ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধানের শীষ এবং একই দলের অন্য প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়াকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার নির্বাচন কমিশনের এক সভায় সিদ্ধান্ত হয়, মোবাশ্বের আলম ভূঁইয়াই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সভা শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেন, "বিএনপির অন্য প্রার্থী (আব্দুল গফুর) স্বতন্ত্র এবং দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এতে নির্বাচনী আইনের ব্যত্যয় ঘটেছে। কিন্তু আদালতের রায় নিয়ে আসায় প্রার্থী তালিকায় তাকে রাখতে হচ্ছে এবং স্বতন্ত্রভাবে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হবে।"
এর আগে ১২ ডিসেম্বর মোবাশ্বের আলমকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার পর আদালতের রায় নিয়ে আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বৈধ হলে রিটার্নিং কর্মকর্তা ১৯ ডিসেম্বর ধানের শীষ তাকে বরাদ্দ দেন। ওই সময় মোবাশ্বের ভূঁইয়াকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য অনুরোধ জানান রিটার্নিং কর্মকর্তা।
একই আসনে একই দলের একাধিক প্রার্থী থাকায় কুমিল্লা-১০ ছাড়াও, সিরাজগঞ্জ-৫ ও চাঁদপুর-১ আসনে এ ধরনের সমস্যা হয়েছিল বলে তিনি জানান।
প্রতীক বরাদ্দ নিয়ে আর কোনো ঝামেলা নেই বলে উল্লেখ করে সিইসি বলেন, "সিরাজগঞ্জ-৫ আসনে মঞ্জুুর কাদেরকে ধানের শীষ ও গোলাম মাওলা বাবলুকে স্বতন্ত্র প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং চাঁদপুর-১ আসনে মহিউদ্দীন খান আলমগীরকে নৌকা ও অন্য প্রার্থী মীর ইকবাল হোসেনকে স্বতন্ত্র প্রতীক বরাদ্দ দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে।"
এর আগে বিএনপিসহ চারদলীয় জোটের পাঁচ প্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন।
এ প্রসঙ্গে সিইসি বলেন, "আওয়ামী লীগও আমাদের সঙ্গে আগে দেখা করেছে। বিএনপিও একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিল। দুটি জোটের পক্ষ থেকেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এ বিষয়ে আমরা জানাতে চাই, সবাই আচরণবিধি মেনে চলবে যেন নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় থাকে। কেউ কারো ব্যক্তিগত চরিত্র হনন করবে না এবং কোনো মিথ্যা তথ্য বা রটনা প্রচার করবে না।"
নির্বাচনে ভোট গ্রহণের দিন মোবাইল ব্যবহার বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি জানান, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।
ব্যালট পেপার ছাপা সংক্রান্ত আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, "ব্যালট পেপার ছাপা নিয়ে এ মুহূর্তে বড় কোনো সমস্যা দেখছি না আমি।"
আরো যেসব প্রার্থী প্রতীক বরাদ্দ পেলেন
ইতোমধ্যে আদালতের রায় নিয়ে আসা আরো যেসব প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন তারা হলেন, দিনাজপুর-৬ আসনে আজিজুল হক চৌধুরী (নৌকা), যশোর-২ আসনে বি এম সেলিম রেজা (কুলা), ভোলা-৩ আসনে সিদ্দিকুর রহমান মান্না (পান), বরিশাল-১ আসনে আব্দুস সোবহান (ধানের শীষ), টাঙ্গাইল-৭ আসনে দেওয়ান নজরুল আসলাম (ডাব), ময়মনসিংহ-৪ আসনে মতিউর রহমান (নৌকা), মৌলভীবাজার-২ আসনে আতাউর রহমান শামীন (নৌকা), কুমিল্লা-১১ আসনে কাজী জাফর (লাঙ্গল), চট্টগ্রাম-১৪ আসনে জাফর আহমদ চৌধুরী (আনারস) ও ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা (নৌকা)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসকে/২০০২ঘ.
bdnews24