২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় গেলে ব্যবসাবান্ধব নীতি প্রবর্তন করা হবে: খালেদা

ক্ষমতায় গেলে ব্যবসাবান্ধব নীতি প্রবর্তনের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার টাঙ্গাইলের গোপালপুর থানায় সূতী বিএম হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

টাঙ্গাইল, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে ব্যবসাবান্ধব নীতি প্রবর্তনের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার টাঙ্গাইলের গোপালপুর থানায় সূতী বিএম হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন। দক্ষিণ ও উত্তরাঞ্চলের পর নির্বাচনী প্রচার চালিয়ে বিএনপি চেয়ারপারসন শনিবার মধ্য-উত্তরাঞ্চলের গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলে প্রচার চালাচ্ছেন। জনসভায় খালেদা জিয়া বলেন, "গত দুই বছরে ব্যবসা-বাণিজ্য ভেঙে পড়েছে; রপ্তানি কমে গেছে। আমরা নির্বাচিত হলে স্বাধীনভাবে ব্যবসার স্বার্থে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ব্যবসাবান্ধব নীতি প্রবর্তন করবো। আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী বাজার সৃষ্টির উদ্যোগ নেবো।" ২৯ জানুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটারদের কাছে আহ্বান জানান তিনি। খালেদা জিয়া শনিবার এ সফরের প্রথম জনসভাটি করেন গাজীপুরের কোনাবাড়িতে। এরপর পর্যায়ক্রমে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইলের বাসাইলের গরুর হাট মাঠে অ্যাডভোকেট আহমেদ আজম খান, কালিহাতী ডিগ্রি কলেজ মাঠে মো. লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল সদর বাসস্ট্যান্ডে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান, ঘাটাইলে উচ্চ বালক বিদ্যালয় মাঠে লুৎফর রহমান খান আজাদ এবং মধুপুরে রাণী পাইলট হাইস্কুল মাঠে ফকির মাহবুবের আনাম স্বপনের সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। সবকটি জনসভায় ব্যাপক জনসমাগম হয়। দলীয় কর্মী সমর্থকরা পোস্টার, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন হাতে নেত্রীকে স্বাগত জানান। এসব জনসভায় খালেদা জিয়া নাম উল্লেখ না করে বিএনপি'র বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে দাবি করে বলেন, "যারা লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে ২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচনকে বাতিল করেছে, তারা অন্যের হাতে ক্ষমতা দিয়ে রোবটের মতো দেশ পরিচালনা করতে চায়।" ওই দলটির ব্যাপারে জনগণ ও ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, "২৯ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তাই এবার আর ভুল করবেন না; সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করুন। বিএনপির হাতে দেশ নিরাপদ, এজন্য বারবার জনগণ বিএনপিকে ভোট দিয়েছে।" তিনি সার, কীটনাশকসহ কৃষি উপকরণ ও দ্রব্যমূল্য কমিয়ে আনা, তাঁত শিল্পের উন্নয়ন, চরাঞ্চলে হাসপাতাল স্থাপন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নসহ নানা প্রতিশ্র"তি দেন। টাঙ্গাইলের গোপালপুর সূতী ভিএম হাইস্কুল মাঠে দলের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ভোট চেয়ে খালেদা জিয়া বলেন, "আব্দুস সালাম পিন্টুর এ আসনে প্রার্থী হওয়ার কথা ছিল। তাকে ষড়যন্ত্র করে আটক রাখা হয়েছে।" আওয়ামী লীগের জনসভায় ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা মামলার অন্যতম প্রধান আসামি আব্দুস সালাম পিন্টু। এ মামলায় তিনি আটক আছেন। এর পর ময়মনসিংহের মুক্তাগাছায় আরকে হাইস্কুল মাঠে দলীয় প্রার্থী জাকির হোসেন ও ময়মনসিংহ সার্কিট হাউস ময়দান ও ত্রিশাল নজরুল একাডেমি মাাঠে নির্বাচনী জনসভায় খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের জনসভায় জেলার ১১টি আসনের প্রার্থী আফজাল এইচ খান, শাহ শহীদ সারওয়ার, এম ইকবাল হোসেইন, একেএম মোশাররফ হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, শামছ উদ্দিন আহমেদ, ডা. মো. মাহবুবুর রহমাান, শাহ নূরুল কবির, খুররম খান চৌধুরী, মো. ফজলুর রহমান সুলতান ও ফখরুদ্দীন আহমেদ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। এর আগে গাজীপুরের কোনাবাড়ি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় খালেদা জিয়া বলেন, "গত দুই বছরে দেশের মানুষ অনেক দুঃখ-যন্ত্রণা ভোগ করেছে। এ অবস্থার অবসান ঘটাতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবার ক্ষমতায় পাঠাতে হবে।" স্বাধীনতার পর আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, "ওই সময় দেশ গণতন্ত্রহীন ছিল; চারটি পত্রিকা ছাড়া আর সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়।" ওই জনসভায় গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, গাজীপুর-২ আসনের প্রার্থী হাসানউদ্দিন সরকার ও গাজীপুর-৩ আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নানের জন্য ভোট চান খালেদা জিয়া। জনসভা শেষে খালেদা জিয়ার গাড়িবহর টাঙ্গাইলের পথে রওনা হয়। পথে টাঙ্গাইলের সখীপুরের নলুয়াবাজারে এক পথসভায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খানের জন্য ভোট চান তিনি। টানা তিন দিন উত্তরাঞ্চল সফর শেষে শুক্রবার ঢাকা ফেরেন খালেদা জিয়া। ওই অঞ্চলে রাতভর প্রচারণা চালান তিনি। ফলে গাজীপুরে জনসভায় বক্তব্য রাখার সময় খালেদা জিয়ার কণ্ঠস্বর ভাঙা শোনাচ্ছিল। গত ১২ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে বিএনপি প্রধান আনুষ্ঠানিকভাবে এবারের নির্বাচনী প্রচার শুরু করেন। প্রথমেই তিন দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৯২৭ঘ.