২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপছন্দের প্রার্থী আর টাকা ছড়ানোর অভিযোগ নিয়ে ঢাকা ১৪

প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ দিয়ে জমে উঠেছে ঢাকা-১৪ আসনের নির্বাচনী যুদ্ধ। এ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই জোটের দুজন এবং তাদের কারো ব্যাপারেই ভোটারদের নিঃশর্ত উচ্ছ্বাস নেই। জানাচ্ছেন সায়েদ তালাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 06:20 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

সায়েদ তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ দিয়ে জমে উঠেছে ঢাকা-১৪ আসনের নির্বাচনী যুদ্ধ। এ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই জোটের দুজন এবং তাদের কারো ব্যাপারেই ভোটারদের নিঃশর্ত উচ্ছ্বাস নেই। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে মহাজোটের প্রাথী মোঃ আসলামুল হক ও ধানের শীষ প্রতীকে চারদলীয় ঐক্যজোটের প্রার্থী এস এ খালেক পরস্পরের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেছেন। দুজনের কারও প্রতিই সন্তুষ্ট নয় স্থানীয় ভোটাররা। এ কারণে আসলে প্রার্থী দেখে নয়, প্রতীক দেখেই ভোট দেবেন বলে জানিয়েছেন বেশিরভাগ ভোটার। ঢাকা সিটি কর্পোরেশনের ৭,৮,৯,১০,১১ ও ১২ নং ওয়ার্ড নিয়ে ঢাকা-১৪ আসন। এর মধ্যে আছে মীরপুর, শাহআলী ও দারুস সালাম থানা। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ১৮৯ জন। এলাকায় বেশকিছু কলোনী, বস্তি ও তৈরি পোশাকশিল্প থাকায় বহু ভোটার অস্থানীয়। এই ভোটাররা মূলত মার্কা দেখেই ভোট দেবেন বলে তাদের অনেকের সঙ্গে আলাপকালে জানা গেছে। অন্যদিকে স্থানীয়রা অনেকেই ঐতিহ্যগতভাবে সামাজিক সিদ্ধান্তের মাধ্যমে ভোট দেন। অভিজ্ঞতায় অনেক এগিয়ে এস এ খালেক। এর আগে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ১৯৭৯, '৮৬ ও '৮৮ ও ২০০১ সালে মীরপুর এলাকা থেকেই সাংসদ নির্বাচিত হন তিনি। অপরদিকে তার এবারের প্রতিদ্বন্দ্বীরা কেউ এর আগে সাংসদ নির্বাচিত হননি। প্রধান প্রতিদ্বন্দ্বী আসলামুল হক আসলাম এবছরই প্রথম মনোনয়ন পেলেন। এস এ খালেকের জন্ম মীরপুরের বাগবাড়িতে। দারুস সালামে তার বাড়ি। আসলামের দাদাবাড়ি কেরানীগঞ্জের জয়নগরে হলেও তার জন্ম মীরপুরেরই গাবতলীতে। হলফনামা অনুযায়ী খালেকের নিজের ও স্ত্রী-পুত্রের নামে কয়েককোটি টাকার সম্পত্তি রয়েছে। অপরদিকে আসলামের সম্পদ প্রায় কোটির ঘরে। এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে ধারণা হয়, প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর কারো ব্যক্তিগত ভাবমূর্তি খুব ভালো নয়। অনেকেই বলেছেন, প্রার্থী পছন্দ নয় বলে ভোট তারা দিলেও দেবেন দলের মার্কা দেখেই। এস এ খালেকের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় শান্তিকমিটির সদস্য হিসাবে কাজ করার অভিযোগ আছে। যুদ্ধাপরাধ নিয়ে গবেষণাকারী 'ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি'-র রিপোর্টেও তার নাম রয়েছে। অন্যদিকে আসলামের বিরুদ্ধে বর্তমানে তিনটি ফৌজদারী মামলা চলছে। আরো দুইটি মামলা থেকে তিনি ইতোমধ্যে খালাস পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। হলফনামা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার অবস্থা কারোই বিশেষ ভালো নয়। খালেক মাত্র সাক্ষরজ্ঞান সম্পন্ন বলে হলফনামায় উল্লেখ করেছেন। আসলাম এদিকে একটু এগিয়ে। তিনি অষ্টম শ্রেণী পাস। বেলতলা বস্তিতে এক প্রার্থীর জনসভার একটু দূরে বসে বক্তব্য শুনছিলেন আব্দুস সালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রত্যেকবার নেতারা আইসাই তো এসব কথা বইলা যায়। কিন্তু পরে তো আর আসে না। বিএনপি সরকার তো আমাগো বস্তিই ভাইঙ্গা দিছিল। এইবার আবার খালেক সাব কন, আমাগো নাকি উন্নয়ন করব।" নির্বাচিত হলে গ্রামীণ ব্যাংক থেকে আগারগাঁও পঙ্গু হাসপাতাল ও আনসার ক্যাম্প থেকে কচুক্ষেত বাজার পর্যন্ত রাস্তা করে দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন এস এ খালেক। এছাড়া পাঁচশ শয্যার হাসপাতাল, একটি সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় ও মডেল বিদ্যালয় স্থাপনের প্রতিশ্র"তি দিয়েছেন তিনি। অন্যদিকে আসলামের অঙ্গীকার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, পোশাকশিল্পের নারী শ্রমিকের শিশুদের জন্যে একটি ডে কেয়ার সেন্টার, বস্তিতে কুটিরশিল্প স্থাপনের মাধ্যমে বেকারত্ব হ্রাস। সন্ত্রাস, দুর্নীতি,পানি-বিদ্যুৎ-গ্যাসের সমস্যা দূর এবং রাস্তাঘাটের উন্নতি করার প্রতিশ্র"তি দিচ্ছেন উভয় প্রার্থী। এ বছর খালেককে হারিয়ে বিপুল ভোটে জয়ের আশা করছেন আসলামুল হক আসলাম। তিনি বলেন, "এর আগের নির্বাচনে টাকার বিনিময়ে ভোট কিনে ও সরকারি সহায়তায় খালেক সাহেব নির্বাচিত হয়েছেন। বাজারে কথা উঠেছে, এ বছরও তিনি ভোট কেনার চেষ্টা করছেন। কিন্তু এবার আর সুবিধা হবে না। তাছাড়া এর আগে নির্বাচিত হয়ে তিনি এলাকার কোন উন্নয়ন করেননি। তাই এলাকার মানুষ বিকল্প খুঁজছে। তাছাড়া মানুষ স্বাধীনতা বিরোধীকে পছন্দ করে না। তাকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়েই আমি নির্বাচিত হব।" কিন্তু খালেক বলছেন, আসলামের জামানতই বাজেয়াপ্ত হবে। "তাইরে কেঠায় চেনে? আমি এ এলাকার চারবারের সাংসদ। এ এলাকায় রাস্তাঘাট, বেড়িবাধ আমি করেছি। আমার টাকা দিয়ে ভোট কেনার দরকার নেই। মানুষ এমনিতেই আমাকে চেনে। বরং কে টাকা দিয়ে ভোট কেনে, তার খোঁজ নেন-" জোরালো আত্মবিশ্বাস খালেকের কণ্ঠে। দুজনের কারো ওপরই ভোটারদের আস্থা তেমন না থাকলেও অভিজ্ঞ প্রার্থী খালেকের আগের মেয়াদে প্রতিশ্রতি পূরণ না হওয়ার অভিযোগ তুলে কেউ কেউ বলেছেন তারা এবার পরিবর্তনের পক্ষে ভোট দিয়ে দেখবেন কি হয়। মীরপুর পাইকপাড়ার আনোয়ার হোসেন তাদেরই একজন। তার কথায়," এর আগে দুই বার খালেক সাহেবকে ভোট দিয়েছি। কিন্তু এলাকার কোন কাজই হয়নি। দরকারের সময়ও তাকে পাইনি। এবার অন্য কোন প্রার্থীকে ভোট দেব। দেখি কিছু পাল্টায় কিনা।" তবে খালেকের শক্ত প্রতিদ্বন্দ্বী আসলামের বিরুদ্ধেও সন্ত্রাসের অভিযোগ থাকায় প্রধান দুই জোটের সমর্থক ভোটাররা কিছুটা দোটানায়ই ভুগছেন। এসব কারণেই এদের কাউকেই ভোট দেবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন শাহআলীর ব্যবসায়ী ফারুক উদ্দিন। তিনি বললেন, "ঢাকার মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হয় মীরপুরে। পানি নিয়া সমস্যার কথা তো বললামই না। আগের নির্বাচিতদের তা নিয়ে আসলে কোন মাথাব্যথা ছিল না। যেই ক্ষমতায় যায়, তার চেহারা পাল্টে যায়। এবার নতুন কোন প্রার্থী এলে তাকে ভোট দিতাম। কিন্তু এই প্রার্থীদের দেব কিনা জানি না। 'না' ভোটও দিতে পারি।" মীরপুর বাংলা কলেজের ছাত্রী আঁখি বললেন, "আমি এ বছরই প্রথমবার ভোট দেব। কিন্তু কাকে ভোট দেব? একজন যুদ্ধাপরাধী। আরেকজন সন্ত্রাসী। আর যারা আছে, তাদের কাউকেই নির্ভর করা যায় না। আমি ভেবেছি, এবার 'না' ভোট দেব।" এলাকার বেশ কয়েকজন তরুণ ভোটার 'না' ভোটের ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছেন। বিশেষ করে যারা এ বছরই প্রথম ভোটার হয়েছেন তাদের মধ্যে এ প্রবণতা বেশি। সোহেল নামের এক তরুণ ভোটার বলেন,"ভোটার যখন হয়েছি, ভোট দেব। যাকেই নির্বাচিত করব, সেই তো লুটপাট করবে। তাই 'না' ভোট দিয়ে আমার প্রতিবাদ জানাব।" এই আসনে আরো প্রার্থী হয়েছেন উদীয়মান সূর্য প্রতীক নিয়ে গণফোরামের ফেরদৌসী সুলতানা, গোলাপফুল প্রতীকে জাকের পার্টির মোঃ কায়সার হামিদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ হারুন অর রশিদ, হাতঘড়ি প্রতীকে বাংলাদেশ কল্যাণ পার্টির সালাউদ্দিন স্বপন এবং ফুলের মালা প্রতীকে বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডার। এ প্রার্থীদের বেশিরভাগ সম্পর্কে এলাকাবাসীর তেমন ধারণা নেই এ পর্যন্ত। জনসভার শ্রোতা বস্তিবাসী সালাম বলেন, সবনেতাই তাদের বস্তি থেকে লোক নিচ্ছেন। মিছিল করলেই বিশ টাকা পাওয়া যাচ্ছে। ভোটের সময় পাঁচশ টাকা করে দেওয়ার প্রতিশ্র"তি পেয়েছেন বলে জানালেন তিনি। টাকা দিয়ে ভোট কেনার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার আরো অনেকেই। এর আগের নির্বাচনগুলোতেও ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকা ছড়ানো হয়েছে বলে এলাকাবাসী। এ বছরও ভোট দিলে টাকা পাওয়া যাবে, এ রকম একটি খবর পেয়েছেন বলে জানালেন বেশ কয়েকজন বস্তিবাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এসকে/০০০৮ঘ.