ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সংস্কারপন্থী নেতা বলে পরিচিত জহিরউদ্দিন স্বপন রোববার রাতে দলের চেযারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
খালেদা জিয়া রোববার বরিশালে নির্বাচনী প্রচারণা শেষে ঢাকা ফেরার পথে রাত ১১টার দিকে ফেরিতে তার সঙ্গে দেখা করেন স্বপন।
পরে স্বপন সাংবাদিকদের বলেন, "ম্যাডাম আমাকে ডেকেছিলেন। আমাকে দলে কাজ করতে বলেছেন।"
আসন্ন সংসদ নির্বাচনে জহিরউদ্দিন স্বপন বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরবর্তীতে তিনি তা প্রত্যাহার করে নেন।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর দলের ভেতরে অধিকতর গণতন্ত্র ও সংস্কারের দাবিতে সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে সংস্কারপন্থীদের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন স্বপন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জেকে/০০৩০ ঘ.
bdnews24