২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় চারদল প্রার্থীর গাড়িতে বোমা হামলা

ভোলা-২ (বোরহানউদ্দিন, দৌলতখান) আসনে চারদলীয় জোট প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আশিকুর রহমান শান্তর গাড়িতে রোববার রাতে বোমা হামলা হয়েছে। গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 06:59 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ভোলা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-২ (বোরহানউদ্দিন, দৌলতখান) আসনে চারদলীয় জোট প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আশিকুর রহমান শান্তর গাড়িতে রোববার রাতে বোমা হামলা হয়েছে। গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি। বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানান, দৌলতখান থেকে ভোলা আসার সময় দৌলতখানের বাংলাবাজার এলাকায় রাত সাড়ে ৯টার দিকে শান্তর গাড়িতে বোমা হামলা হয়। এতে গাড়ির ডানপাশের দরজার বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। কে হামলা করেছে তা না দেখলেও এ জন্য আওয়ামী লীগ কর্মীদেরই দায়ী করেছেন পার্থ। দৌলতখান থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা নজরদারী বাড়িয়েছি।" দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি ভোলার নৌ কন্টিনজেন্টকে জানিয়েছি।" এদিকে স্থানীয় সাংবাদিক আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনা শোনার পর ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ রাত পৌনে ১২টায় ঘটনাস্থলে যান। এ সময় তিনি বিষয়টিকে তেমন আমল না দিয়ে সাংবাদিকদের বলেন, "না, তেমন কিছু হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০৪০ ঘ.