২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমাণ ছাড়া কারচুপির অভিযোগ না করার আহ্বান ইইউ'র

আসন্ন নির্বাচন নিয়ে সম্ভাব্য কারচুপির অভিযোগ তোলার সময় সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ হাজির করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান আলেক্সজান্ডার গ্রাফ ল্যাম্বসডর্ফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 06:58 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচন নিয়ে সম্ভাব্য কারচুপির অভিযোগ তোলার সময় সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ হাজির করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান আলেক্সজান্ডার গ্রাফ ল্যাম্বসডর্ফ। রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার আয়োজিত 'মিট দ্যা প্রেস' অনুষ্ঠানে ল্যাম্বসডর্ফ বলেন, "তথ্য-প্রমাণ ছাড়া কোনো অভিযোগ না আনার জন্য আমি দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। ভিত্তিহীন অভিযোগ নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতাকে দুর্বল করা ছাড়া কোনো সুফল দেবে না।" রাজনৈতিক দলগুলোকে আচরণে আরও দায়িত্বশীল হওয়ার জন্যও আহ্বান জানান ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য। কোনো দলের হাতে তথ্য-প্রামাণসহ কোনো অভিযোগ থাকলে তা ইউরোপীয় মিশন কার্যালয়ে জমা দেওয়ার জন্য দলগুলোর প্রতি অনুরোধ জানান ল্যাম্বসডর্ফ। তিনি বলেন, "আমি আমি আশা করছি, ভয়-ভীতি ছাড়াই সবাই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণভাবে যে প্রস্তুতির কথা বলা হচ্ছে তাতে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা হওয়ার কথা নয়।" জরুরি অবস্থা প্রত্যাহারকে 'ইতিবাচক' অভিহিত করে এ জন্য তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ দেন পর্যবেক্ষণ দলের প্রধান। ল্যম্বসডর্ফ বলেন, "সেনাবাহিনী শুধু আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি দেখবে। কাজেই এ বিষয়টি আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানের পরিপন্থী হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/জেকে/০০৫০ ঘ.