২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট উত্তরণে ধানের শীষে ভোট দিন: খালেদা

বর্তমানে দেশে সঙ্কট চলছে দাবি করে এ থেকে উত্তরণে ধানের শীষে ভোট দিয়ে চারদলীয় জোটকে ক্ষমতায় পাঠানোর আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। রোববার বরিশাল যাওয়ার পথে সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে এক জনসভায় তিনি এ আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসনের নির্বাচনী প্রচারের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাঠকদের জানাতে তার গাড়িবহরে রয়েছেন সুমন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 06:27 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মুন্সিগঞ্জ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমানে দেশে সঙ্কট চলছে দাবি করে এ থেকে উত্তরণে ধানের শীষে ভোট দিয়ে চারদলীয় জোটকে ক্ষমতায় পাঠানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার বরিশাল যাওয়ার পথে সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে এক জনসভায় তিনি এ আহ্বান জানান। সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওনা হয় খালেদা জিয়ার গাড়িবহর। মুন্সিগঞ্জের জনসভায় খালেদা বলেন, "আগামী ২৯ ডিসেম্বরের নির্বাচনে সঠিক দলে ভোট দিলে দেশের বর্তমান সঙ্কট উত্তরণ সম্ভব। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোটই এ সঙ্কট থেকে দেশকে মুক্ত করতে পারবে।" তিনি বলেন, "২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচনে জয়ী হতে পারবে না বলে একটি দল ষড়যন্ত্র করেছিল। তাই সে নির্বাচন হয়নি। এখনও ষড়যন্ত্র চলছে। আগামী ২৯ ডিসেম্বর সঠিক প্রতিনিধিকে ভোট দিয়ে এ ষড়যন্ত্রের পরিসমাপ্তি ঘটাতে হবে।" ধানের শীষকে উন্নয়ন, সমৃদ্ধি, বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন বলেন, "দেশ ও মানুষকে বাঁচাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। এজন্য এবার আমাদের স্লোগান হল- 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও'। আমরা নির্বাচিত হলে দেশের আরও উন্নয়ন করব। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা কালে আমরা দেশের ব্যাপক উন্নয়ন করেছি।" জনসভায় মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের জন্য ভোট চান খালেদা জিয়া। শাহ মোয়াজ্জেম হোসেন এবং চারদলীয় জোটের শরিক খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ ইসহাক এতে বক্তব্য রাখেন। শ্রীনগরে জনসভা শেষে লৌহজং বাজারে এক পথসভায় মুন্সীগঞ্জ-২ আসনের প্রার্থী মিজানুর রহমান সিনহার সমর্থনে বক্তব্য রাখেন খালেদা জিয়া। এসভায় ক্ষমতায় গেলে পদ্মা সেতু নির্মাণ দ্রুত শেষ করার অঙ্গীকার করেন খালেদা জিয়া। একইসঙ্গে দ্রব্যমূল্য কমিয়ে আনার ব্যাপারে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্র"তি রক্ষার কথাও জানান তিনি। ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর, আব্দুল্লাহপুর এবং সিরাজদীখানে রাস্তার দু পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা খালেদার গাড়ি বহরকে স্বাগত জানায়। গত কয়েকদিন ধরে রাতভর টানা প্রচার চালানোর কারণে জনসভায় খালেদা জিয়ার কণ্ঠস্বর ভাঙা শোনাচ্ছিল। বিএনপি প্রধান বিকেল ৩টায় বরিশালের বেলস পার্কে এক জনসভায় বক্তব্য রাখবেন। এরপর রাতে ঢাকা ফেরার পথে ফরিদপুরের প্রধান বাসস্ট্যান্ড, মানিকগঞ্জের ধামরাই এবং ইসলামপুর প্রাথমিক স্কুল মাঠে বক্তব্য রাখার কথা রয়েছে তার। দক্ষিণ ও উত্তরাঞ্চল সফরের পর খালেদা জিয়া গাজীপুর, টাঙ্গাইল ও ময়মিনসংহের বিভিন্ন স্থানে জনসভা শেষ করে শনিবার মধ্যরাতে ঢাকা ফেরেন। গত ১২ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে বিএনপি প্রধান আনুষ্ঠানিকভাবে এবারের নির্বাচনী প্রচার শুরু করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১২২১ ঘ.