২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও নির্বাচন পরবর্তী হামলার আশঙ্কা করছেন কালিয়াকৈরবাসী

নির্বাচনের দুইদিন আগে চারদলীয় জোটের কর্মীরা ঈশ্বর চন্দ্র বর্মণকে (৪০) তার বাড়ি থেকে ধরে নিয়ে আসে। স্থানীয় চা বাগান বাজারে বিএনপি কার্যালয়ের সামনে খুঁটির সঙ্গে ঈশ্বরকে বাঁধা হয়। এরপর চলে নির্যাতন। দিন দুপুরে হাটে আসা কয়েকশ' লোক নীরবে এ দৃশ্য প্রত্যক্ষ করেন। ঈশ্বর চন্দ্র বর্মণের অপরাধ তিনি আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নিজ এলাকা বান্দর বাজারে ভোট চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

গাজীপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনের দুইদিন আগে চারদলীয় জোটের কর্মীরা ঈশ্বর চন্দ্র বর্মণকে (৪০) তার বাড়ি থেকে ধরে নিয়ে আসে। স্থানীয় চা বাগান বাজারে বিএনপি কার্যালয়ের সামনে খুঁটির সঙ্গে ঈশ্বরকে বাঁধা হয়। এরপর চলে নির্যাতন। দিন দুপুরে হাটে আসা কয়েকশ' লোক নীরবে এ দৃশ্য প্রত্যক্ষ করেন। ঈশ্বর চন্দ্র বর্মণের অপরাধ তিনি আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নিজ এলাকা বান্দর বাজারে ভোট চেয়েছেন। ২০০১ সালে ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ঘটনা ঘটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়। শুধু ঈশ্বর নয়, নির্বাচনের পরেও কালিয়াকৈরের বোয়ালী মধ্যপাড়া, চাপাইর, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকার সংখ্যালঘুসহ কয়েকশ' লোক প্রত্যক্ষভাবে প্রতিহিংসার শিকার হন। পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন হাজারো পরিবার। শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার চা বাগান বাজার এলাকায় বিগত নির্বাচনের অব্যবহিত আগের ও পরের বিএনপির সন্ত্রাসীদের তাণ্ডব নিয়ে কথা হচ্ছিল। ঈশ্বর চন্দ্র বর্মণ যখন তার উপর নির্যাতনের কথা বলছিলেন সাংবাদিকদের এ সময় তেড়ে আসে দুই-তিন যুবক। সাত বছর পর আবার নির্বাচন আসন্ন। কিন্তু তাদের সে ক্ষত মোছেনি। বরং ২০০১ সালের সংসদ নির্বাচন এখনও বোয়ালী ও আশাপাশের এলাকার লোকজনের কাছে আতঙ্কের বিষয়। গতবারের সন্ত্রাসের শিকার অনেকেই এবারও নির্বাচন পরবর্তী হাঙ্গামার আশঙ্কা করছেন। অবশ্য সে ধরনের হুমকি এখনও সরাসরি পাননি তারা। ওই নির্বাচনে তখনকার গাজীপুর-১ (শ্রীপুর-কালিয়াকৈর) আসনে আওয়ামী লীগের প্রার্থী রহমত আলী বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির চৌধুরী তানভির আহমদ সিদ্দিকী। এবারও তিনি এ আসনে (কালিয়াকৈর-সদরের কয়েকটি ইউনিয়ন) চারদলীয় জোটের প্রার্থী। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান এবার আর সে রকম হাঙ্গামা-হামলার আশঙ্কা করছেন না। তিনি বলেন, এবার আর এ ধরনের হাঙ্গামার সুযোগ নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বাচন পূর্ব ও পরবর্তী হাঙ্গামা বা সহিংসতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। বোয়ালীর কাছাকাছি ফুলবাড়ী এলাকায় একটি পুলিশ ক্যাম্পও করা হয়েছে বলে তিনি জানান। বোয়ালী ইউনিয়নের গোলয়া গ্রামের একটি পরিবারও নির্যাতন থেকে রক্ষা পায়নি। নির্বাচনের দুইদিন পর রাতে ৪০/৫০ জন সন্ত্রাসী পুরো গোলয়া গ্রাম ঘিরে ফেলে। এরপর দুই ঘন্টা ধরে চলে নিপীড়ন, লুটপাট, অগ্নিসংযোগ। নারী-পুরুষ-শিশু জীবন রক্ষার্থে নদীতে ঝাঁপ দেয়। একটি সংখ্যালঘু পরিবারের দুই বোন ধর্ষণের শিকার হয়। শতাধিক সংখ্যালঘু পরিবার পার্শ্ববর্তী ভাওয়াল মির্জাপুর ও ঠৈঙ্গারবান্দ এলাকায় বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয়। শুধু সংখ্যালঘু পরিবার নয়-আওয়ামী লীগ নেতা-কর্মী সমর্থকদের কেউ রক্ষা পায়নি। জোট সমর্থক সন্ত্রাসীরা চা বাগান বাজারে মেছের আলীর মিষ্টির দোকান লুটপাট করে। মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা দেওয়ান ইব্রাহিম এবং নোয়াব আলীর বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়। মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জালাল সরকার স্থানীয় সাকাশ্বর বাজার এলাকায় মারধরের শিকার হন। মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিনুর রহমান সাংবাদিকদের জানান, ক্ষমতায় আসার পরপর বিএনপির লোকজন তার বিরুদ্ধে ৮টি, সাধারণ সম্পাদক আতাউর রহমানকে ৩টি ও মুক্তিযোদ্ধা সারওয়ার আলমকে ২টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। বান্দর বাজার এলাকার ঈশ্বর চন্দ্র বর্মণ জানান, নির্বাচনের পর তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর হয়। পার্শ্ববর্তী গাছবাড়ি গ্রামের দুই জনকে বেঁধে রেখে সন্ত্রাসীরা ৪০ হাজার টাকা আদায় করে। এছাড়া আওয়ামী লীগ সমর্থদের বাড়ি থেকে গাছ কেটে নেওয়া, গবাদি পশু জোর করে নিয়ে জবাই করে খাওয়া, মাছের খামার দখলের অসংখ্য ঘটনা ঘটে বলে তিনি জানান। আওয়ামী লীগ কর্মী ঠেঙ্গারবান্দ গ্রামের রাসেল বলেন, নির্বাচনের পর সাকাশ্বর বাজারে কিছু বিকৃত রুচির লোক প্রতিপক্ষের সমর্থকদের পরনের লুঙ্গি জনসমক্ষে টানাটানি করে তাদের বিব্রত করে। অনেক শিক্ষককে চাঁদা দিয়ে চাকরি রক্ষা করতে হয়। আবার আদালতের শরণাপন্ন হয়ে কাউকে কাউকে চাকরিতে বহাল থাকতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.