২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন জেলায় ভোটারদের মুখোমুখি প্রার্থীরা

বিভিন্ন জেলার কয়েক আসনের সাংসদ প্রার্থীরা শনিবার ভোটারদের মুখোমুখি হয়ে সরাসরি তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এ সময় দুর্নীতি প্রতিরোধে একসঙ্গে কাজ করার, নির্বাচনী অঙ্গীকার পুরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্র"তি দেন প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 05:53 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন জেলার কয়েক আসনের সাংসদ প্রার্থীরা শনিবার ভোটারদের মুখোমুখি হয়ে সরাসরি তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এ সময় দুর্নীতি প্রতিরোধে একসঙ্গে কাজ করার, নির্বাচনী অঙ্গীকার পুরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্র"তি দেন প্রার্থীরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সচেতন নাগরিক কমিটি (সনাক), সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও রূপান্তর নামের বেসরকারি সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করে। আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদ- ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের পাঁচ প্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর মিলনায়তনে 'সঠিক প্রার্থী নির্বাচন' শীর্ষক ভোটারদের মুখোমূখী অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহাজোট প্রার্থী আওয়ামী লীগের লুৎফুল হাই সাচ্চু, গণফোরামের ডা. ফরিদ উদ্দিন আহমেদ, পিডিপির বোরহান উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের নিয়াজুল করীম এবং জাকের পার্টির সেলিম কবির। অনুষ্ঠানে চারদলীয় জোট প্রার্থী হারুন আল রশীদ উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক মুখলেছুর রহমান খান। রাজশাহী: রাজশাহী-২ (সদর) আসনের তিন প্রার্থী 'সঠিক প্রার্থী নির্বাচন' শীর্ষক এক এক অনুষ্ঠানে ভোটারদের সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এ সংলাপে উপস্থিত ছিলেন মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা, সিপিবি'র এনামুল হক এবং ইসলামী আন্দোলনের শাইখ মাহমুদ ইলিয়াস। ফজলে হোসেন বাদশা বলেন, আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় করে তাদের সাংবিধানিক স্বীকৃতি, গণমুখী শিক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং শিল্পকারখানা প্রতিষ্ঠা করে বেকারত্ব হ্রাসে পার্লামেন্টে ভূমিকা রাখবেন। এনামুল হক বলেন, নির্বাচিত হলে যুব সমাজকে ধংসের হাত থেকে রক্ষায় মাদক নির্মূল ও বেকারত্ব হ্রাসে কাজ করবেন। বাধা সত্ত্বেও দেশের স্বার্থ বিরোধী কোনো আইন করলে সংসদ থেকে পদত্যাগ করবেন। ইসলামী আন্দোলনের শাইখ মাহমুদ ইলিয়াস ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে তা প্রতিষ্ঠার জন্য সংসদে দাবি উত্থাপন করার প্রতিশ্র"তি দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক রেজিস্ট্রার ও সনাক সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে সংলাপে সংলাপে স্বাগত বক্তব্য রাখেন রাবির অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান সজল। এছাড়া সুজনের রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক নুরুল হক, সমাজ সেবা দপ্তরের সাবেক উপ-পরিচালক মোজাম্মেল হক, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখঞ্জী, ডা. জাহিদ, মহিলা পরিষদের জেলা সভাপতি আবেদা রায়হান বুলি, সম্পাদিকা কল্পনা রায়, এনজিও কর্মী আফজাল হোসেন বক্তব্য রাখেন। নতুন ভোটার, সাংবাদিক, সমাজকর্মী, উন্নয়নকর্মী, এনজিও কর্মী ব্যবসায়ী ও পেশাজীবীসহ প্রায় অর্ধশত ব্যক্তি সংলাপে উপস্থিত প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন। গাইবান্ধা: একই মঞ্চে দাঁড়িয়ে অনিয়ম-দুর্নীতির উর্ধে থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে দেশের উন্নয়নে কাজ করার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার করলেন গাইবান্ধা-২ (সদর) আসনের পাঁচ সংসদ সদস্য প্রার্থী। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর গাইবান্ধা জেলা কমিটি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহাজোট প্রার্থী মোছা. মাহবুব আরা বেগম গিনি, চারদলীয় জোটের অবসরপ্রাপ্ত কমোডর শফিক-উর-রহমান, বাসদের মনজুর আলম মিঠু, জাসদের খন্দকার মঞ্জুরুল করিম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের এ.কে.এম. বিন কাশেম চৌধুরী। সুজনের জেলা সভাপতি অধ্যাপক মাজহার উল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রার্থীরা উপস্থিত ভোটারের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান শেষে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক মাজহার উল মান্নান। কিশোরগঞ্জ: দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা গড়ে তোলা, সংসদকে কার্যকর করা, জনস্বার্থ বিরোধী আইন বাতিল, মুক্তিযোদ্ধা ও নারী উন্নয়ন এবং নির্বাচনী অঙ্গীকার পূরণসহ ১২টি বিষয়ে অঙ্গীকার করেছেন কিশোরগঞ্জ-৩ (কারিমগঞ্জ-তাড়াইল) আসনের প্রার্থীরা। কমিরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুশানের জন্য নাগরিক (সুজন) আয়োজিত জনগণের মুখোমুখি এক অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চারদলীয় জোট প্রার্থী জাহাঙ্গীর আলম মোল্লা, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান বিপ্লব ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবুল খালেক শেখ। সুজন করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু আনিস ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও সঞ্চালক ছিলেন সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। গাজীপুর: কালো টাকা পেশীশক্তি মুক্ত নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের পাঁচ প্রার্থী। নির্বাচনে যিনিই জয়লাভ করবেন তাকে সহযোগিতার প্রতিশ্র"তি দিয়ে দেশ ও এলাকার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করার অঙ্গীকারও করেন তারা। শনিবার বিকেলে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 'জনতার মুখোমুখি' শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে কাপাসিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহাজোটের তানজিম আহমদ, চারদলীয় জোটের মোহাম্মদ আবদুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আজাহার হোসেন খান, স্বতন্ত্র মাহমুদুল আলম খান ও ফরিদা ইয়াসমীন। সুজনের কাপাসিয়া উপজেলা কমিটির সভাপতি হারুন অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠান শেষে শপথ বাক্য পাঠ করান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুজনের সহ-সভাপতি হাফিজ উদ্দিন খান। বাগেরহাট: বাগেরহাটের তিনটি আসনের সংসদ সদস্য প্রার্থীরা শনিবার সকালে এক মতবিনিময় সভায় ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শহরের স্বাধীনতা উদ্যান মুক্ত মঞ্চে প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে 'নারীর বিরুদ্ধে সংঘটিত বৈষম্য ও নির্যাতন বন্ধে সাংসদদের ভূমিকা' শীর্ষক এই মতবিনিময় সভা হয়। বেসরকারি সংস্থা 'রূপান্তর' এর 'আমরাই পারি' শ্লোগানের প্রচারাভিযানের বাগেরহাট জেলা এলায়েন্স এ সভা আয়োজন করে। অনুষ্ঠানে নারীর রাজনৈতিক অধিকার, মানবাধিকার, সম্পত্তিতে অধিকার, নারীর প্রতি প্রতিশোধমূলক নির্বাচনী সহিংসতা, পারিবারিক নির্যাতন প্রতিরোধ, প্রচলিত বিচার পদ্ধতির মধ্যে বিচারপ্রার্থী নারীর সম্মান রক্ষা, কর্মজীবী নারীর সমস্যা, নারীর স্বাস্থ্য, শিক্ষা, কর্মমুখী নারী শিক্ষার প্রসার এবং নারীকে কুসংস্কার মুক্ত করাসহ বিভিন্ন বিষয়ে বিদ্যমান আইন সংশোধন ও নতুন আইন প্রণয়নে নবম জাতীয় সংসদে ভূমিকার ওপর প্রশ্ন করেন উপস্থিত এলায়েন্সের সদস্য, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের চারদলীয় জোট প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান, বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের মহাজোট প্রার্থী মীর শওকাত আলী বাদশা, এলডিপি'র চাষি সাঈদুর রহমান, বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের চারদলীয় জোট প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ এবং মহাজোটের নারী প্রার্থী আওয়ামী লীগ নেত্রী হাবিবুন্নাহার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৩৪ ঘ.