ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত ৮টার দিকে ওই হামলায় শিশু ও মহিলাসহ নয়জন আহত হয়েছে বলে দাবি করেছেন হামলার শিকার সদর উপজেলার বুধুন্তী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন। তিনি দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মহাজোট প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় কয়েকদিন ধরেই বিএনপির নেতা-কর্মীরা তাকে হুমকি দিয়ে আসছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
শুক্রবার রাতে ভোলায় বিএনপির নির্বাচনী মিছিলে হামলায় ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার আলীনগর গ্রামের জামালউদ্দিনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের সময় আহতরা হলেন- মুতিয়া বেগম, রাবেয়া বেগম, সেলিনা আক্তার, বাচ্চু মিয়া, মো. জজ মিয়া, গোলাপ খাঁ, আনোয়ার হোসেন, রাসেল মিয়া ও মো. সাগর মিয়া।
এদের মধ্যে বাচ্চু মিয়া ও জজ মিয়াকে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মহাজোট প্রার্থী সায়েদুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে কয়েকদিন ধরেই বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাকে হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় বিএনপির ৪০/৪৫ জন নেতা-কর্মী মিছিল করে আমার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।"
ভোলা প্রতিনিধি জানান, শুক্রবার রাতে দৌলতখান উপজেলার গুপ্তগঞ্জ বাজারে বিএনপির একটি নির্বাচনী মিছিলে হামলায় ৩০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুলাল (২০), হেলাল (৩০), কামাল (২৫), শাজাহান (৪৫), শাহে আলম (৫০), জুয়েল (২০), শহিদ (৪০), বসু (৩৫), কামাল (৫০), ইব্রাহিম (৩০), আক্তার (৪০), শাজাহান সর্দার (৬৫), নশু (৩০), আলমগীর মাঝি (৫০), মোস্তফা (৩০), সিরাজ (২৫), লাল মিয়া (২০), মাহফুজ (২০), জিয়াউদ্দিন (২৫), রুবেল (১৫), নান্নু সারেং (৩৫), নুরে আলম (২৬), আওলাদ (২৫), আকরাম (২২) ও ইউসুফকে (২০) দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির একটি নির্বাচনী মিছিল তালপাতা বাজার থেকে গুপ্তগঞ্জ দক্ষিণ মাথা হয়ে ঘোষের হাটের দিকে যাচ্ছিল। পথে কামাল কোম্পানির বাড়ির দরজায় এলে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনের নেতৃত্বে মিছিলে হামলা চালানো হয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
ভোলা-২ (দৌলতখান) আসনের চারদলীয় জোট প্রার্থী আশিকুর রহমান শান্ত জানান, আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বাবুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলা কথা শুনেছি। তবে আমি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানি না।
তবে তিনি বিএনপির অভিযোগের ব্যাপারে কিছু বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৪ ঘ.
bdnews24