চট্টগ্রাম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোববার চট্টগ্রামে যাচ্ছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।
তিনি নগরীর ডবলমুরিং ও হাটহাজারীতে জাতীয় পার্টি প্রার্থীর নির্বাচনী জনসভা ও পথসভায় ভাষণ দেবেন বলে দলের নেতারা জানিয়েছেন।
চট্টগ্রাম-৪ (হাটহাজারী) আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে মোরশেদ মুরাদ ইব্রাহীম এবার জাতীয় পার্টির পক্ষে নির্বাচনে অংশ নিচ্ছেন।
মোরশেদ মুরাদের ব্যক্তিগত সহকারী মুহাম্মদ রিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় পার্টি চেয়ারম্যান মহানগরী ও হাটহাজারীর বিভিন্ন এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন।
রিয়াদ বলেন, "রোববার সকালে ঢাকা থেকে এসে এরশাদ সকাল ৯টায় বাদালতলী মোড়ে চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী মোরশেদ মুরাদের পক্ষে প্রথম সভায় বক্তৃতা করবেন। এরপর নয়াবাজার, দেওয়ানহাট ও পাঁচলাইশসহ কয়েকটি পথসভা শেষ করে হাটহাজারী যাবেন। সেখানে তিনি আনিসুল ইসলাম মাহমুদের জনসভায় অংশ নেবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/০১৫২ ঘ.
bdnews24