সুমন মাহমুদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বরিশাল, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট ক্ষমতায় এলে দ্রব্যমূল্য কমবে না, উন্নয়নও হবে না দাবি করে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে এবং ষড়যন্ত্র রুখতে চারদলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
নির্বাচিত হলে বরিশালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করা এবং পদ্মা সেতু নির্মাণেরও অঙ্গীকার করেন তিনি।
রোববার বিকেলে বরিশাল বেলস পার্ক ময়দানে চারদলের এক নির্বাচনী জনসভায় তিনি এ প্রতিশ্র"তি দেন।
দক্ষিণাঞ্চলে নির্বাচনী প্রচার অভিযানের অংশ হিসেবে বিকেলে ৫টার দিকে বরিশালে পৌঁছান এই সাবেক প্রদানমন্ত্রী। পথে মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে দলীয় প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের সমর্থনে একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।
এছাড়া মুন্সীগঞ্জের লৌহজংয়ে মিজানুর রহমান সিনহা, মাদারীপুরের শিবচরের পাচ্চর বাজারে আব্দুল্লাহ মো. হাসান, কালকিনির বুড়াঘাটায় হাবিবুর রহমান আজাদ, মাদারীপুরের টেকেরহাটে হেলেন জেরিন খান, ফরিদপুর-৪ (ভাঙ্গা) আসনে শাহ আলম রেজা, বরিশাল বাসস্ট্যান্ডে প্রকৌশলী আব্দুস সোবহান, উজিরপুরের ইসলাদিতে সরফুদ্দিন আহমেদ সান্টু, বাবুগঞ্জের রহমতপুরে সেলিমা রহমানের সমর্থনে পথসভায় বক্তব্য রাখেন।
মুন্সীগঞ্জ থেকে বরিশাল পর্যন্ত বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ রাস্তার দু'পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানায়। অনেক স্থানে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানানো হয় চার দলীয় জোট নেত্রীকে। খালেদা জিয়া হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন।
বরিশাল প্রবেশ করার সময়ও অগণিত মানুষ করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।
বেলস পার্ক মাঠের সমাবেশে ভাঙা গলায় খালেদা জিয়া বলেন, "আমার গলা খুব খারাপ। বেশি বক্তব্য দিতে পারব না। অতীতেও অনেকবার বরিশাল এসেছি। এবার এসেছি ভোট চাইতে। সময় কম, অনেক জায়গাতেই যেতে পারছি না। তবে নির্বাচিত হলে আমি সেসব জায়গায় প্রথমেই যাব।"
তিনি বলেন করেন, "বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর আমিই স্থাপন করেছিলাম। কিন্তু সে বিশ্ববিদ্যালয় আজও প্রতিষ্ঠা হয়নি। আমরা ক্ষমতায় এলে বরিশালে বিশ্ববিদ্যালয় হবেই হবে।"
আওয়ামী লীগের নাম উল্লেখ না করে খালেদা জিয়া বলেন, "আরেকটি জোটের ষড়যন্ত্রের কারণে ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন বাতিল হয়েছিল। তারা চায় না এদেশ আত্মনির্ভরশীল হোক। বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টি করে এদেশকে তারা অকার্যকর ও পুতুল রাষ্ট্রে পরিণত করতে চায়।
"তারাই বলেছিল, বর্তামন তত্ত্বাবধায়ক সরকার তাদের আন্দোলনের ফসল। এ কথাই প্রমাণ করে, ওই জোটটির সঙ্গে সরকারের একটি গোপন সমঝোতা ছিল।"
গত দুই বছরে দেশের মানুষ সীমাহীন দুঃখ-কষ্ট ভোগ করেছে উল্লেখ করে দেশকে এগিয়ে নিতে '২০০১ সালের' মতো আবার চারদলকে নির্বাচিত করার আহ্বান জানান খালেদা।
সারাদেশে তার নির্বাচনী জনসভাগুলিতে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "আমাদের এই গণজোয়ার টিভিতে প্রচার করা হচ্ছে না। জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছাচ্ছে না। তাই আপনারাই আমাদের প্রচারযন্ত্র। জনগণের কাছে আপনারাই আমাদের বক্তব্য পৌঁছে দিন।"
খালেদা আরো বলেন, "আমরা একটি আত্মনির্ভরশীল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তাই আপনাদের আজ সিদ্ধান্ত নিতে হবে, শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের পক্ষে থাকবেন না, না লগি বৈঠার বিশৃঙ্খল রাজনীতিকে সমর্থন দেবেন।"
এক বছরের কারা জীবনের কথা উল্লেখ করে এই সাবেক প্রধানমন্ত্রী বলেন, "দেশকে ভালবাসি বলেই আমাকে এভাবে কারাবন্দি করে আমার দুই ছেলেকে নির্যাতন করা হয়েছে।"
মুহুর্মুহ করতালির মধ্যে তিনি ঘেষণা করেন, "নির্বাচিত হলে ভোলা গ্যাসফিল্ড থেকে বরিশালে গ্যাস আনার উদ্যোগ নেওয়া হবে। কীর্তনখোলা নদীর ওপর সেতুও নির্মাণ করা হবে।"
এই সমাবেশের মাধ্যমে বরিশাল-৫ আসনের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ার, পটুয়াখালী-১ আসনের আলতাফ হোসেন চৌধুরী, বরগুনা-২ এর খন্দকার মাহবুব হোসেন, ঝালকাঠি-২ এর ইলেন ভুট্টো, বরিশাল-৬ এর আবুল হোসেন খান, পিরোজপুর-২ আসনের নুরুল ইসলাম মঞ্জুকে পরিচয় করিয়ে দিয়ে খালেদা জিয়া ধানের শীষ প্রতীকে ভোট চান।
অন্যদের মধ্যে খেলাফত মজলিশের চেয়ারম্যান মওলানা মো. ইসহাক সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে সার্কিট হাউজে বিশ্রামের পর খালেদা জিয়া ফরিদপুরের উদ্দেশে রওনা হন। এই সফরে তার সঙ্গে আছেন বিএনপি সহ-সভাপতি সারোয়ারী রহমান।
সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয় খালেদা জিয়ার গাড়িবহর। বরিশালের পথে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে এক জনসভায় তিনি বক্তব্য রাখেন।
আগামী সোমবার সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে তার বিভিন্ন জনসভা ও পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জেকে/২১২২ ঘ.
bdnews24