২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালানো যাবে

আগামী ২৭ ডিসেম্বর শেষ হচ্ছে নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময়সীমা। ওইদিন মধ্যরাত পর্যন্ত প্রচার চালানো যাবে। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 04:30 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৭ ডিসেম্বর শেষ হচ্ছে নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময়সীমা। ওইদিন মধ্যরাত পর্যন্ত প্রচার চালানো যাবে। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি বলেন, ''আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৭ ডিসেম্বর দিবাগত রাত থেকে ৩১ ডিসেম্বর বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচনী এলাকাগুলোতে যেকোন ধরনের জনসভা নিষিদ্ধ।' এ আইন অমান্য হলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হবে বলে জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংক্রান্ত ম্যানুয়ালে বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে, ভোটের দিন সকাল ৮ টা থেকে রাত ১২ টা এবং ভোটগ্রহণের দিন রাত ১২ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা কোনও ব্যক্তি জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা এবং তাতে অংশ নিতে পারবে না। তবে গণপ্রতিনিধিত্ব আদেশের ৭৮ ধারায় বলা হয়েছে, ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘন্টা আগে ও ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা সব রকম মিছিল সমাবেশ নিষিদ্ধ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ২৭ ডিসেম্বর সকাল ৮টার পর সকল প্রকার প্রচারণা নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও ইসি নির্বাচন পরিচালনা ম্যানুয়ালের বরাত দিয়ে বলছে ২৭ ডিসেম্বর শনিবার রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। এতে প্রচারণার সময় ১৬ ঘন্টা বেড়ে গেল। ২৯ ডিসেম্বর সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনের ভোটকেন্দ্রগুলোতে একটানা ভোটগ্রহণ চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২২২০ঘ.