সুমন মাহমুদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে তার দলের প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
রোববার রাতে বরিশাল থেকে ঢাকা ফেরার পথে ফরিদপুরের পুরাতন বাসস্ট্যান্ডে এক নির্বাচনী জনসভায় এই সাবেক প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন।
এ জনসভায় চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেন খালেদা। রাত ৯টার দিকে কামলামোড়ে আরেক জনসভায় দলীয় প্রার্থী শামা ওবায়েদকে পরিচয় করিয়ে দেন।
পুরাতন বাসস্ট্যান্ডের জনসভায় খালেদা জিয়া বলেন, "আমরা কারো দয়া নিয়ে দল করি না। সরকার ও নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, আমাদের দলের প্রার্থীদের প্রচারে বাঁধা দেওয়া হচ্ছে। অথচ একটি দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
"সরকারের উদ্দেশে আমি বলব- আপনারা নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন।"
এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
জামায়াত নেতা মুজাহিদের পক্ষে ভোট চেয়ে খালেদা বলেন, "২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ৩০০ আসনের মধ্যে ২২০টি আসনে বিজয়ী হয়েছিল। আমার বিশ্বাস এ নির্বাচনেও জনগণ চারদলকেই বিজয়ী করে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেবে।"
চার দল নির্বাচিত হলে ফরিদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্র"তি দেন তিনি।
এর আগে বিকেলে বরিশাল বেলস পার্ক ময়দানে চারদলের এক নির্বাচনী জনসভায় খালেদা বলেন, "বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর আমিই স্থাপন করেছিলাম। কিন্তু সে বিশ্ববিদ্যালয় আজও প্রতিষ্ঠা হয়নি। আমরা ক্ষমতায় এলে বরিশালে বিশ্ববিদ্যালয় হবেই হবে।"
আওয়ামী লীগের নাম উল্লেখ না করে খালেদা জিয়া বলেন, "আরেকটি জোটের ষড়যন্ত্রের কারণে ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন বাতিল হয়েছিল। তারা চায় না এদেশ আত্মনির্ভরশীল হোক। বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টি করে এদেশকে তারা অকার্যকর ও পুতুল রাষ্ট্রে পরিণত করতে চায়।
"তারাই বলেছিল, বর্তামন তত্ত্বাবধায়ক সরকার তাদের আন্দোলনের ফসল। এ কথাই প্রমাণ করে, ওই জোটটির সঙ্গে সরকারের একটি গোপন সমঝোতা ছিল।"
গত দুই বছরে দেশের মানুষ সীমাহীন দুঃখ-কষ্ট ভোগ করেছে উল্লেখ করে দেশকে এগিয়ে নিতে '২০০১ সালের' মতো আবার চারদলকে নির্বাচিত করার আহ্বান জানান খালেদা।
দক্ষিণাঞ্চলে নির্বাচনী প্রচার অভিযানের অংশ হিসেবে বিকেলে ৫টার দিকে বরিশালে পৌঁছান এই সাবেক প্রদানমন্ত্রী। পথে মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে দলীয় প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের সমর্থনে একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।
এছাড়া মুন্সীগঞ্জের লৌহজংয়ে মিজানুর রহমান সিনহা, মাদারীপুরের শিবচরের পাচ্চর বাজারে আব্দুল্লাহ মো. হাসান, কালকিনির বুড়াঘাটায় হাবিবুর রহমান আজাদ, মাদারীপুরের টেকেরহাটে হেলেন জেরিন খান, ফরিদপুর-৪ (ভাঙ্গা) আসনে শাহ আলম রেজা, বরিশাল বাসস্ট্যান্ডে প্রকৌশলী আব্দুস সোবহান, উজিরপুরের ইসলাদিতে সরফুদ্দিন আহমেদ সান্টু, বাবুগঞ্জের রহমতপুরে সেলিমা রহমানের সমর্থনে পথসভায় বক্তব্য রাখেন।
মুন্সীগঞ্জ থেকে বরিশাল পর্যন্ত বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ রাস্তার দু'পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানায়। অনেক স্থানে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানানো হয় চার দলীয় জোট নেত্রীকে। খালেদা জিয়া হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন।
বরিশাল প্রবেশ করার সময়ও অগণিত মানুষ করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।
সমাবেশ শেষে সার্কিট হাউজে বিশ্রামের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফরিদপুরের উদ্দেশে রওনা হয় খালেদা জিয়ার গাড়ি বহর। এই সফরে তার সঙ্গে আছেন বিএনপি সহ-সভাপতি সারোয়ারী রহমান।
আগামী সোমবার সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে বিভিন্ন জনসভা ও পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জেকে/২৩০০ ঘ.
bdnews24