২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নারী প্রার্থীকে সমর্থন দেবে 'উইমেন ইন পলিটিকস'

নবম জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের প্রচার ও আইনগত সহযোগিতা দেবে 'উইমেন ইন পলিটিকস' নামের একটি সংগঠন। এছাড়া তিনজন নারী প্রার্থীকে নির্বাচনে সরাসরি সমর্থন দেবে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের প্রচার ও আইনগত সহযোগিতা দেবে 'উইমেন ইন পলিটিকস' নামের একটি সংগঠন। এছাড়া তিনজন নারী প্রার্থীকে নির্বাচনে সরাসরি সমর্থন দেবে সংগঠনটি। শনিবার বিজয় নগরে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে 'উইমেন ইন পলিটিকস' কর্তৃপক্ষ এ কথা জানায়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়ে শোনান সদস্য সচিব সৈয়দ ফাতেমা সালাম বানু। এতে বলা হয়, গত ২৪ মে 'নারীর নেতৃত্বে, নারীর দ্বারা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, অগ্রগতি এবং স্থিতিশীল রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠায় নারী পুরুষের সম অংশীদারিত্ব প্রতিষ্ঠা'র স্লোগান নিয়ে 'উইমেন ইন পলিটিকস' গঠিত হয়। ইতোমধ্যে পাঁচটি বিভাগে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছে এ সংগঠন। ফাতেমা জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনজন নারী প্রার্থীকে সরাসরি সমর্থন দিচ্ছে 'উইমেন ইন পলিটিকস'। এই তিন প্রার্থী হলেন- ঢাকা-৭ আসনে বিকল্প ধারার প্রার্থী আজমেরি বেগম ছন্দা, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসমিম রানা ও ঝিনাইদহ-২ আসনে জাসদের প্রার্থী রেহানা আক্তার হীরা। 'উইমেন ইন পলিটিকস' এর লিখিত বক্তব্যে আরো বলা হয়, "নারীর অধিকারই যেখানে মুখের বুলি, সেখানে নারীর ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি গৌণ। আর এ লক্ষ্যেই 'উইমেন ইন পলিটিকস' রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সব পর্যায়ে নারী-পুরুষের সম ক্ষমতা এবং কর্তৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে যাবে।" সংগঠনের প্রধান মুখপাত্র মেহজাবীন রহমান নারীদের প্রতি আরো বেশি সংখ্যায় রাজনৈতিক অঙ্গনে এগিয়ে আসার আহ্বান জানান। অন্যদিকে সব রাজনৈতিক দলের প্রতি তিনি তাগিদ দেন যোগ্যতা ও মেধার ভিত্তিতে নারীদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য। দেশের সব আসনের নারী প্রার্থীদের নির্বাচনী অবস্থা জানার জন্য সংগঠনটির একটি মনিটরিং সেল আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালাবে বলেও অনুষ্ঠানে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এসকে/১৮৩৪ঘ.