২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১৬: নির্ধারক হতে পারেন শ্রমিক ও অবাঙালি ভোটাররা

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল নির্ধারণে প্রায় ৯০ হাজার পোশাক শ্রমিক ও নতুন ভোটার হওয়া প্রায় ৪০ হাজার অবাঙালি ভোটারই শেষ পর্যন্ত নির্ধারক হয়ে উঠতে পারেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানাচ্ছেন মোহছিনুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 06:35 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল নির্ধারণে পোশাক শ্রমিক ও অবাঙালি ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মিরপুর ১০ নম্বর সেকশন থেকে সেনানিবাস এলাকা পর্যন্ত বিস্তৃত এ আসনের তিন লাখ আট হাজার ভোটারের মধ্যে পোশাক শ্রমিকের সংখ্যা প্রায় ৮৯ হাজার। বিভিন্ন পর্যায়ে পরিবহন শ্রমিক রয়েছে প্রায় ১৫ হাজার। আর অবাঙালি ক্যাম্পের ভোটার সংখ্যা প্রায় ৪০ হাজার। এ আসনের ভোটার সংখ্যা । ভোটের এই হিসাব মাথায় রেখেই তুমুল প্রচারণায় নেমে পড়েছেন এ আসনের সাত প্রার্থী। বিশেষ করে প্রধান দুই জোটের প্রার্থীদের পক্ষে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে জোর গণসংযোগ। স্থানীয়দের মতে, এবারের নির্বাচনে মূল লড়াই হবে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগ নেতা ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও চারদলীয় জোটের প্রার্থী বিএনপি'র ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মধ্যে। ব্যারিস্টার রফিকও এ বিষয়টির সঙ্গে একমত। তবে ইলিয়াস মোল্লাহ মনে করেন, চারদলের প্রার্থী তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাতেও আসতে পারবেন না। ব্যারিস্টার রফিক মহাজোট প্রার্থী ইলিয়াস মোল্লাকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি আমার বন্ধুর ছেলে। আমার প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করছেন, তার সম্পর্কে কোনও মন্তব্য করতে চাই না।" অন্যদিকে ইলিয়াস মোল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। চারদলের প্রার্থী আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাতেই আসতে পারবেন না। কারণ তার কোনও কর্মকাণ্ডই আমার চোখে পড়ছে না।" ইলিয়াসের মতে, এ আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী হবেন তরিকত ফেডারেশন নেতা নজিবুল বশর মাইজভাণ্ডারী। বৃহত্তর মিরপুর এলাকা ভেঙে ঢাকা-১৪, ঢাকা-১৫ ও ঢাকা-১৬- এই তিনটি আসন করায় এবার নির্বাচনী হিসাব-নিকাশ খানিকটা বদরে গেছে। ২০০১ সালের নির্বাচনে বৃহত্তর মিরপুর আসনটিতে চারদলীয় জোটের প্রার্থী বিজয়ী হলেও এবারের নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে স্থানীয়দের মধ্যে। ঢাকা-১৬ আসনটি গঠিত হয়েছে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে। এর তিনটিতে স্থানীয় ওয়ার্ড কমিশনাররা বিএনপির সঙ্গে যুক্ত। আর ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার আব্দুর রব নান্নু ও সংরক্ষিত মহিলা কমিশনার সাহিদা তারেক দীপ্তি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গ সংশ্লিষ্ট। মিরপুর ১০ নম্বর সেকশন থেকে সেনানিবাস এলাকা পর্যন্ত বিস্তৃত এ আসনে ১০ নম্বর সেকশনের বিভিন্ন ব্লক, স্থানীয় অবাঙালি ক্যাম্প, বেনারশি পল্লী, ৬ নম্বর সেকশনের একাংশ, ৭ নম্বর সেকশন, দোয়ারীপাড়া, রূপনগর আবাসিক এলাকা, ১১ নম্বর সেকশন, কালশী, পল্লবী এলাকা, সাংবাদিক পল্লী, ১২ নম্বর সেকশন, বাউনিয়া বাঁধ, লালমাটি ও আলোকদি এলাকা রয়েছে। স্থানীয় বাসিন্দা জমির উদ্দিন বলেন, "আমাদের এলকার মূল সমস্যা হলো- সরকারি-বেসরকারি জমি দখল, চাঁদাবাজী, বস্তি ও মাদক। বিদ্যুৎ ও পানির সমস্যাতো রয়েছেই।" তিনি বলেন, "্আসন ভেঙে যাওয়ায় আগের কোনও সাংসদ এবার এখানে দাঁড়াতে পারেননি। কাজেই হিসাব পাল্টে গেছে। এবার যারা প্রার্থী হয়েছেন, তারা এসব সমস্যা সমাধানের প্রতিশ্র"তি দিয়ে যাচ্ছেন। দেখা যাক তারা কি করেন।" এ আসনে মহাজোটের প্রার্থী ইলিয়াসউদ্দিন মোল্লাহ সাবেক সাংসদ হারুনুর রশীদ মোল্লার ছেলে। ইলিয়াস নিজেও পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া মহানগর বিএনপির সহ-সভাপতি এখলাস উদ্দিন মোল্লাহ'র ছোট ভাই। মোল্লাহ পরিবারের সদস্যরা মিরপুরের সব মহলেই পরিচিত। অন্যদিকে চারদলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কুমিল্লার মুরাদনগরের সাবেক সাংসদ। ঢাকার বাংলামোটর এলাকায় তার একটি ফ্ল্যাট থাকলেও নির্বাচন সামনে রেখে তিনি মিরপুর ৭ নম্বর সেকশনের মিল্কভিটা রোডে মল্লিকা হাউজিংয়ে একটি বাসা ভাড়া নিয়েছেন। সেখান থেকেই চলছে তার নির্বাচনী প্রচারণা। এ আসনের বাকি প্রার্থীরা হলেন- যুক্তফ্রন্টের মাহফুজুর রহমান (কুলা), তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী (ফুলের মালা), ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের প্রধান প্রশিকা চেয়ারম্যান কাজী ফারুক আহমদ (চাবি), ইসলামী আন্দোলনের আবদুল মান্নান আজিজ (হাতপখা) ও বাসদের মীর মোশাররফ হোসেন (মই)। স্থানীয় অবাঙালি ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে খুব কমই এর আগে ভোটার ছিলেন। আদালতের আদেশে এবার এ ক্যাম্পের ভোটার সংখ্যা প্রায় ৪০ হাজার। স্থানীয় বিএনপির কর্মী মামুন বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, তার দল অবাঙালি ক্যাম্পের অধিকাংশ ভোট পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে পোশাক ও পরিবহন শ্রমিকদের ভোট নিয়ে চার দলীয় জোট খানিকটা চিন্তিত। এর কারণ হিসেবে মামুন বলেন, "নিম্ন আয়ের এসব ভোটার শেষ মুহূর্তে কোনো সুবিধার বিনিময়ে প্রভাবিত হতে পারে। এতে নির্বাচনের ফলাফলও প্রভাবিত হতে পারে।" অবাঙালি ক্যাম্পের ভোট নিশ্চিত করতে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড কমিশনার কাজী আলী ইমাম আসাদ স্থানীয় মুরুব্বীদের নিয়ে চার দলের পক্ষে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবাঙালি ক্যাম্পের ৯০ শতাংশ ভোট চারদল প্রার্থীর পক্ষে যাবে। কারণ, ব্যারিস্টার রফিক তাদের ভোটাধিকার পাওয়ার মামলার আইনজীবী ছিলেন। ওই মামলায় জয় পেয়েই তারা ভোটার হতে পেরেছেন।" অবশ্য তার এ বক্তব্যের সঙ্গে একমত নন অবাঙালি ক্যাম্পের বাসিন্দা ব্যবসায়ী রিয়াজ ও মাহবুব বাবুর্চি। বঙ্গবন্ধু শেখ মুুজিবর রহমানকে 'বাবা' উল্লেখ রিয়াজ বলেন, "বাবা বাবাই, শেখ সাহেব অনেক কষ্টে এই দেশের স্বাধীনতা এনেছেন। এ দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়ার সময় এ বিষয়টি আমাদের মনে রাখতে হবে।" অবশ্য আখতার নামের এক নতুন ভোটার বলেছেন, কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত তিনি এখনও নেননি। মিরপুর ১২ নম্বর সেকশনের রিকশাচালক সিরাজুল ইসলামের মতে, এ আসনের ভোটররা স্থানীয় প্রার্থীদের প্রাধান্য দেবে। এক্ষেত্রে মহাজোট প্রার্থী ইলিয়াস মোল্লাহই এগিয়ে থাকবেন। সিরাজুল বলেন, "ব্যারিস্টার সাব বাইরের লোক। দলের লোক ছাড়া এইহানের লোকজন তারে বেশি ভোট দিব না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এডি/ইএইচবি/জেকে/০০২৫ ঘ.