ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ওই আসনে নির্বাচনের জন্য আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
মহাজোট প্রার্থী গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামের মৃত্যুর কারণে ওই আসনে নির্বাচন পেছানো হয়। সেখানে নির্বাচন হবে আগামী ১২ জানুয়ারি।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে এক সভায় নোয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিলের সময় একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহমদ খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর। একই সঙ্গে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়ও একদিন বাড়িয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।"
তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণের দিন ১২ জানুয়ারি অপরিবর্তিত থাকছে বলে ফরহাদ আহমদ জানান।
গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আফজাল ওই আসনে মনোনয়নপত্র দাখিলের সময় আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে শনিবার আবেদন জানান।
গত ৪ ডিসেম্বর রাজধানীর নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান নূরুল ইসলাম। এরপর ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়। গত ১৪ ডিসেম্বর ওই আসনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/১৬৩০ ঘ.
bdnews24