রুহুল আমিন রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ চট্টগ্রাম -৯ (ডবলমুরিং) আসনে আওয়ামী লীগ প্রার্থী আফসারুল আমীনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোরশেদ মুরাদ ইব্রাহীমের পক্ষে নয়াবাজার, দেওয়ানহাট এবং পূর্ব নাসিরাবাদে পথসভায় দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
এরশাদ বলেন, "জাতীয় পার্টি এ আসনে মহাজোটের প্রার্থী। নৌকা-লাঙ্গলের কাড়াকাড়িতে ধানের শীষ মাঝখান দিয়ে জয়ী হবে এটা আমাদের কারও কাম্য হওয়া উটিত নয়।"
তিনি বলেন, "লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করে দেশকে বাঁচাতে পরিবর্তন আনতে হবে। সাবেক রাষ্ট্রপতি হিসেবে নয়, হাসিনার বড় ভাই হিসেবে আপনাদের কাছে মহাজোটের পক্ষে ভোট চাইতে এসেছি।"
আসন্ন নির্বাচনে মহজোট জয়ী হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "দেশের মানুষ পরিবর্তন চায়। অতীতে ফিরে যেতে চায় ান। বিএনপির দুর্নীতির হাত থেকে মুক্তি চায়। নৌকা-লাঙ্গল পার্থক্য নেই। এই দুই প্রতীক মিলে জয় ছিনিয়ে আনব। আমি মিথ্যা বলি না, মিথ্যা প্রতিশ্রতি দেই না। জয়ী হলে নতুন কিছু উপহার দেব দেশকে।"
এরশাদ বলেন, "বিএনপি জয়ী হবে এটা কাম্য না। মহাজোট পরাজিত হলে দেশ ধ্বংস হয়ে যাবে।"
যেখানে নৌকা প্রতীক আছে, সেখানে নৌাকায় এবং যেখানে লাঙ্গল প্রতীক আছে, সেখানে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এসব পথসভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, চট্টগ্রাম মজহানগর জাপার আহ্বায়ক সোলায়মান শেঠসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এরশাদ নির্বাচনী সফরে রোববার সকাল সোয়া ১১টায় বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। চট্টগ্রামে বেশ কয়েকটি জনসভা ও পথসভায় অংশ নেওয়ার কথা তার।
মহাজোটের শরিক হলেও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা বেশ কয়েকটি আসনে প্রতিযোগিতা করছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দরে এরশাদ সাংবাদিকদের বলেন, "আজ (রোববার) যৌথ ঘোষণায় তিনটি ছাড়া বাকি সব আসন থেকে আওয়ামী লীগ তাদের প্রার্থী প্রত্যাহার করবে। মহাজোটে এ ধরনের সিদ্ধান্ত হয়েছে। আজ ঘোষণা আসবে।"
চারদলীয় জোট আসন্ন নির্বাচন নিয়ে কারচুপির কথা বলছে- বিমানবন্দরে সাংবাদিকরা এ বিষয়টি উত্থাপন করলে এরশাদ বলেন, "এবারের নির্বাচন সবচেয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে আমি আশাবাদী।"
তিনি বলেন, "বাংলাদেশে স্বাধীনতার পর থেকে সকল নির্বাচন নিয়ে সংশয় ছিল; সুক্ষ্ম কারচুপিও ছিল সেসব নির্বাচনে। কিন্তু এবারের নির্বাচন নিয়ে সে রকম কিছু হওয়ার আশঙ্কা নেই। নির্বচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে কাজ করছে।"
আপনার শাসনামলে '৮৬ এর নির্বাচনেও কি তাহলে কারচুপি হয়েছে- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, "আগের সব নির্বাচন নিয়ে সন্দেহ আছে। তবে এবার সে রকম কিছু হবে না। যারা হারতে পারে তারাই কারচুপির প্রসঙ্গ তুলছে।"
প্রসঙ্গত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার দিনাজপুরে এক জনসভায় বলেন, "দেশের বিভিন্ন স্থানে আমি সারারাত ধরে নির্বাচনী প্রচার চালিয়েছি। সবখানে মানুষের ঢল নেমেছে। কিন্তু অন্যদের ক্ষেত্রে তা হচ্ছে না। তাই ভাবছি, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে কি না।"
নির্বাচন নিয়ে বিভিন্ন মহল থেকে যে সংশয় প্রকাশ করা হচ্ছে সে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, " ২৯ ডিসম্বের নির্বাচন হবেই। মহাজোট ক্ষমতায় আসবে।"
চট্টগ্রামের আগে দক্ষিণাঞ্চলে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এরশাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এজে/এমআই/জিএনএ/১৪০৫ ঘ.
bdnews24