রুহুল আমিন রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে কাজ করছে। যারা হারতে পারে তারাই কারচুপির প্রসঙ্গ তুলছে।
নির্বাচনী সফরে রোববার চট্টগ্রাম পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রপতি এরশাদ একথা বলেন।
এরশাদ সকাল সোয়া ১১টায় বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) এবং চট্টগ্রাম-৪ (হাটহাজারী) আসনসহ বেশ কয়েকটি এলাকায় জনসভা ও পথসভা করার কথা রয়েছে তার।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার দিনাজপুরে এক জনসভায় বলেন, "দেশের বিভিন্ন স্থানে আমি সারারাত ধরে নির্বাচনী প্রচার চালিয়েছি। সবখানে মানুষের ঢল নেমেছে। কিন্তু অন্যদের ক্ষেত্রে তা হচ্ছে না। তাই ভাবছি, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে কি না।"
চারদলীয় জোট আসন্ন নির্বাচন নিয়ে কারচুপির কথা বলছে- বিমানবন্দরে সাংবাদিকরা এ বিষয়টি উত্থাপন করলে এরশাদ বলেন, "এবারের নির্বাচন সবচেয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে আমি আশাবাদী।"
তিনি বলেন, "বাংলাদেশে স্বাধীনতার পর থেকে সকল নির্বাচন নিয়ে সংশয় ছিল; সুক্ষ্ম কারচুপিও ছিল সেসব নির্বাচনে। কিন্তু এবারের নির্বাচন নিয়ে সে রকম কিছু হওয়ার আশঙ্কা নেই। নির্বচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে কাজ করছে।"
আপনার শাসনামলে '৮৬ এর নির্বাচনেও কি তাহলে কারচুপি হয়েছে- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, "আগের সব নির্বাচন নিয়ে সন্দেহ আছে। তবে এবার সে রকম কিছু হবে না। যারা হারতে পারে তারাই কারচুপির প্রসঙ্গ তুলছে।"
নির্বাচন নিয়ে বিভিন্ন মহল থেকে যে সংশয় প্রকাশ করা হচ্ছে সে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, " ২৯ ডিসম্বের নির্বাচন হবেই। মহাজোট ক্ষমতায় আসবে।"
মহাজোটের শরিক হলেও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা বেশ কয়েকটি আসনে প্রতিযোগিতা করছে।
এ বিষয়ে এরশাদ বলেন, "আজ (রোববার) যৌথ ঘোষণায় তিনটি ছাড়া বাকি সব আসন থেকে আওয়ামী লীগ তাদের প্রার্থী প্রত্যাহার করবে। মহাজোটে এ ধরনের সিদ্ধান্ত হয়েছে। আজ ঘোষণা আসবে।"
চট্টগ্রামের আগে দক্ষিণাঞ্চলে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এরশাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এজে/এমআই/১২৩০ ঘ.
bdnews24