএল/এসকে/০১১৩ঘ.