ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মূল দুই প্রার্থীর হিসাব ধরলে ঢাকা ১২ আসনে হবে নবীন আর প্রবীণের দ্বৈরথ। মহাজোট আর চারদলীয় ঐক্যজোটের এ প্রার্থীদ্বয় হচ্ছেন যথাক্রমে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও অ্যাডভোকেট খোন্দকার মাহবুব উদ্দিন আহমাদ।
দুজনের আদি বাড়িই গোপালগঞ্জ আর উভয়েই আইনজীবী -মিলটা এখানেই শেষ। রাজনৈতিক অবস্থান দুজনের ভিন্ন মেরুতে। একজন বয়সে প্রৌঢ় আরেকজন উভয়দলে তারুণ্যের প্রতীক হিসেবে উঠে আসা অন্যতম নতুন মুখ। তবে খোন্দকার মাহবুব পুরনো নেতা হিসেবে যে বাড়তি পরিচিতির সুবিধা পেয়েছিলেন বিভিন্ন মামলা উপলক্ষে টিভি চ্যানেলে প্রায়ই হাজিরার সুবাদে সে ঘাটতি পুষিয়ে নিয়েছেন উঠতি আইনজীবী তাপস।
এবারের নির্বাচন নিয়ে ভাবনা জানতে চাইলে এলাকার দুই ভোটারের কণ্ঠে শোনা গেলো নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রতিশ্র"তি রক্ষায় নেতাদের ব্যর্থতার কথা। রাজধানীর বাসিন্দা হিসেবে বাড়তি সচেতনতার মাত্রাটা প্রমাণ করতেই যেন 'না' ভোট দেওয়ার সম্ভাবনাও তুলে ধরলেন একজন।
এদের একজন, ধানমণ্ডি ৮/এ এলাকার বাসিন্দা এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা দু'টি দলকেই (আওয়ামী লীগ ও বিএনপি) দেখেছি। এ কারণে এবার প্রধান দু'টি দলের বাইরে অন্য কাউকে ভোট দেব। আর যোগ্য কাউকে না পেলে 'না' ভোট দেব।"
তবে যে প্রার্থীই জয়ী হোন, এলাকাবাসীর জন্য তিনি নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করবেন- এটাই তার দাবি- জানালেন ওই চিকিৎসক।
সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যস্ত করার পর হাজারীবাগ এবার পড়েছে ঢাকা-১২ আসনে। এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৮৫৯ জন। নির্বাচনী কেন্দ্র মোট ১০৫টি।
২০ বছর ধরে হাজারীবাগ এলাকার বাসিন্দা ফল ব্যবসায়ী সোহরাব হোসেন বললেন, "যারাই নির্বাচিত হয়, তারা আর আমাদের দাবি পূরণ করে না। প্রার্থীরা নির্বাচনের আগে এসে প্রতিশ্র"তি দিয়ে যান, কিন্তু সেসব প্রতিশ্র"তি আর বাস্তবায়িত হয় না। দলের শীর্ষ পর্যায় থেকে স্থানীয় প্রার্থী- সবাই একই কাজ করে।"
আক্তার হোসেন থাকেন রায়ের বাজার বেড়িবাঁধ এলাকায়। তার মতে, এলাকার সমস্যার তালিকার শীর্ষে রয়েছে 'ট্যানারি'।
আক্তার বলেন, "দুর্গন্ধে টেকা দায়। ট্যানারিগুলো পরিবেশ দূষণ করেই চলেছে। এখান থেকে সরিয়ে নেওয়ার কথা শুনেছিলাম। কিন্তু তার কোনো লক্ষণ তো দেখি না।"
নির্বাচিত জনপ্রতিনিধিকে এলাকার এ সমস্যার সমাধান করতে হবে বলে জোরালো দাবি জানালেন তিনি।
খোন্দকার মাহবুব উদ্দিন ২০০১ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আর বঙ্গবন্ধু পরিবারের সদস্য তাপস এবারই প্রথম প্রার্থী হয়েছেন।
শনিবার এই নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় মাথার ওপর দড়িতে বাধা সারি সারি পোস্টার ঝুলছে এ দুই প্রার্থীর। অনেক স্থানেই একে অন্যের মধ্য দিয়ে আড়াআড়ি চলে গেছে দুই প্রার্থীর পোস্টারের সারি। শান্তিপূর্ণ সহাবস্থানের এ নমুনার পেছনে সম্ভবত অনেকখানিই দায়ী এবারের নির্বাচনী বিধিমালার কড়াকড়ি বাস্তবায়ন।
স্থানীয়রা জানালেন, মাহবুব-তাপস দুজনেই জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
খোন্দকার মাহবুব শনিবার সকাল থেকে জিগাতলা, ট্যানারি মোড়, বউ বাজার ও ধানমণ্ডির ১৫ নম্বরে নির্বাচনী প্রচার চালান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তখন তিনি বলেন, "ট্যানারি এ জায়গার একটি বড় সমস্যা। গত সরকারের সময় এ জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। আশা করি, শিগগিরই এ এলাকা থেকে ট্যানারি সরে যাবে। আমাদের দল ক্ষমতায় গেলে এ জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হবে।"
এলাকার বিদ্যুৎ সমস্যা নিয়ে তিনি বলেন, "এটি সহজে সমাধানযোগ্য নয়। তবে আমাদের নির্বাচনী ইশতেহার অনুসারে চেষ্টা করলে এ সমস্যার আংশিক হলেও সমাধান করা যাবে।"
নির্বাচনের পর প্রার্থীদের এলাকায় দেখা যায় না- ভোটারদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, "সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, সংসদে থাকা। সংসদ ভালো থাকলে দেশ ভালো থাকবে, সরকার ভালো চলবে।"
রোববার দিনভর নির্বাচনী প্রচার চালানোর সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কথা বলেন ফজলে নূর তাপসের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাপস বলেন, "দলের ভেতরে, সংসদে ও সরকারে কার্যকর ভূমিকা রাখবো যাতে ভোটারদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। ভোটাররা আমার ওপর যে আস্থা রাখছেন তার প্রতিদান দেওয়া হবে। কোনও অবস্থাতেই এ নিয়ে সমঝোতা করা হবে না।"
তাপস আরো বলেন, "আমার নির্বাচনী এলাকায় বেশ কিছু সমস্যা আছে বিগত ৭ বছরে যেগুলোর সমাধান করা হয়নি। এখানকার বিভিন্ন এলাকাভিত্তিক সমস্যা স্থানীয় গণ্যমান্যদের মতামত নিয়ে সমাধানের উদ্যোগ নেবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এডি/ইএইচবি/জেকে/১৯০২ঘ.
bdnews24